পরিপাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল তুমি আসবে ভালোবাসার পসরায়
তাই তো সেজেছি তোমার জন্য মনের আঙিনায়
ঝুমকো জোড়া খুঁজে পাইনি বলে নিজেকে
অপরূপা ভাবিনি
তোমার হৃদয়ে উঠবে ঝড়, হবে বেসামাল
খোলা চুলে আমার
চোখে রাখবে চোখ নেশার আবেগে
ফাঁকি দিয়ে চোখ সবার
কপালের টিপটাও পরেছি যত্ন করে
অঙ্গুরি কিংবা রেশমি চুরি কিছুই খুলে রাখিনি
দরজায় বারবার দৃষ্টিপাত নয়তো ঘণ্টার কড়াঘাতের আকুতি
কাচের বাটিতে গোলাপের পাপড়ি আর জলে ভাসিয়েছি মোমের আগুন
তোমার নীরবতা তুসের চেয়েও জ্বলছে দ্বিগুণ
বুঝেছি এখন তুমি সত্যিই আসছ না
তবে কেন অঙ্গীকার করেছিলে শত আবেগের
এক এক করে সব গয়না খুলে মুছে দেব সে কষ্টের দাগ
চাইব না জানতে করব না অভিযোগ
চোখের জলেই কাটবে সারা রাত
তুমি জানবে না, তোমার জন্য সেই অপরূপা
ভালোবাসার চোরাবালিতে বীভৎসের মতো
ভেঙে চুরে ডুবে গেছে তার দেহ

আমি বারবার আসব ফিরে হয়তো সেজে অন্য কেহ
বিদায়ের এই ক্ষণে রেখে গেলাম কিছু রজনীগন্ধা
বিদায় হে প্রেমিক মুছে যাক আবৃত সেই
না পাওয়ার সন্ধ্যা।