পদে পদে মৃত্যুর ঝুঁকি সীমান্তে কষ্টের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে ইমিগ্রান্ট বা অভিবাসীদের প্রবাহ ঠেকাতে মেক্সিকোয় কড়াকড়ি শুরু হয়েছে। সে দেশে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে ২ জুলাই দিনভর বিক্ষোভ হয়েছে। আমেরিকায় আসার পথে মেক্সিকোতে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে ১২ জন বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। মেক্সিকো কারাগারে ঠিক কী পরিমাণ বাংলাদেশি আছেন, তার কোনো তথ্য কারও কাছে নেই।

ভ্যান গাড়ি করে সীমান্ত দিয়ে প্রবেশের আগে গুয়াতেমালা থেকে এক বাংলাদেশি অভিযাত্রী প্রথম আলো উত্তর আমেরিকাকে জানিয়েছেন, তাঁর জানামতে কয়েক শ বাংলাদেশি মেক্সিকো সীমান্তে আছেন। আমেরিকার সীমান্তে এসে গ্রেপ্তার হয়েছেন অনেকে। এরই মধ্যে বাংলাদেশ থেকে আসা অপ্রাপ্ত বয়স্ক কিশোরও আছেন। বাংলাদেশি এসব অভিযাত্রীর পাসপোর্ট ও জন্মসনদে দেওয়া জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায়

তাদের দাঁত পরীক্ষা করে বয়স নির্ধারণ করা হচ্ছে।

আমেরিকার স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। বিপজ্জনক পথ পাড়ি দিয়ে এসব অভিযাত্রী অনেকেরই স্বপ্নের দেশে আশার পথে স্বপ্নভঙ্গের ঘটনা ঘটছে। পানিতে ডুবে অনেকের মৃত্যু হচ্ছে, অনেকে দালালদের খপ্পরে পড়ে নিগৃহীত হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকে আবার দুর্গম পথ পাড়ি দিয়ে আমেরিকায় এলেও আটকা পড়ছেন নির্জন ডিটেনশন বা আটক কেন্দ্রে।

আটক বাংলাদেশিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কিশোরও আছে। বয়স ১৮ বছরের নিচে—এমন শতাধিক আমেরিকা অভিযাত্রী বাংলাদেশি কিশোরের বয়স নির্ধারণ নিয়ে খোদ আমেরিকায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

সাধারণত সীমান্তে আটক ১৮ বছরের কম বয়সী কিশোরদের ফেডারেল সরকার অফিস অব রিফিউজি সেটেলমেন্টের (ওআরএস) হেফাজতে রাখে। ওআরএসের কাজ হচ্ছে, অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের দেখাশোনা করা। পরবর্তী সময়ে যেন তারা পরিবারের সঙ্গে মিলিত হতে পারে, তা নিশ্চিত করা। আর যেসব অভিবাসীর বয়স ১৮ বছরের বেশি, তাঁদের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে কারাবন্দী রাখা হয়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অভিবাসী কমাতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমেরিকার ফেডারেল সরকার দাঁত পরীক্ষা ও হাড়ের এক্স-রে করে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণের চেষ্টা করছে। ফলে, বাংলাদেশ থেকে আসা অনেক অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে প্রাপ্তবয়স্কদের সঙ্গে আইসের কারাগারে হস্তান্তর করা হচ্ছে।

গত সপ্তাহে ডেমোক্র্যাট দলের কিছু নেতা ও মানবাধিকার সংস্থার লোকজন মেক্সিকো সীমান্তে কয়েকটি বন্দিশিবির পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। এসব বন্দিশিবিরে লোকজনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং ধারণক্ষমতার বেশি লোক রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্য ও পানিসহ মৌলিক জিনিসপত্রের ব্যবস্থা নেই।

ডেমোক্র্যাট রাজনীতিকেরা টেক্সাসে ওসব আটক কেন্দ্র পরিদর্শনের পর অভিযোগ করেন, অভিবাসীদের টয়লেটের পানি পান করতে বাধ্য করা হচ্ছে।

অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যদি অবৈধ অভিবাসীদের এই অবস্থা ভালো না লাগে তাদের বলে দিন, তারা যেন না আসে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের সীমান্তরক্ষীরা হাসপাতাল কর্মচারী, ডাক্তার অথবা নার্স নয়। তারা সীমান্তে তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন। অবৈধ লোকজন বন্দীশালায় যে পরিবেশে আছে, তারা তাদের দেশে তার চেয়ে ভালো ছিল না।’

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্যমতে, গত বছর আমেরিকার বর্ডার পুলিশ মোট ১ হাজার ২০৩ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে। এঁদের মধ্যে ১৫০ জন নিজেদের অপ্রাপ্তবয়স্ক দাবি করেছে। কিন্তু ফেডারেল সরকার সে দাবির তোয়াক্কা না করে দাঁতের পরীক্ষা ও হাড়ের এক্স-রে করে বয়স নির্ধারণ করে তাদের আইসের কারাগারে হস্তান্তর করেছে। এ কারণে অনেকেই কারাগারে মাসের পর মাস মানবেতর জীবনযাপন করছে।

