পবিত্র ঈদে মিলাদুন্নবীতে শোভাযাত্রা ও মাহফিল

নিউইয়র্কের ব্রঙ্কসে প্রথমবারের মতো ব্যাপক আয়োজনে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে ১০ নভেম্বর ব্রঙ্কস ইউনাইটেড ইন্টারন্যাশনাল মিলাদুন্নবী উদ্যাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিকেল চারটায় বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ, ক্যাসেল হিল ও ইউনিয়ন পোর্ট রোড প্রদক্ষিণ শেষে পিএস ১০৬ মিলনায়তনে এসে শেষ হয়।
উদ্যাপন কমিটির সদস্যসচিব হাফেজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমদ রাজু। শোভাযাত্রা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফ্লোরিডা থেকে আসা আল্লামা আবদুল হাকিম আজাদী। শোভাযাত্রায় অন্যদের মধ্যে বাংলাবাজার জামে মসজিদের সভাপতি গিয়াস উদ্দীন, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা মইনুল ইসলাম, সহসভাপতি আবদুস শহীদ, সাবেক ট্রাস্টি মোহাম্মদ এন মজুমদার, সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, উদ্যাপন কমিটির কোষাধ্যক্ষ এ ইসলাম মামুন, সদস্য মোজাফ্ফর হোসেন, আলা উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও নাসির উদ্দিনসহ কমিউনিটির বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
পরে স্থানীয় পিএস ১০৬ মিলনায়তনে উদ্যাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব হাফেজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করেন শাইখ ইমাম আহমেদ ইউসুফ, আল্লামা আবদুল হাকিম আজাদী, সায়্যেদ মাওলানা সাজিদুল হক, ইমাম গুলাম রাসুল, মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, মুফতি মাওলানা মইনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মহান আল্লাহ বিশ্বে শান্তির দূত হিসেবে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেন শান্তির ধর্ম ইসলাম। বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন মহানবী। প্রতিষ্ঠা করেন মানুষের মর্যাদা ও অধিকার।
বক্তারা বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের সব স্তরেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
পরে মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
উদ্যাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও সদস্যসচিব হাফেজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।