পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দিচ্ছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তাঁর মতে, ট্রাম্পের এ ধরনের মন্তব্য পরমাণু অস্ত্রের প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন মিত্রদের ঝুঁকিতে ফেলেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে হিলারি এই মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচার হওয়ার কথা ছিল। এতে হিলারি বলেন, ‘এখন পূর্ব এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা, পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে।’ এ সময় তিনি ইরানের সঙ্গে করা বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের হুমকির সমালোচনা করেন।

হুমকি-ধমকির পরিবর্তে কূটনৈতিক সমাধানে বেশি আগ্রহী হিলারি ক্লিনটন। তিনি বলেন, কূটনীতি, যুদ্ধ এড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থা সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে টিলারসনের পদত্যাগ করা উচিত কি না, এমন প্রশ্নের অবশ্য কোনো জবাব দেননি হিলারি।

ডেইলি মেইল জানিয়েছে, হিলারি ক্লিনটনের আরেকটি সাক্ষাৎকার গতকাল সম্প্রচার করেছে বিবিসি। এতে ব্রেক্সিট (যুক্তরাজ্যের ইইউ ত্যাগ) নিয়ে কথা বলেন তিনি। হিলারি বলেন, গত বছর বড় ধরনের মিথ্যার ওপর ভিত্তি করে গণভোটে ব্রেক্সিট জয়ী হয়েছে। গণভোটের আগে ভোটারদের কাছে অনেক মিথ্যা, মনগড়া এবং ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছিল। তাঁর মতে, কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর হলে এতে যুক্তরাজ্যেরই ক্ষতি হবে।