পথরোধের অভিযোগ

এবার বাল্টিক সাগরে রুশ যুদ্ধবিমানের বিরুদ্ধে মার্কিন নজরদারি বিমানের পথ রোধ করার অভিযোগ করেছে পেন্টাগন। ওই অঞ্চলে চলতি মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় মুখোমুখি হওয়ার ঘটনা। পেন্টাগন বলেছে, আন্তর্জাতিক আকাশসীমায় গত শুক্রবার এক নিয়মিত টহলে উড়ছিল মার্কিন বিমানবাহিনীর আরসি-১৩৫ বিমান। এ সময় রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ মার্কিন বিমানটির পথ রোধ করে। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রুশ যুদ্ধবিমান মার্কিন বিমানটির ৩০ মিটারের মধ্যে চলে এসেছিল। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এ অভিযোগ নাকচ করে বলেন, মার্কিন নৌবাহিনীর এক জাহাজকে নিরাপদ দূরত্ব থেকে প্রত্যক্ষ করছিল তাদের বিমান। রাশিয়া পাশ্চাত্যের মিত্র ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া তথা পূর্ব-পশ্চিম সম্পর্কের সার্বিক অবনতির প্রেক্ষাপটে বিগত দুই বছরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক বিরোধ বেড়েছে।
রয়টার্স