পরিবারের কারও অস্বাভাবিক আচরণ দেখলে অবহেলা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে অংশ নেওয়া আলোচকেরা
সেমিনারে অংশ নেওয়া আলোচকেরা

নিউইয়র্কের সেবামূলক প্রতিষ্ঠান কোর ভিশনের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রবাসীদের জরুরি স্বাস্থ্য বিষয়ক তথ্য দেওয়া হয়েছে। ১২ আগস্ট জ্যামাইকার মুসলিম সেন্টারে সিটির প্রায় আটটির মতো প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
কোর ভিশন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা ধরনের কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডের এক নিবেদিত প্রতিষ্ঠান। বিভিন্ন সেমিনার ও তথ্য প্রদানের মাধ্যমে আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নতির মধ্যে কীভাবে নিজেকে সচ্ছল ও প্রতিষ্ঠিত করা যায়—এ বিষয়ে কোর ভিশন প্রয়াস চালিয়ে আসছে।
গত সপ্তাহে মানুষের নৈতিক ও মানসিক বিপর্যয় ও তার প্রতিকার বিষয়ক ‘মেন্টাল হেল্থ চেঞ্জ দ্য কালচার’ শীর্ষক সেমিনারে কোর ভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক আবুল হোসেন খসরু ও আবুল কাশেম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এতে অতিথি আলোচক ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা মেয়র অফিস অফ কমিউনিটি অ্যাফেয়ার্সের সারা সাঈদ, এনওয়াইসি অফিসের বভান কর প্রাইভ, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট জুন্নুন খান, জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মোস্তাকিম বিল্লাহ, ওয়েল কেয়ারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালেহ আহমেদ। সেমিনারের প্রথম পর্বে ছিল বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
প্রথম পর্বের আলোচনায় অংশ নেওয়া আলোচকদের মধ্যে কোর ভিশনের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সবাইকে পরিচয় করিয়ে দেন। আলোচনায় বল হয়, ‘বর্তমানে আমাদের কমিউনিটিতে মানসিক বিপর্যয় ও হতাশা বেড়ে চলছে যার প্রমাণ সদ্য ঘটে যাওয়া কিছু আত্মহত্যা। প্রতিটি পরিবার যদি আগে থেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে, তবে এসব দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যাবে। একদিনের হতাশায় বা অল্প সময়ে কোনো দুর্ঘটনা ঘটে না। দীর্ঘদিনের মানসিক বিপর্যয় থেকে এমনটি হয়ে থাকে।
বক্তারা বলেন, ‘আমরা যদি আমাদের আশপাশের লোকজনের চালচলন ও তার অসংলগ্ন চলাফেরা লক্ষ্য করি এবং সে অনুযায়ী চিকিৎসক ও নির্দিষ্ট বিভাগের শরণাপন্ন হই তবে তা দূর করা সম্ভব।’

কোর ভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী অংশ নেন
কোর ভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনারে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী অংশ নেন

নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগে বিশাল বাজেট ও তার প্রতিকারের ব্যবস্থা রয়েছে বলে সেমিনারে তথ্য দেওয়া হয়। কোর ভিশন এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের সেমিনার আয়োজন করেছে বলে জানানো হয়। আলোচকেরা সরকারি সুযোগ-সুবিধা, মানসিক চিকিৎসা বিষয়ের ওপর তথ্যভিত্তিক আলোচনা করেন ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। কোর ভিশনের নির্বাহী পরিচালক নাজ ইসলামের উপস্থাপনায় বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিলেন।
আলোচকেরা বলেন, মানসিক ও নৈতিক উন্নয়নের মাধ্যমেই আমরা একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ গঠনে সামর্থ্য হতে পারি। প্রতিটি পরিবার ও সদস্যদের তাদের পরিবারের সদস্যদের কোনো অস্বাভাবিক চলাফেরা ও আচরণ দেখলে বিলম্ব না করে সিটির নির্ধারিত বিভাগে যোগাযোগ করার তাগিদ দেন আলোচকেরা। এ ব্যাপারে কোর ভিশনের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান আবারও সবার উদ্দেশ্যে কোর ভিশনের সাহায্য নেওয়ার কথা বলেন।
মোস্তাফিজুর বলেন, কোর ভিশন নতুন ব্যবসা, ঋণ, ক্রেডিট সমস্যার সমাধান, স্বল্প মূল্যের আবাসন, বিনা মূল্যে আয়কর দাখিল, বিনা মূল্যে কাজের প্রশিক্ষণ, অভিবাসন ইত্যাদি নানা বিষয়ে বিনা মূল্যে সেবা ও তথ্য প্রদান করে আসছে। সুতরাং কোর ভিশনে যোগাযোগ করে এসব সুযোগ ও সেবা নেওয়ার আহ্বান জানান তিনি। যেসব প্রতিষ্ঠান স্টল সহকারে সেমিনারে উপস্থিত ছিল তাদের মধ্যে এনওয়াইসি মেয়র অফিস, প্রাইড এনওয়াইসি অফিস, ছায়া সিডিসি, ওয়েল কেয়ার, হেলথ ইনস্যুরেন্স,হেলথ কভারড এনওয়াইসি অন্যতম।