পরমাণু অস্ত্র নিয়ে বিতণ্ডা এড়ানোর জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি গত শুক্রবার গণমাধ্যমকে ব্রিফিংকালে এই আহ্বান জানান। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
পরমাণু অস্ত্রের সম্প্রসারণ নিয়ন্ত্রণে রাখতেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈরী প্রতিবেশী দুই রাষ্ট্রকে আহ্বান জানানো হয়। কারবি বলেন, ‘আমরা পাকিস্তানসহ পরমাণু শক্তিধর সব রাষ্ট্রকেই তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের আহ্বান জানাই।’
পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাত হলে পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে কারবি বলেন, ‘আমি এসব মন্তব্য দেখিনি। তবে আমরা যেটি চাই, তা হলো দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসুক।’
গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক ভেস্তে যায়। এরপর শুক্রবার দুই দেশের সীমান্তে গোলাগুলিতে নিহত হয় ১০ জন বেসামরিক নাগরিক।
কারবি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত আলোচনা হয়।