প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি গুরুতর হ্যাকিংয়ের শিকার মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দপ্তরের (ওপিএম) পরিচালক ক্যাথারিন আর্চুলেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবারই তাঁর সরে দাঁড়ানোর কথা। মার্কিন সরকারের তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা অন্তত ২ কোটি ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে—এ খবর প্রকাশের পরপরই ওপিএম-প্রধানের পদত্যাগের খবর এল। মার্কিন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, আগের ধারণার চেয়ে পাঁচ গুণেরও বেশি মানুষ ওই সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় সন্দেহের আঙুল উঠেছিল চীনের দিকে, যারা ইতিমধ্যে তা অস্বীকার করেছে। ওপিএম জানিয়েছে, যাঁদের তথ্য হ্যাকারদের খপ্পরে পড়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সরকারি চাকরিপ্রার্থী, সরকারি ঠিকাদার ও তাঁদের ১০ লাখেরও বেশি সঙ্গী বা সঙ্গিনী।
বিবিসি