পরাজয় না মেনে কী পাচ্ছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প

এত দিন তবু ভোট জালিয়াতির অভিযোগ নিয়ে ছোটাছুটি করেছেন। উদ্দেশ্য ছিল যেকোনোভাবে আদালতের আদেশে হোক বা রিপাবলিকান আইনপ্রণেতাদের তৎপরতায় হোক, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ভোটের ফল প্রত্যয়ন ঠেকিয়ে দেওয়া। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ভোটের গণনা আগামী ৬ জানুয়ারি হলেও কোনো অঙ্গরাজ্য তার ইলেকটোরাল ভোটারের স্লেট বদল না করায় বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে মানতে নারাজ। কথা হলো, এই অনড় অবস্থানের কারণে তিনি কী পাচ্ছেন?

প্রথম পর্যায়ে নির্বাচনে পরাজয় স্বীকার না করে অনড় অবস্থানের কারণে সমর্থকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করতে পেরেছিলেন ট্রাম্প। কিন্তু যত সময় যাচ্ছে, বিষয়টিতে সবাই মোটামুটি বিরক্ত হয়ে উঠেছেন। সর্বশেষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেলের মতো ট্রাম্প সমর্থকেরও বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকার করাটা অন্তত এই বার্তাই দিচ্ছে। এটা সত্য, এখনো অনেক ট্রাম্প সমর্থক মনে করেন, ট্রাম্প যা বলছেন, তা-ই সত্য। কিন্তু এই সমর্থকদের সংখ্যা ক্রমে কমছে।

ইলেকটোরাল ভোটে জয়ী হওয়ার পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আত্মার লড়াইয়ে গণতন্ত্র রক্ষা পেয়েছে। জনতার ইচ্ছার জয় হয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প ঠিক উল্টো কাজটিই করছেন। গত চার বছরে যুক্তরাষ্ট্রের আত্মাকে গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দিতে যেমন জেরবার ছিলেন তিনি, তেমনি এখনো এই ভিতকে দুর্বল করতে সচেষ্ট। কথা হলো, নির্বাচনে পরাজয়ের পরও তিনি একে কীভাবে দুর্বল করছেন? করছেন নির্বাচনের ফল স্বীকার না করে এবং কখনো প্রকাশ্যে নির্বাচনের ফল স্বীকার করবেন না—এমন বক্তব্য দিয়ে। এটি গণতান্ত্রিক ধারাবাহিকতায় ছেদ তৈরি করে। একই সঙ্গে আগামী মেয়াদে যুক্তরাষ্ট্রের যত অল্পই হোক কিছু মানুষের মধ্যে বাইডেনের প্রেসিডেন্সি নিয়ে সংশয় ঢুকিয়ে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত করছেন।

১৪ ডিসেম্বর সন্ধ্যার পর বৃহত্তর অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া তাদের ইলেকটোরাল ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বাইডেনের নিশ্চিত ভোট ২৭০টি পেরিয়ে যায়। চূড়ান্ত গণনায় বাইডেন ৩০৬টি ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট। বক্তৃতায় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদেরা ক্ষমতা গ্রহণ করেন না। জনগণ রাজনীতিবিদদের ক্ষমতা গ্রহণের অনুমোদন দেন।’ বাইডেনের এই অবস্থান থেকে একেবারে আলাদা ট্রাম্পের অবস্থান।

অঙ্গরাজ্যগুলো থেকে ইলেকটোরাল ভোট নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াশিংটনে পাঠানো হবে। ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে এসব ভোটের বন্ধ খাম খুলে আবার গণনা করা হবে। সেখানে আইনপ্রণেতারা আপত্তি উত্থাপনের সুযোগ পাবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে শতাধিক রিপাবলিকান আইনপ্রণেতা এমন আপত্তি উপস্থাপন করতে পারেন। কংগ্রেসের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা এমন যেকোনো আপত্তির প্রয়াস নাকচ করতে পারবে বলে মনে করা হচ্ছে। নজিরবিহীন কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেবেন। নানা ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু হবে বাইডেন প্রশাসনের।

