পরিত্যক্ত শরীর ও লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে

তুমি যখন চুপি চুপি আমার ঘরে এলে
ঠোঁটে আঙুল দিয়ে জানালে চুপ করে থাকতে
আমি চুপ করে রইলাম,
আমিও তোমার মতো করে ঠোঁটে আঙুল দিয়ে
তোমাকেও চুপ করে থাকতে বললাম।
আমরা দুজনে লুকোব নিঃশব্দে
কেউ খুঁজে পাবে না আমাদের।
(হায় বোকা মেয়ে, এত অন্য এক লুকোচুরি খেলা! )

সেদিন কি জানতাম
তুমি কোনো দিনও এ খেলার কথা কাউকে বলবে না।
চুপ করেই থাকবে এবং আমাকেও চুপ করিয়ে রাখবে।
তোমার অন্য রকম হাইড অ্যান্ড সিক খেলায়
আমার আর লুকানোর জায়গা অবশিষ্ট রইল না।

তোমার পায়ের শব্দ পেলেই
আমি আমার হাত দুটো বুকের মধ্য নিয়ে
নিজেকে জড়িয়ে ধরে রাখতাম।
এক পা দিয়ে পেঁচিয়ে ধরে রাখতাম অন্য পা।
তুমি সেই আড়ষ্ট হাত সরিয়ে
আমার ছোট্ট ফ্রকের নিচে,
আমার বুকে কি খুঁজতে!
আমার দু পায়ের মাঝে!
আমার কষ্ট হতো,
অনেক ব্যথা হতো, আমি কাঁদতাম ভয়ে, যন্ত্রণায়
তুমি আমার চোখের জল দেখনি,
তুমি তখন গোলাপের পাপড়ি খোলায় মত্ত।

মা বলতেন, ‘তোর মামা তোকে কত ভালোবাসেন, কত আদর করেন,
তোকে পড়ান, তোর জন্য চকলেট নিয়ে আসেন,
সব সময় মামার কথা শুনবে, বড়দের কথা শুনবে!
লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে’
আমি মায়ের কথা শুনেছি
লক্ষ্মী মেয়ে হয়ে বড়দের কথা শুনেছি
আমি মায়ের ভালো মেয়ে।

তারপর একদিন যখন ব্যথায় যন্ত্রণায় আমি
চিৎকার করতে চেয়েছি,
তুমি আমার মুখে একটা একটা কাপড়
গুঁজে দিয়েছ।
তার সব খেলা সাঙ্গ করে
কানের কাছে ফিসফিস করে বলেছ
‘সাবধান কাউকে বলবি না,
কেউ তোকে বিশ্বাস করবে না
ভালো মেয়ে হয়ে থাকিস।’

আমি কাউকে বলিনি
কি করে বলি!
তত দিনে শিখে গেছি মুক্তির মন্ত্র ।
তোমার পায়ের শব্দ পেলেই
শরীর থেকে বেড়িয়ে যাই,
চুপটি করে দূরে দাঁড়িয়ে
আমার শরীর নিয়ে তোমার খেলা দেখি
তুমি আমার শরীর দেখতে পেতে
আমায় দেখতে পেতে না।
আমাকে তুমি খুঁজতেও না,
তোমার উন্মাদ খেলা শুধু ছোট কুঁকড়ে থাকা আমার শরীর নিয়ে।
আহা যন্ত্রণা, ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা, নিজেকে হারানোর যন্ত্রণা,

চিৎকার করে কাঁদতে না পারার যন্ত্রণা,
নিঃশব্দে গোপন খেলার সাক্ষী হওয়ার যন্ত্রণা।
আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে
শরীরের যন্ত্রণা দেখি।

তারপর তুমি চলে গেলে
শরীরের কাছে এসে বসি,
হাত বুলিয়ে দিই, চোখের পানি মুছিয়ে দিই,
শরীরটাকে ধুয়ে মুছে, ফ্রক পড়িয়ে বেরিয়ে আসি।
তুমি তখন মায়ের সঙ্গে বসে বিকেলের চা খাচ্ছ!
মা বললেন, ‘হোম ওয়ার্ক শেষ হয়েছে?
মামা না থাকলে কে তোর হোম ওয়ার্ক করে দিত?
বন্ধুদের সঙ্গে
হাইড অ্যান্ড সিক খেলতে যাবে?’

আমি আর হাইড অ্যান্ড সিক
খেলি না মা,
আমি জেনে গেছি
আমাকে কেউ খুঁজে পায় না এ খেলায়।
কার পায়ের শব্দ পেলে
আমি অশরীরী আত্মার মতো শরীর থেকে বেরিয়ে যাই
ভালো মেয়ে হয়ে
ঘরের ওই কোণে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকি আর
অন্য এক শরীরের যন্ত্রণা দেখি।