পরিবারভিত্তিক অভিবাসন বন্ধ হয়ে যাবে?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী, লিগ্যাল ইমিগ্রেশন বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। নির্দিষ্ট পর্যায়ের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা নেই এমন ইমিগ্রান্টদের ওপরই তিনি খড়গহস্ত হবেন। সম্প্রতি হোয়াইট হাউসের এক ঘোষণায় তিনি এ কথা জানিয়েছেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কট্টরপন্থী রিপাবলিকান সিনেটর আরাকানসাসের টম কটন ও জর্জিয়ার ডেভিড পারডু।
রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর স্ট্রং এমপ্লয়মেন্ট (আরএআইএসই) অ্যাক্ট নামে যে বিল কংগ্রেসে উত্থাপন করা হয় তা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত সবচেয়ে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অর্থনৈতিকভাবে সংগ্রাম মুখর বা নিম্ন মধ্যবিত্ত আমেরিকান পরিবারগুলোর এমন ইমিগ্রেশন সিস্টেম দরকার যেখানে তাদের নিজেদের প্রয়োজন অগ্রাধিকার পাবে।
বিলটি কংগ্রেসে পাশ হওয়ার সম্ভাবনা ক্ষীণ; কেননা প্রায় সব ডেমোক্র্যাট নেতা ও উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকান নেতা এই আইনের গুরুত্বপূর্ণ কিছু মৌলিক বিষয়ের সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন। কিন্তু চিন্তার বিষয়টি হলো, এই আইনের মূল প্রতিপাদ্যটি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল এবং তিনি যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন তাই এই বিষয়ে হোয়াইট হাউস থেকে নতুন করে জনগণের মাঝে ক্যাম্পেইন ও সিনেটরদের মাঝে ইনফ্লুয়েন্স এর
চেষ্টা চলছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা টম কটন ও ডেভিড পারডুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, কী করে এই আইনের দুর্বলতাগুলো কাটিয়ে কানাডা ও অস্ট্রেলিয়ার বর্তমান পদ্ধতির মতো একটা মেরিট বেইসড ইমিগ্রেশন সিস্টেম চালু করা যায়। এই পদ্ধতি পরিবর্তন হলে, পরিবারের সদস্যদের জন্য বর্তমানে যে রকম আই-১৩০, পিটিশন ফর অ্যালিয়েন রিলেটিভ ফর্মের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে মার্কিন নাগরিকের এবং কোনো কোনো ক্ষেত্রে গ্রিন কার্ডধারী ব্যক্তির বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান ও ভাই বোন গ্রিন কার্ড পেতে পারে সে ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে এটাকে পয়েন্ট বেইসড সিস্টেম করা হবে। নতুন ইমিগ্রান্টরা যেন ইংরেজি বলতে পারেন, নিজেদের ভরণপোষণ বহন করতে পারেন অর্থাৎ ফুড স্ট্যাম্প বা সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মতো বিভিন্ন রকম ওয়েলফেয়ার বেনিফিট গ্রহণের মাধ্যমে সরকারের ওপর দায়গ্রস্ত বা ‘পাবলিক চার্জ’ হয়ে না পাড়েন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখতে পারেন সে বিষয়ে নিশ্চিত হয়ে তবেই ল’ফুল পারমানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড দেওয়া হবে। এই নতুন আইন প্রবর্তিত হলে বর্তমান বার্ষিক ইমিগ্রান্ট সংখ্যা অর্ধেকের নিচে নেমে আসবে বলে অনেকেই আশঙ্কা করছে এবং সেটাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য।
এখন পর্যন্ত ট্রাম্পের এই প্রস্তাব অনেকেই সমর্থন করেছেন যাদের মধ্যে রয়েছে ফেডারেশন অন ইমিগ্রেশন রিফর্মের মতো সংস্থাও। আবার জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রহামের মতো অনেক উদারপন্থী রিপাবলিকান নেতারা এর বিরোধিতাও করছেন। তাঁদের বক্তব্য হলো, আমেরিকায় যেহেতু দিনে দিনে প্রবীণ জনসংখ্যা বাড়ছে এবং বিপরীতে সন্তান জন্মগ্রহণের হার কমছে; তাই ইকোনমিক গ্রোথ আরও চাঙা করতে প্রচুর পরিমাণ তরুণ বয়সী ইমিগ্রান্ট এ দেশে আসা দরকার।
কংগ্রেসের ওয়েবসাইট বলছে, এই বিলে ২১ বছরের বেশি বয়সী মার্কিন নাগরিকের বাবা মার জন্য নন ইমিগ্রান্ট এলিয়েন ভিসা (ডব্লিউ ভিসা) নামে একটি নতুন ভিসা চালু করা হবে। এই বিলের মাধ্যমে ডাইভার্সিটি লটারি ভিসা বা ডি ভি লটারি ভিসা সকল দেশের জন্য স্থায়ীভাবে বন্ধ হবে এবং রিফিউজি অনুমোদনের সংখ্যা বছরে ৫০,০০০ করা হবে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিল পাশ হলে মার্কিন নাগরিকের বা গ্রিন কার্ডধারীর পরিবারের সদস্যদের মধ্যে ভাই বোন এবং ২১ বছরের বেশি বয়সী বিবাহিত বা অবিবাহিত সন্তানের ইমিগ্রান্ট হয়ে আসার পথ বন্ধ হবে। ওয়াশিংটন পোস্ট পত্রিকার অর্থনৈতিক প্রতিবেদক হেদার লং তাঁর এক রিপোর্টে দেখিয়েছেন, এই বিল পাশ হলে আমেরিকার অর্থনীতি হুমকির মুখে পড়বে এবং জিডিপিতেও ঋণাত্মক প্রভাব পড়বে। এনবিসি নিউজ তাদের বিশ্লেষণে দেখিয়েছে, এই আইনের ফলে নিকট ভবিষ্যতে পার ক্যাপিটা জিডিপি ০.০২ পারসেন্ট বৃদ্ধি পেলেও ২০৪০ সালের মধ্যেই এর খারাপ অর্থনৈতিক প্রভাব মানুষের মাঝে প্রতীয়মান হবে।
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউ ইয়র্ক প্রবাসী