পরবর্তী এফবিআই প্রধান কে?
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে রবখাস্ত করার পর তাঁর স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন, এ নিয়ে চলছে গুঞ্জন। আগামী শুক্রবার নাগাদ এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আভাস পাওয়া গেছে। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম বারের মতো বিদেশ সফরের আগেই তিনি নতুন এফবিআই প্রধানের নাম ঘোষণা করতে পারেন।
এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করার পর তার জায়গায় নতুন একজনকে নিয়োগে শনিবার প্রথমবারের মতো সাক্ষাৎকার নেওয়া হয়েছে। চারজন সাক্ষাৎকার দেন। এঁরা হলেন এফবিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান অ্যান্ড্রু ম্যাক্যাবে, রিপাবলিকান সিনেটর জন কর্নিন, নিউইয়র্ক আপিল আদালতের বিচারক মাইকেল গার্সিয়া এবং জ্যেষ্ঠ নারী আইনজীবী এলিস ফিশার। তাঁরা যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিবেচনার তালিকায় ১১ জনের নাম রাখা হয়েছে।
এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করছিলেন কোমি। তদন্ত চলাকালে হঠাৎ করেই গত মঙ্গলবার কমিকে এফবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট ওই পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবেন, যার কাছ থেকে প্রত্যাশা পূরণ হবে। তথ্যসূত্র: বিবিসি