পরিবর্তন আসছে হোম কেয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিস নিচ্ছেন বা দিচ্ছেন? তাহলে জেনে রাখুন হোম কেয়ার সার্ভিসে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন আর প্রোগ্রামে অংশগ্রহণকারী বয়স্কদের সেবাদাতারা আর ঘণ্টা হিসেবে অর্থ পাবেন না। গত সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে কনজিউমার ডাইরেক্টেড সহায়তা প্রোগ্রামে কিছু পরিকল্পিত পরিবর্তন উপস্থাপন করা হয়েছে। এ কারণে রাজধানীতে প্রতিবাদ হয়েছে।

নিউইয়র্কে বসবাসরত অনেক বাঙালি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কনজিউমার ডাইরেক্টেড সহায়তা প্রোগ্রাম বা সিডিপিএপির সঙ্গে জড়িত রয়েছে। সিনেট ও অ্যাসেম্বলি স্বাস্থ্য কমিটির চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে প্রায় ৭৫ হাজার মানুষ সিডিপিএপির মাধ্যমে হোম কেয়ার সার্ভিসের ওপর নির্ভরশীল। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি রাইটস বা সিডিপিএএপির পরিচালক টমি

প্যাপারম্যান সংবাদমাধ্যমকে বলেন, ‘এই প্রোগ্রাম বা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঘরে থাকা অক্ষম ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য ও সহায়তা করে থাকে, তাদের সেবা করে। প্রোগ্রামে অংশগ্রহণকারীরা তাদের গ্রাহকদের দৈনন্দিন কাজ যেমন, গোসল, ড্রেসিং, খাবার প্রস্তুতি, কমিউনিটির বাইরে যাওয়ার মাধ্যমেও তাদের সহায়তা করে। এই প্রোগ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো, গ্রাহকদের জন্য এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের প্রতিদিনের প্রয়োজন অনুসারে তাদের যথাযথভাবে কাজে সহায়তা করতে পারে।’

বর্তমান হোম কেয়ারে যে পরিবর্তন আনা হয়েছে, তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। নতুন এই পরিবর্তনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতি ঘণ্টায় আর বেতন পাবেন না। এর বদলে অংশগ্রহণকারীরা প্রতি মাসে গ্রাহকের সংখ্যা অনুযায়ী বেতন পাবেন। আইন পরিষদের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যানের মতে, স্বাস্থ্য অধিদপ্তর তার প্রতিদান হার ‘প্রতি ঘণ্টার ভিত্তিতে প্রতি সদস্য’ এর স্থলে ‘প্রতি মাসে ভিত্তিতে’ প্রতিস্থাপন করবে। অ্যাডভোকেসি গ্রুপগুলো আশঙ্কা প্রকাশ করছেন, এই সিদ্ধান্তের ফল নেতিবাচক হতে পারে।

কিন্তু হঠাৎ কেন হোম কেয়ারে এই পরিবর্তন আনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঘণ্টার ভিত্তিতে বেতন দেওয়া হলে অংশগ্রহণকারীরা অনেক ঘণ্টা কাজ দেখিয়ে বেতন নেয়। তা ছাড়া প্রতি ঘণ্টার কাজ রেকর্ড করতে অংশগ্রহণকারী ও রাজ্য সরকার—দুপক্ষকেই অনেক কাগজপত্রের ঝামেলা পোহাতে হয়। তাই হয়তো মাসিক গ্রাহকপ্রতি বেতনের হিসাব করা হয়েছে। এতে ঘণ্টার রেকর্ডের কোনো প্রয়োজন হবে না। কিন্তু সব গ্রাহকের তো সমান সময়ের প্রয়োজন হয় না। কিছু কিছু গ্রাহকের পেছনে অংশগ্রহণকারীদের অনেক সময় ব্যয় করতে হয়। তাতে কীভাবে এই পরিবর্তন সুষ্ঠু হবে? হোম কেয়ারের এই পরিবর্তনটি ৭৫ হাজার অক্ষম গ্রাহকের সুষ্ঠু সেবা দিতে ব্যাঘাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।