পদোন্নতিতে বৈষম্য: কৃঞ্চাঙ্গ পুলিশের মামলা
পদোন্নতির ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ পুলিশ সদস্যদের বৈষম্যের অভিযোগে এনওয়াইপিডি বিরুদ্ধে মামলা করা হয়েছে। গোয়েন্দা শাখার দুজন এবং আরেক মৃত পুলিশের স্ত্রী ২৪ সেপ্টেম্বর এ মামলা করেন।
এই তিনজন নগরীর ম্যানহাটন ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে অভিযোগ করেন, এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) জাতিগত কারণে বছরের পর বছর ধরে তাঁদের ন্যায্য পদোন্নতি অস্বীকার করে। এনওয়াইপিডি’র এমন আচরণকে তাঁরা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য হিসেবে দেখছেন।
বাদী জ্যাসন মেককোলুম দীর্ঘ ২৪ বছর গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করে অবসরে গেছেন। আরেক বাদী রোনাল্ড স্টিপেন্স ২৬ বছর চাকরি করে চলতি বছরের জুলাই মাসে অবসরে গেছেন। আর তৃতীয় বাদী হলেন সারা কোলম্যান। তাঁর স্বামী গোয়েন্দা থিয়োডোর কোলম্যান ২০১৬ সালের মে মাসে মৃত্যুবরণ করেন।
মামলার আরজিতে বাদীপক্ষ অভিযোগ করেন, অতি সামান্য সংখ্যক আফ্রো-আমেরিকান পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তাঁদের অভিযোগ, এনওয়াইপিডি’র মোট সদস্যদের ১৮ শতাংশ কৃষ্ণাঙ্গ। পুলিশ বিভাগের মোট সদস্যদের ১৬ শতাংশ গোয়েন্দা শাখায় থাকলেও এ শাখায় কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্ব হলো ৬ শতাংশ।
আরজিতে অভিযোগ করা হয়, পুলিশ বিভাগে ৫০ শতাংশ শ্বেতাঙ্গ হলেও গোয়েন্দা শাখায় তাদের প্রতিনিধিত্ব ৮০ শতাংশ। আর গোয়েন্দা অফিসারদের ৫৭ শতাংশ হলেন শ্বেতাঙ্গ।
মামলায় সব ধরনের বৈষম্যের ইতি ঘটানোর জন্য আদালতের নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়। অবসর ভাতা বাড়ানোর উদ্দেশ্যে বাদীদের আইনানুগ পদোন্নতির আবেদনও আরজিতে রয়েছে।
তিনজন সাবেক গোয়েন্দাই ২০১১ সালে ফেডারেল ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)-এ একই অভিযোগ করেছিলেন। তখন তাঁরা গোয়েন্দা শাখার তৃতীয় গ্রেডের অফিসার ছিলেন।
আদালতের কাগজপত্রে দেখা যায়, ‘ইইওসি’ মামলাটিকে বিচার বিভাগে পাঠায়। বিচার বিভাগ এ বছর এ অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে।
এনওয়াইপিডি মুখপাত্র পিটার ডোনাল্ড বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। এনওয়াইপিডি এ মামলার মোকাবিলা করতে প্রস্তুত। তিনি বলেন, তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতি অন্যদের চেয়ে তুলনামূলকভাবে দ্রুতই হয়ে থাকে।