পরিবারের সদস্যদের কাজের সুযোগ বন্ধ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-ওয়ান বি ভিসায় এ দেশে আসা দম্পতির কাজ করার যে সুযোগ দিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন তা বাতিল করতে পারে। বিদ্যমান সুবিধা বাতিল হলে হাজার হাজার অভিবাসী বিশেষ করে ভারতীয় অভিবাসী ও তাঁদের পরিবার ক্ষতির মুখে পড়বে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকার পণ্য কিনুন’ এবং ‘আমেরিকানদের নিয়োগ করুন’ এই নীতির আওতায় বহু ভারতীয় কর্মী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

২০১৫ সাল থেকে এইচ-ওয়ান বি তথা উচ্চ দক্ষতাসম্পন্ন ভিসা পেয়ে আমেরিকায় বসবাসরত এবং গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত দম্পতির ওপর নির্ভরশীল ব্যক্তিরা এইচ-৪-এর অধীনে এত দিন ধরে কাজ করার সুযোগ পেয়ে আসছেন। ২০১৬ সালে ৪১ হাজারের বেশি এইচ-৪ ভিসা পাওয়া অভিবাসীকে কাজ করার সুযোগ দেওয়া হয়। চলতি বছরের জুন পর্যন্ত ৩৬ হাজারের বেশি এইচ-৪ ভিসাপ্রাপ্ত ব্যক্তিকে কাজের অনুমতিপত্র দেওয়া হয়। এইচ-ওয়ান বি কর্মসূচির অধীনে বিদেশি বিশেষায়িত দক্ষ কর্মীরা কাজ করতে আমেরিকায় আসেন। তাঁদের মধ্যে ভারত ও চীনের কর্মীর সংখ্যাই বেশি। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ-ওয়ান বি’-এ বিধি বাতিল করার প্রস্তাব করেছে। এইচ-ওয়ান বি ভিসা পাওয়া ব্যক্তিদের স্বামী-স্ত্রী অ-অভিবাসী বিদেশি হিসেবে এইচ-৪-এর অধীনে কাজ করতে পারতেন।
চলতি বছরের প্রথম দিকে ‘আমেরিকার পণ্য কিনুন’ এবং ‘আমেরিকানদের নিয়োগ করুন’ এই নীতির আওতায় পরিবর্তন আনার আদেশ জারি করা হয়। সিএনএনের ভাষ্যমতে, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের স্বামী কিংবা স্ত্রী কাজ করার সুযোগ না পেলে বহু উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আমেরিকায় অবস্থান কঠিন হয়ে পড়তে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের প্রস্তাব এই কর্মসূচির সমর্থকদের বিস্মিত করেছে।
এমন প্রস্তাব বাস্তবায়িত হলে তা ভবিষ্যতে একটি বড় আইনি ধরনের উদাহরণ হিসেবে কাজ করতে পারে। ওবামা প্রশাসনের অনুমোদন দেওয়া এইচ-১ বি ভিসাধারীদের স্বামী বা স্ত্রীর কাজ করার বৈধতা নিয়ে ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে। ‘আমেরিকায় চাকরি বাঁচাও-এর ব্যানারে একটি গোষ্ঠী ২০১৫ সালের এপ্রিলে আমেরিকানদের চাকরির সুযোগকে বিপদাপন্ন করেছে—এমন অভিযোগ এনে একটি মামলা করেছিল।
ট্রাম্প প্রশাসন এইচ-১ বি কর্মসূচিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে, যা ভারতীয়দের জন্য বিপদসংকেত। এইচ-১ বি কর্মসূচির আওতায় আমেরিকায় কর্মরত কর্মীদের ৭০ শতাংশই ভারতীয়। এইচ-১ বি ভিসা হলো আমেরিকার কোম্পানিগুলোতে দক্ষ বিদেশিদের চাকরি পাওয়ার অতি সহজ উপায়। এ ভিসা তিন বছরের জন্য বৈধ থাকে। প্রয়োজনে এ ভিসা আরও তিন বছরের জন্য নবায়ন করা যায়। এই কর্মসূচি আইটিতে দক্ষ কর্মীদের কাছে বেশ জনপ্রিয়। এই এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর ৮৫ হাজার প্রকৌশলী ভিসার লড়াইয়ে নামেন।