পরমাণু অস্ত্র কমালে মস্কোর ওপর অবরোধ প্রত্যাহার: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত মার্কিন অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। বিনিময়ে তিনি চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি করবেন। এমন প্রস্তাব শুনে রুশ আইনপ্রণেতারা গতকাল সোমবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

যুক্তরাজ্যের দ্য টাইমস ও জার্মানির বিল্ড পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন। পাশাপাশি নিজের পররাষ্ট্রনীতির বিভিন্ন লক্ষ্য সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন। ইউক্রেন সংকট শুরুর পর মস্কোর ওপর ওয়াশিংটন বেশ কিছু অবরোধ আরোপ করেছে। রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা জানতে চাইলে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্রশস্ত্রের বিষয়টিকে এ চুক্তির অংশ হিসেবে রাখতে হবে। মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিভিন্ন অবরোধ তুলে নেওয়ার পরিবর্তে রাশিয়াকে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ‘যথেষ্ট পরিমাণে ছাড়’ দিতে হবে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়াবলি কমিটির প্রধান কনস্তানতিন কোসাচেভ বলেন, নিরাপত্তার ব্যাপারে ছাড় দিয়ে অবরোধ প্রত্যাহার চাওয়ার সুযোগ নেই। তবে ওলেক মোরোজভ নামের আরেক সিনেটর বলেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে ছাড় দিতে মস্কো আলোচনায় রাজি হতে পারে।

বিবিসি জানায়, ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি বাণিজ্য ক্ষেত্রে আরও সুন্দর কিছু চুক্তি সম্পাদন এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন। বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে হবে, বিশেষত চীনের সঙ্গে।

দ্য টাইমস-এ ডোনাল্ড ট্রাম্প বলেন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ১০ লাখের বেশি অভিবাসী ও শরণার্থীকে জার্মানিতে প্রবেশের সুযোগ দিয়ে ‘একটা সর্বনাশা ভুল’ করেছিলেন। তিনিই ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেত্রী। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসলে জার্মানির ইচ্ছামতোই চলছে।

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের নিন্দা করে এটাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সম্ভাব্য সবচেয়ে বাজে সিদ্ধান্ত আখ্যা দেন। তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল তৈরি করা উচিত ছিল। তাহলে উপসাগরীয় আরব দেশগুলোয় মার্কিন মিত্রদেশগুলোর জন্য ভালো হতো।

ব্রেক্সিট প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ বিষয়ে তারা খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দেশই নিজস্ব পরিচয় ধরে রাখতে চায় আর যুক্তরাজ্যও তা-ই চেয়েছে।

ইউরোপের অভিবাসী সংকটের সঙ্গে ব্রেক্সিটের সম্পর্ক আছে বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ইইউর দেশগুলোকে যদি এত বেশিসংখ্যক শরণার্থী নিতে বাধ্য না করা হতো, ব্রেক্সিট ঘটত না।

আন্তর্জাতিক নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ন্যাটোর ভেতরে অনেক আগে থেকেই কিছু সমস্যা আছে। প্রথমত, এটা সেকেলে হয়ে গেছে। দ্বিতীয়ত, সদস্যদেশগুলো নির্ধারিত অর্থ পরিশোধ করছে না। মাত্র পাঁচটি দেশ নিয়মিত বাজেটের জন্য প্রয়োজনীয় অর্থ দিচ্ছে।

ন্যাটোকে সেকেলে বলায় ওই সামরিক জোটের সদস্যদেশগুলো ‘চিন্তিত’ হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট পদে অভিষেকের পর টুইটারে বার্তা প্রকাশ অব্যাহত রাখবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে একের পর এক বার্তা প্রকাশের পুরোনো অভ্যাস তিনি ধরে রাখবেন।

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ওবামাকেয়ার বাতিল করে বিকল্প চূড়ান্ত করার বিষয়টি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর আওতায় প্রত্যেকে তুলনামূলক কম খরচেই স্বাস্থ্যসেবা পাবেন।