পতাকা থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আইনসভা ভবন থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা নামিয়ে ফেলার পক্ষে রাজ্যের প্রতিনিধি পরিষদেও বিল পাস হয়েছে। টানা ১৩ ঘণ্টা তুমুল বিতর্কের পর গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে বিলটি পাস হয়। এর আগে সোমবার রাজ্যের সিনেট এটি পাস করে। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি ৯৪-২০ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে বিদ্রোহী পক্ষের ব্যবহৃত পতাকাটিকে অনেকে দাসপ্রথা ও বর্ণবাদের প্রতীক হিসেবে বিবেচনা করেন। আবার দক্ষিণাঞ্চলের অনেকে একে দেখেন সে অঞ্চলের ঐতিহ্য হিসেবে। সম্প্রতি গির্জায় গুলি চালিয়ে নয়জন কৃষ্ণাঙ্গকে হত্যা করা এক বর্ণবাদী শ্বেতাঙ্গ তরুণের কনফেডারেট পতাকা হাতে ছবি প্রকাশিত হলে এটি অপসারণের দাবি জোরালো হয়।
এএফপি