পঞ্চায়েতের পাঠোন্মোচন ও লেখক আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠোন্মোচন অনুষ্ঠানে অতিথি ও লেখকেরা
পাঠোন্মোচন অনুষ্ঠানে অতিথি ও লেখকেরা

নিউইয়র্কের ব্রঙ্কসে পঞ্চায়েতের পাঠোন্মোচন উপলক্ষে হয়ে গেল এক জম্পেশ লেখক আড্ডা। আসরকে কেন্দ্র করে ২৬ জানুয়ারি ব্রঙ্কসের বাংলাবাজার অ্যাভিনিউতে বসেছিল কবি, সাহিত্যিকদের মিলনমেলা। সন্ধ্যা নামতেই নির্ধারিত ভেন্যু সাহিত্যপ্রেমীদের পদভারে মুখরিত হয়ে ওঠে।

নর্থ আমেরিকান বাংলাভাষী লেখকদের সংগঠন পঞ্চায়েত-এর নিয়মিত এ আয়োজন উপলক্ষে পঞ্চায়েত প্রকাশ করেছে নান্দনিক এক লিটল ম্যাগাজিন। এ নিয়ে পঞ্চম সংখ্যা প্রকাশিত হলো। অনুষ্ঠানের শুরুতেই এর মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আসরে উপস্থিত কবি, সাহিত্যিক ও পঞ্চায়েতের শুভানুধ্যায়ীরা।

হাবীব ফয়েজির সঞ্চালনায় অনুষ্ঠানটিকে চারটি পর্বে ভাগ করা হয়। দ্বিতীয় পর্বে ছিল প্রকাশিত লিটলম্যাগ নিয়ে কবি এ বি এম সালেহ উদ্দিনের পর্যালোচনা, ‘লিটল ম্যাগাজিন প্রকাশ এবং এর বিকাশধারার ইতিহাস’ নিয়ে ফারুক ফয়সলের গবেষণাধর্মী আলোচনা ও নিউইয়র্কের বাংলা সাহিত্য নিয়ে ফকির ইলিয়াসের আলোচনা। তৃতীয় পর্বে ছিল কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানে লেখক ও প্রাবন্ধিক ফারুক ফয়সল বলেন, প্রথা ও প্রতিষ্ঠান বিরোধিতায় লিটল ম্যাগাজিন বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলা সাহিত্যও তার ব্যতিক্রম নয়। প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে এসব লিটল ম্যাগাজিনের স্থায়িত্ব কম হলেও এর গুরুত্ব ও ব্যাপ্তি বিশাল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পঞ্চায়েতের কবি মাসুম আহমেদ ও কবি হাবিব ফয়েজি। আসরে আবৃত্তি করেন মেহের চোধুরী, কামরুন নাহার, জান্নাতুল আরা, তাহমিনা শহিদ, হাবিব ফয়েজি, মনজুর কাদের, মাকসুদা আহমদ, সালেহীন সাজু, নাসির উল্লাহ, আব্দুস শহিদ, ফারহানা ইলিয়াস তুলি, স্বপ্ন কুমার, পল্লব সরকার, জুলি রহমান, সোনিয়া কাদির, কবিতা হোসেইন, বেনোজির শিকদার, মিশুক সেলিম, আহমেদ ছহুল, তাহরিনা পারভিন প্রীতি, পলি শাহিনা, শাম্মি আক্তার, সারওয়ার চৌধুরী, রওশন হাসান, মুখলেসুর রহমান, বদরুজ্জামান রুহেল ও ফারুক ফয়সল।