পরমাণু অস্ত্র নিয়ে এ কোন খ্যাপামি!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁরটা বড়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হুমকি দিতে গিয়ে তিনি গত মঙ্গলবার বলেছেন, পরমাণু অস্ত্র ছোড়ার বোতামটি তাঁর বড় এবং এই বোতামটি কাজ করে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে তাঁর অনেক কিছুই বড় বলে ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারের সময় বলেছেন, তাঁর হাত বড়, শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও বড়। তাঁর এই বড় দাবি নিয়ে অতীতেও হাসাহাসি হয়েছে, এবারও হচ্ছে। তবে এবার বলেছেন পরমাণু অস্ত্র ছোড়ার বোতাম নিয়ে। ফলে তাঁর এই টুইট বার্তা শুধু হাস্যরসেই সীমাবদ্ধ থাকেনি; বিপদের আশঙ্কায় চলছে আলাপ, চলছে নানা বিশ্লেষণ।
কে বেশি খ্যাপাটে প্রেসিডেন্ট—ট্রাম্প না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন—এ নিয়ে চলছে নানা আলাপ। তবে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আসলে কোনোটাই দাবি অনুযায়ী তেমন বড় নয়। পরমাণু অস্ত্র ছোড়ার প্রক্রিয়া নিয়ে প্রভাবশালী মার্কিন পত্রিকা ইউএসএ টুডে ৩ জানুয়ারি একটি প্রতিবেদনে বলেছে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ নয়।
ইউএসএ টুডে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নাকচ করে দিয়ে বলেছে, পরমাণু অস্ত্র ছোড়ার তেমন কোনো বোতাম নেই। তেমনি করে কিম জং উনের কাছেও মরণঘাতী এই অস্ত্রের ব্যবহারের জন্য কোনো বোতাম আছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে পত্রিকাটির এ-সংক্রান্ত প্রতিবেদনে।
যদিও আমেরিকার প্রেসিডেন্ট দ্রুততার সঙ্গেই বোতাম টেপার মতোই পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ দিতে পারেন। প্রিন্সটন ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি বিভাগের গবেষণাবিদ ব্রুস ব্লেয়ার বলেছেন, আমেরিকা ১৫ মিনিট সময়ের মধ্যে ৮০০ পরমাণু অস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে। তবে প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে কোনো ভুল না হয়। যাতে সহজেই একক সিদ্ধান্তে মানববিধ্বংসী এই অস্ত্র না ছোড়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে বাক্যবিনিময় আমেরিকার লোকজনকে ষাটের দশকের হলিউড সিনেমার কথা মনে করিয়ে দেয়। ১৯৬২ সালের এমনি একটি সিনেমায় মার্কিন এক খ্যাপাটে এয়ারফোর্স জেনারেল সোভিয়েত ইউনিয়নে প্রথম পারমাণবিক হামলার নির্দেশ প্রদান করেন। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র ছোড়ার বিষয়টি সিনেমার এই কাহিনির মতো নয়। মার্কিন সামরিক বিভাগের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, সামরিক বিভাগ পরমাণু অস্ত্রের ভয়াবহতা বিবেচনা করেই এই অস্ত্র ছোড়া নিয়ে নিয়মিত মহড়া দিয়ে থাকে। মার্কিন এয়ারফোর্স জেনারেল জন হাইটেন বলেছেন, তাঁদের কাজ হচ্ছে আন্তর্জাতিক আইনের আলোকে পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ দেওয়ার জন্য প্রেসিডেন্টকে উপদেশ দেওয়া। সামরিক বিভাগ থেকে বেশ কিছু বিকল্প হামলা এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রেসিডেন্টকে উপদেশ দেওয়া হয়। প্রেসিডেন্টের নির্দেশে পরমাণু হামলার পর হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের চরম নিরাপত্তা বেষ্টিত বাঙ্কারে প্রেসিডেন্ট তাঁর এ-সংক্রান্ত উপদেষ্টাদের সঙ্গে মিটিং করবেন। প্রেসিডেন্ট ওয়াশিংটনে না থাকলে কনফারেন্স কলের মাধ্যমে এই মিটিংয়ে যোগ দেবেন। এয়ারফোর্স জেনারেলের মতে, এই মিটিংয়ে ১৫ জনের মতো উচ্চপর্যায়ের কর্মকর্তা থাকার সুযোগ রয়েছে। এর মধ্যে ডিফেন্স সেক্রেটারি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান সভায় অবশ্যই থাকবেন।
নিউক্লিয়ার ফুটবল নামের একটি থলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সব সময় তাঁর সহকারীরা বহন করে থাকেন। গবেষণাবিদ ব্লেয়ারের দেওয়া তথ্য অনুযায়ী এই থলের মধ্যে কোনো বোতাম নেই, যা অন্য কিছুর সঙ্গে সংযোগ করা আছে। নিউক্লিয়ার ফুটবলে পরমাণু হামলার নানা বিকল্প নিয়ে কিছু দলিল ও নির্দেশনা রাখা হয়েছে। নিউক্লিয়ার ফুটবল নামের যে থলে প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে রাখা হয়, সেখানে পরমাণু হামলার নির্দেশনা যাচাইয়ের জন্য কিছু কোড সংরক্ষিত আছে। এসব কোড আবার কোনো কোনো মার্কিন প্রেসিডেন্ট কার্ডে লিখে নিজেদের পকেটে রাখেন। এ ধরনের কোড লেখা কার্ডকে বিস্কুট বলা হয়। প্রেসিডেন্ট ক্লিনটন তাঁর মেয়াদে এমনই একটি বিস্কুট হারিয়ে ফেলেছিলেন, যা সে সময় পত্রিকায় সংবাদে এসেছে।
পরমাণু অস্ত্র ছোড়ার জন্য প্রেসিডেন্টের নির্দেশ এলে তা দ্রুত পেন্টাগনের কমান্ড সেন্টারে পৌঁছানোর কথা। পেন্টাগন থেকে আবার কোড ব্যবহার করে যাচাই করার ব্যবস্থা আছে। মিসাইল বা পরমাণু অস্ত্রবাহী অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রক্রিয়াটি স্বাভাবিক যুদ্ধের নির্দেশনা থেকে দ্রুত কার্যকর হয়। গবেষণাবিদ ব্রুস ব্লেয়ারের মতে, প্রেসিডেন্টকে দায় থেকে রক্ষার জন্য পরমাণু হামলার প্রটোকল সম্পূর্ণ ভিন্ন ও কঠোর নিয়মে বাঁধা।
পরমাণু অস্ত্রের ব্যবহারে উত্তর কোরিয়ার প্রটোকল নিয়ে বাইরের তেমন জ্ঞান নেই। যদিও মার্কিন সমরবিশেষজ্ঞরা মনে করেন, পরমাণু অস্ত্রের নতুন মজুতদার উত্তর কোরিয়া। দেশটির সবকিছুই চলে একনায়ক কিম জং উনের ইচ্ছায়। হয়তোবা তেমন কোনো দক্ষ নিয়মই সেখানে গড়ে ওঠেনি। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক মাইকেল অ্যালেম্যান মনে করেন, উত্তর কোরিয়ার বেলায় শাসক কিম জং উনের ব্যক্তিগত বিশ্বস্ততার চেইন ধরেই হয়তো হামলার নির্দেশনা আসবে। পারমাণবিক অস্ত্রের নতুন মজুতদার হিসেবে মানসম্পন্ন কোনো নিয়ম বা প্রটোকল উত্তর কোরিয়ায় গড়ে ওঠেনি বলেই মার্কিন সমরবিশ্লেষকদের ধারণা।