পণ্ডিত রামকানাই দাশের জন্মবার্ষিকী অনুষ্ঠান ৫ মে

বাংলার লোক এবং উচ্চাঙ্গসংগীতের গুরু একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী ঘটা করে পালিত হবে নিউইয়র্কে। সংগীত পরিষদ নিউইয়র্ক জ্যাকসন হাইটসের তাদের কার্যালয়ে আগামী ৫ ও ৬ মে এ জন্মবার্ষিকীর আয়োজন করছে। কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে সংগীত কর্মশালা। দ্বিতীয় দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিষদের শিক্ষার্থী ছাড়াও প্রবাসের বিশিষ্ট সংগীতশিল্পীরা যোগ দেবেন।
সবার জন্য উন্মুক্ত সংগীত প্রশিক্ষণে বেহালাবাদন ও কণ্ঠসাধনের নিয়মকানুন শেখানো হবে। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন সংগীত পরিষদের সভাপতি কাবেরী দাশ এবং পণ্ডিত রামকানাই দাশের দুই দৌহিত্রী পারমিয়া মুমু ও শ্রুতিকনা। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রোখসান আরা, শিরিন রহমান ও তাহরিনা পারভিন প্রীতি।