পরিচ্ছন্নতায়ও আমাদের সেরা হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি এলাকায় এমন ময়লা–আবর্জনা নিয়মিত চোখে পড়ে
বাংলাদেশি এলাকায় এমন ময়লা–আবর্জনা নিয়মিত চোখে পড়ে

দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর আনাচে–কানাচে এখন সব জায়গায় আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে–ছিটিয়ে আছে। আজ থেকে ২৫ বছর আগে এর বিস্তার খুব একটা চোখে পড়ার মতো ছিল না। এখন অবস্থা এমনতর দাঁড়িয়েছে, চাঁদে গেলেও বাংলাদেশের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে না। আমরা বাংলাদেশে যে যেভাবেই জীবনযাপন করি না কেন, বিদেশে আমাদের দেশের মানুষের একটা উজ্জ্বল ভাবমূর্তি বিদ্যমান। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং কানাডায় বাংলাদেশিদের কাজ দারুণভাবে প্রশংসিত। সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হন, বাংলাদেশিরা সৎ এবং অত্যন্ত কর্মঠ। এই বিদেশ বিভুঁইয়ে জীবনের তাদের সততা ও কর্মদক্ষতা অল্প কিছুদিনের মধ্যেই সবার মন জয় করতে পেরেছে।

এত ভালো কিছুর মধ্যেও আমাদের একটু দুর্বলতা এবং দুর্নামও রয়েছে। অল্পসংখ্যক মানুষের কর্মকাণ্ডেই এমন দুর্নাম। বাংলাদেশের মতো এখানেও আমরা নোংরা ময়লা আবর্জনার মধ্যে বসবাস করতে ভালোবাসি। তুলনামূলক বাংলাদেশি বসবাসকারী এলাকাগুলো অন্যান্য এলাকার চেয়ে বেশি নোংরা। আমি নিউইয়র্কে থাকি, এখানকার চিত্রটাই তুলে ধরি।

নিউইয়র্কে কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কসে বেশির ভাগ বাংলাদেশির বসবাস। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করে জ্যামাইকা, জ্যাকসন হাইটস, চার্চ ম্যাকডোনাল্ড, ওজোন পার্ক, পার্কচেষ্টার এবং এস্টোরিয়াতে। আর এসব জায়গায় একটু খেয়াল করলেই দেখা যায়, রাস্তাঘাটে বাংলাদেশের কিছু মানুষ জটলা পাকিয়ে খোশ গল্পে মশগুল। মুখে পান চিবুতে চিবুতে সিগারেটসহ কারও হাতে চা কফি। এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলার সুব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা এদিক–সেদিক তাকিয়ে গাড়ির নিচে টুপ করে ফেলে দিই। পানের পিকও ফেলি যেখানে–সেখানে, এ যেন বিদেশে বসে বাংলাদেশের প্রতিচ্ছবি।

গুটি কয়েক লোকের কারণে বদনামের ভাগ নিচ্ছি আমরা সবাই। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাংলাদেশি গ্রোসারি সুপার মার্কেটগুলোর সামনে কেমন যেন হিজিবিজি অবস্থা অথচ তার পাশেই অন্য একটি সুপার মার্কেটে পা রাখুন, দেখবেন কি সুন্দর পরিপাটি সাজানো–গোছানো পরিষ্কার।

কিন্তু আমরা কেন পারব না বা পারি না পরিষ্কার–পরিচ্ছন্ন থাকতে, অন্যান্য সেক্টরে এত সুনাম থাকা সত্ত্বেও সহজ এই সেক্টরে আমাদের কেন এত দুর্বলতা, আমাদের মানসিকতাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বড় দুর্বলতা—এই মানসিকতা বদলাতে হবে। কেউ ময়লা রাস্তাঘাটে ফেলব না, কেউ ফেললে তাকে বাধ্য করতে হবে যথাস্থানে ফেলবার, আমাদের নিজের প্রয়োজনেই এটা করা দরকার। চেষ্টা করলে অবশ্যই এটা সম্ভব, আমরাও দেখিয়ে দিতে চাই, সব বিষয়ে আমরাই সেরা।

কিছু লোকের পোশাক–আশাকেও চরম অপরিষ্কারের ছাপ। দেখলেই কেমন যেন খুব অসহায় মনে হয়। অথচ খোঁজ নিলেই দেখা যাবে, বালিশের নিচে গচ্ছিত আছে অনেক ডলার। শরীরের যত্নও নিতে পারে না সঠিকভাবে। কিন্তু এমন সব আফসালি গল্প ছাড়বে, মনে হবে যেন বাংলাদেশে মন্ত্রী–মিনিষ্টারের নাতি ছিলেন। শুধু নিজের শরীর কেন, আশপাশেও পরিষ্কার রাখা জরুরি। নিজেকে পরিষ্কার রেখে, বাস ট্রেনে চলার সময় সুগন্ধি ব্যবহার করা অতীব জরুরি।

আসুন সবাই মিলে যেখানে বাস করি, সেখানকার নিয়মকানুন অন্তত মেনে চলি এবং ভালো নাগরিকের সব গুণাবলি নিজের মধ্যে ধারণ করি।