আমেরিকার ফেডারেল আইনে শুধু দন্ত পরীক্ষা ও হাড়ের এক্স-রে করে বয়স নির্ধারণ করার ওপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু সে আইন এসব বাংলাদেশি অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর ক্ষেত্রে মানা হচ্ছে না। ফরেনসিক পরীক্ষা করে বয়স নির্ধারণ করা সন্দেহাতীত নয়। মার্কিন বিশেষজ্ঞদের মতে, দাঁতের পরীক্ষা ও হাড়ের এক্স-রে’র মাধ্যমে নির্ভুলভাবে বয়স নির্ধারণ করা যায় না।

ইউটি হেলথ স্যান অ্যান্টোনিয়োর ডিরেক্টর অব দ্য সেন্টার ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ ড. ডেভিড সিন বলেছেন, ‘ফরেনসিক পরীক্ষা করে সঠিক বয়স নির্ধারণ করা অসম্ভব। আমরা শুধু আগের পরিসংখ্যান বিচার করে একটি ধারণার কথা বলি।’

অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশিদের কারাবাস, সীমান্ত দিয়ে বাংলাদেশিদের মরণপণ অভিযাত্রা—এসব নিয়ে লসঅ্যাঞ্জেলেস টাইমস সম্প্রতি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশিদের জন্মসনদ থেকে শুরু করে আদম পাচারকারী, ভুয়া পাসপোর্ট—এসবের কথাও বলা হয়েছে।

আমেরিকায় বসবাসরত রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ লসঅ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, বাংলাদেশিরা নানা কারণে দেশ ছাড়ছে। এর মধ্যে জনসংখ্যার আধিক্য, যুব কর্মীদের মধ্যে ব্যাপক বেকারত্ব, রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং উন্নত জীবনের প্রত্যাশাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকার অপেক্ষায় আছেন বাংলাদেশি শিরিল আলম (২৪)। তিন মাস ধরে দালালের মাধ্যমে তিনি ব্রাজিল থেকে আমেরিকায় ঢোকার চেষ্টা করছেন। নানা বিপজ্জনক পথ পেরিয়ে শিরিল ২ জুলাই গুয়াতেমালা থেকে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেছেন। জানিয়েছেন, ভয়ংকর অভিযাত্রার কথা। মেক্সিকোতে প্রবেশের পর এ বাংলাদেশি অভিযাত্রীর পরিণতি কী হয়েছে, তা জানা যায়নি। বিপুল অঙ্কের টাকা দিয়ে দালালের মাধ্যমে এসেছেন। এসব দালাল দেশের পর দেশে হাতবদল করছে। সর্বত্র মৃত্যুর ভয়, গ্রেপ্তারের ভয়।

দক্ষিণ আমেরিকার নানা দেশের কারাগারে বহু আমেরিকা অভিযাত্রী আছেন বলে শিরিল প্রথম আলোকে জানালেন। বললেন, দালাল তাঁকে বলেছেন, আমেরিকা সীমান্তে আসার পরই তিনি গ্রেপ্তার হবেন এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন। সেখানে তিনি কী বলবেন, সেটিও দালালেরা তাঁকে বাতলে দিয়েছে।

আমেরিকা অভিযাত্রী শিরিলের কাছ থেকে জানা গেল, যাত্রা পথে তিনিসহ তার সহযাত্রীরা ডাকাতদের কবলে পড়েছিলেন। জীবন বাঁচাতে অস্ত্রের মুখে সঙ্গে থাকা ফোনসহ সবকিছু দিয়ে দিয়েছেন ডাকাতদের। এমনি বিপদ আর প্রাণ ভয়ের অভিযাত্রা কেন—এমন প্রশ্নের উত্তরে জানালেন, দেশে কিছু করতে পারছিলেন না। দালালচক্র তার মতো অনেককেই আমেরিকার স্বপ্ন দেখিয়ে আমেরিকায় পাঠাচ্ছে এভাবে।

দেশে যেমন আমেরিকা অভিযাত্রী লোকজনকে ঠেকানোর কোনো উদ্যোগ নেই, তেমনি বন্ধুর যাত্রাপথে জীবন-মরণ সংকটে পড়া ব্যক্তিদেরও খোঁজ করার কেউ নেই। ভাগ্যবিড়ম্বিত এসব অভিযাত্রী মারা পড়ছেন নদীতে ডুবে, পুলিশ-সীমান্তরক্ষীর তাড়া খেয়ে। আমেরিকার ডিটেনশন সেন্টারে থাকা অপ্রাপ্তবয়স্কদেরও আইনি সহায়তা দেওয়ার কেউ নেই।

নিউইয়র্কে নাগরিক সংগঠন ড্রামের অন্যতম পরিচালক কাজী ফৌজিয়া বলেন, ‘আমরা বারবার বলে আসছি, দেশের যেসব এলাকা থেকে দালালেরা এসব লোককে স্বপ্নের দেশে নিয়ে আসার প্রলোভন দেখাচ্ছেন, তাঁদের দমন করতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হবে।’
এসব নিয়ে কোনো তথ্য জানা আছে কী না, খোঁজ নিতে গিয়ে প্রথম আলো একাধিকবার লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটে ফোন করলেও কাউকে পাওয়া যায়নি।