এরপরও নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় প্রকাশ্যে স্বীকার করবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে নিয়মিত কথা হয়, হোয়াইট হাউসের এমন এক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসের উপদেষ্টাদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মহলের সঙ্গে আলাপকালে দ্বিতীয় মেয়াদে তিনি যে আর হোয়াইট হাউসে থাকছেন না, তা স্বীকার করেন। যদিও সেই সময়ও তিনি প্রকাশ্যে ভোট জালিয়াতির ভুয়া অভিযোগ এনে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছিলেন।

শুধু তাই নয়, ভোটের ফল উল্টে দিতে নিম্ন আদালতের অঙ্গন পেরিয়ে সুপ্রিম কোর্টকে তৎপর হওয়ার আহ্বান পর্যন্ত জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর রিপাবলিকান আইনপ্রণেতাদের উসকানি দিচ্ছিলেন, তাঁরা যেন ইলেকটোরাল ভোটারদের স্লেট বদলে দেন, যাতে তাদের ভোট ট্রাম্পই পান।

শেষোক্ত চেষ্টা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যেই কেউ কেউ তামাশা করেছে। আর যখন আগামী ৬ জানুয়ারি ইলেকটোরাল কলেজের ভোট বদলে দেওয়ার জন্য বিতর্কে অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ এসেছে, তখন হোয়াইট হাউসের এক উপদেষ্টা বিষয়টিকে হেসেই উড়িয়ে দিয়েছেন। ফলে দলের নেতাদেরও আর নিজের পক্ষে যে ধরে রাখতে পারছেন না, তা একেবারে স্পষ্ট। সিনেটের প্রভাবশালী নেতারাই এখন জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে দীর্ঘদিনের রিপাবলিকান কংগ্রেসম্যান পল মিশেল দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। মিশিগান থেকে নির্বাচিত দীর্ঘদিনের রিপাবলিকান এই নেতা বলেছেন, দল নয়, দেশের সংবিধান বড়। রিপাবলিকান দল নজিরবিহীনভাবে রাজনৈতিক কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে তৃতীয় বিশ্বের দেশের মতো প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে সমালোচনা করেন তিনি। কংগ্রেসম্যান পল মিশেল নিজেকে স্বতন্ত্র আইনপ্রণেতা হিসেবে ঘোষণা দিয়েছেন।

এদিকে মতের অমিল হওয়ায় ও নির্বাচন নিয়ে পাগলামির আরেক নজির ট্রাম্প স্থাপন করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে বিদায় দিয়ে। না বরখাস্ত করা হয়নি তাঁকে। তবে চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন—এটা নিশ্চিত খবর। নির্বাচনের পর ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার নিজেই বলেছিলেন, নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ তাঁদের কাছে নেই। এরপর থেকেই উইলিয়াম বারের প্রস্থান অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

এর আগে নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে বিদায় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন এই নেতারাই ট্রাম্পকে বিদায় জানাচ্ছেন। ১৪ ডিসেম্বর ইলেকটোরাল ভোট গ্রহণের পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। এ তালিকায় আছেন সিনেটে রিপাবলিকান দলের দ্বিতীয় শীর্ষ নেতা হুইপ সিনেটর জন থানে। মিচ ম্যাককনেলের কথা আগেই বলা হয়েছে। রয়েছেন সিনেটর রয় ব্লান্ট, রব পোর্টম্যান, শেলি ক্যাপিটো ও মাইক রাউন্ডসের মতো নেতা। এমনকি শুনতে যেমনই লাগুক, ট্রাম্প প্রতিবেশী হোন—এমনটাও চাইছেন না কেউ। এরই মধ্যে মার এ লাগোর আশপাশের বাসিন্দারা আহ্বান জানিয়েছেন, ট্রাম্প যেন সেখানে না থাকেন। ফলে এটা বললে অত্যুক্তি হবে না যে, নিজের অনড় অবস্থান দিয়ে ট্রাম্পের প্রাপ্তি দুটি—নিঃসঙ্গতা ও গণতান্ত্রিক ব্যবস্থার অবনমন।