পরমাণু বোমা নিয়ে আমরা কী চিন্তা করছি

‘আমেরিকার হাওয়াই রাজ্যের দিকে পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। যে যেখানে পারুন নিরাপদ জায়গায় সরে পড়ুন’ - কদিন আগেই ভুল করে হাওয়াইয়ের বাসিন্দাদের মোবাইল ফোনে কর্তৃপক্ষের এমন একটি মেসেজ চলে যায়। পরে অবশ্য কর্তৃপক্ষ ক্ষমাও চায় এর জন্য। কিন্তু এই ভুল সতর্কবার্তার পরে জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয় তা যেন গত শতকের পঞ্চাশ-ষাটের দশকে আমেরিকায় পাবলিক সার্ভিস ব্রডকাস্টের পরমাণু বোমা নিয়ে নিত্য জনগণকে সতর্ক করারই দিনগুলো মনে করিয়ে দিচ্ছিল। সে সময়ের ‘শীতল যুদ্ধে’র উত্তাপও আর নেই, জনগণও ভুলতে বসেছে পরমাণু বোমা আতঙ্ক কি জিনিস! পরমাণু বোমার দুর্যোগ নেমে আসলে কীভাবে মোকাবিলা করতে হবে সেটা এখন দমকল বিভাগের লোকজন ছাড়া জান্নেওয়ালা লোক খুব একটা পাওয়া যাবে না। হাওয়াই কর্তৃপক্ষের ভুল করে পাঠানো বার্তাটি নির্মম হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যে শিক্ষণীয় ছিল তা অস্বীকার করবে কে!
বিশেষজ্ঞদের মতে, পরমাণু বোমা যেখানে ফেলা হবে তার আশপাশের এলাকার ৯০ শতাংশ লোকই মারা পড়বে। ৩০০ কিলো টন ওজনের একটি পরমাণু বোমা মোটামুটিভাবে প্রায় ২ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ধ্বংসাবশেষ তৈরি করবে। উত্তর কোরিয়া গত সেপ্টেম্বরে যে পরমাণু বোমাটির সফল পরীক্ষা চালিয়েছে সেটিই ৩০০ কিলো টন সক্ষমতার একটি বোমা ছিল। বিস্ফোরণের ১৫ বর্গকিলোমিটার এলাকার অর্ধেক লোক পরে তেজস্ক্রিয়তা ও পুড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে মৃত্যুবরণ করবে।
পরমাণু বোমার বিস্ফোরণে সূর্যের চাইতেও কয়েকগুণ উজ্জ্বলতা তৈরি হয়। এর দিকে তাকালেই অন্ধত্বসহ চোখের নানান রোগ হওয়ার আশঙ্কা থাকছে। পঞ্চাশের দশকের শীতল যুদ্ধের সময়ে ‘ডাক অ্যান্ড কভার’ চলচ্চিত্রে ‘বার্ট’ নামের একটি অ্যানিমেটেড কচ্ছপ চরিত্রের মাধ্যমে পরমাণু বোমা দুর্যোগে সিভিল ডিফেন্স শেখানো হতো। বার্টের উপদেশটি এখানেও স্মর্তব্য - কোনো কিছুর নিচে শুয়ে পড়লে ঝলসে যাওয়ার হাত থেকে চামড়া অনেকাংশে রক্ষা পাবে। পরমাণু বোমার বিস্ফোরণে দশ মিনিট ধরে বায়ুমণ্ডলের তিন মাইল স্তর ধুলোর আস্তরণে ঢেকে উপরিভাগে ‘মাশরুমে’র আকার ধারণ করে। বিস্ফোরণের এলাকার লোকজনের তখন ধ্বংসাবশেষের সংস্পর্শ এড়াতে নিরাপদ আশ্রয় গ্রহণ অত্যাবশ্যক। নয়তো তেজস্ক্রিয়তার সংস্পর্শ মরণঘাতী হতে পারে।
আদর্শ আশ্রয়কেন্দ্র হতে পারে ভালোভাবে আবদ্ধ মাটির নিচে কোনো স্থানে। কেউ বিল্ডিংয়ের ভেতরে অবস্থান করলে কোনোভাবেই গ্রাউন্ড বা টপ ফ্লোরে থাকা উচিত হবে না। এ ঘোর দুর্যোগে সেখানে বোতলজাত পানি ও অপচনশীল খাবার থাকলে জীবন রক্ষা পেয়ে যেতে পারে। একটা রেডিও আর কিছু ব্যাটারি রাখলে বিদ্যুৎ, মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ভেঙে পড়লেও জরুরি খবর পাওয়া যাবে। আর কিছু ভেজা টিস্যু আর প্লাস্টিক ব্যাগ স্যানিটেশনের জন্য প্রয়োজন হবে। স্টিভেন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অ্যালেক্স ওয়েলারস্টাইন বলেন, পরমাণু বোমার বিস্ফোরণ দুই দিন না পেরোলে কোনোভাবেই ঘরের বাইরে বের হওয়া উচিত হবে না। দুই দিন পর তেজস্ক্রিয়তার প্রভাব কমে যেতে শুরু করবে। আমেরিকার জনগণের পরমাণু বোমা আতঙ্কের অবসানে ট্রাম্প প্রশাসনের অনেকেই উত্তর কোরিয়ায় হামলা চালানোর পক্ষে মত দিয়ে আসছেন। অধিকাংশ লোকই সেটাকে অবশ্য বাজে ধারণা বলছেন।