মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা দুই দেশের সমস্যাগ্রস্ত সম্পর্ক পরিবর্তনের জন্য ‘কয়েক দশকের মধ্যে সেরা সুযোগ’। তবে সতর্ক করে দিয়ে তিনি এ-ও বলেছেন, জটিল ওই আলোচনায় মতৈক্য হতে এখনো কাজ বাকি রয়েছে।
আজ শনিবারের ফারসি নববর্ষ ‘নওরোজ’ উৎসব উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার ইরানের জনগণ ও নেতাদের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা বলেন ওবামা।
পরমাণু চুক্তি নিয়ে সুইজারল্যান্ডে গতকাল পঞ্চম দিনের আলোচনায় অগ্রগতির ব্যাপারে মিশ্র বার্তা পাওয়ার পর ওবামা এ বক্তব্য দিলেন। সুইজারল্যান্ডে চলমান ওই আলোচনায় অগ্রগতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের প্রতিনিধিরা। তবে ইউরোপীয় ইউনিয়নের আলোচকেরা বলছেন, ওই চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির উদ্যোগে আলোচিত ওই চুক্তির বিষয়ে মতৈক্য হওয়ার চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ নির্ধারিত রয়েছে।
ইরানের জনগণ ও নেতাদের উদ্দেশে ওবামা বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে পৃথক ভবিষ্যৎ নির্মাণের সেরা সুযোগ এই বছর। দুই দেশেই এমন অনেক লোক রয়েছেন, যাঁরা চুক্তির মাধ্যমে কূটনৈতিক সমাধানের বিরোধিতা করছেন।’
ওবামা বলেন, ‘আপনাদের (ইরানের জনগণ) প্রতি আমার বক্তব্য হলো, কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য আমাদের একসঙ্গে আলোচনা করতে হবে।’