পরিবারের সবাই কেমন আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনবহুল টাইমস স্কয়ারে এখন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। ছবি: রয়টার্স
জনবহুল টাইমস স্কয়ারে এখন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। ছবি: রয়টার্স
নিউইয়র্ক আমাদের প্রাণের নগরী। কিছু অতি আপনজন নিয়ে আমাদের রয়েছে একটি পরিবার। প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার। প্রথম যেদিন এখানে ঢুকলাম, এক অদ্ভুত মায়া আমাকে আকর্ষণ করেছিল। সবাই জানেন প্রতি বৃহস্পতিবার আমাদের আড্ডা হয়। সঙ্গে চলে ভূরিভোজ ও সেলফি তোলাসহ নানা কিছু। কে কী লিখলেন, কেমন লিখলেন, কীভাবে লিখলে আরও সুন্দর হতো—এসব নিয়ে নানা আলোচনা হয়। অনেক সময় আমরা একসঙ্গে সবাই কথা বলি। মনে হয়, কেউ কারও কথা শুনছি না। পরে দেখা যায়, সবাই ঠিকই সবার কথা শুনেছেন। কারও বিরুদ্ধে কিছু বলে এখানে পার পাওয়া যায় না! এরপরও আমরা যে সে চেষ্টা করি না, তা নয়!
গত দেড় মাসে এই নিউইয়র্ক নগরী যেন পুরোপুরি পাল্টে গিয়েছে। সব যেন থেমে গিয়েছে। বাইরের পথ সুনসান। দোকান-পাট বন্ধ। রাস্তায় গাড়ি চলছে না। রেলপথে ট্রেন চলছে না। বিমানবন্দরে বিমান ওঠানামা করছে না। আমরা ঘরবন্দী হয়ে পড়ে আছি। এক মাস ধরে আমাদের বাড়ি থেকেই অফিসের যাবতীয় কাজ করতে হচ্ছে। পাশাপাশি সবার কলম চলছে আরও জোর কদমে। বাইরের জগৎ থেকে পুরোপুরি আলাদা হয়ে পড়েছি। ইন্টারনেট চালু রয়েছে। নেটে জানতে পারছি, চারদিকে কী হচ্ছে। একটু পরপর করোনা-আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর আসছে; আসছে মৃত্যুর খবরও। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প কী বলছেন, মেয়র কী বললেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী নতুন পরামর্শ দিচ্ছে—সবই আমাদের নজরে রয়েছে। প্রথম আলো অনলাইন সংস্করণে দেখছি প্রতি দিনের আপডেট।
করোনাভাইরাসের জেরে গৃহবন্দী বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা। দিনের পর দিন এই বন্দীদশা একঘেয়ে হয়ে উঠছে অনেকের কাছে। একঘেয়েমি কাটাতে যে যার মতো সময় কাটানোর উপায় বের করছেন। উপায় বের করতে গিয়ে অভিনব কাণ্ডও ঘটাচ্ছেন কেউ কেউ, যা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গা করে নিচ্ছে। এমনই একটি হলো ‘করোনা’ পাকোড়া।
বয়সে প্রবীণ সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রূপু। জানতে চেয়েছিলাম, ‘কেমন আছেন?’ বললেন, ‘ভালো আছি।’ দেশে-বিদেশে স্বজনেরা উৎকণ্ঠা নিয়ে খবরাখবর নিচ্ছেন। গত বৃহস্পতিবার প্রথম আলো অফিসে ঊর্মিকে নিয়ে একাই গত সপ্তাহের পত্রিকার কাজ সামলেছেন। এরপর থেকে আর বের হননি। দেশের কয়েকটি টেলিভিশন যোগাযোগ করেছে। জানতে চেয়েছে, নগরীর সার্বিক অবস্থা। সম্পাদকের সঙ্গে বিরতীহীন যোগাযোগ চলছে। খাওয়া দাওয়া করছেন সীমিতভাবে। কেন, সেটা বোঝা গেল না। সরকার তো বাইরে বের হতে নিষেধ করেছে। কম খেতে একবারও বলেনি।
আব্দুস শহীদ বয়সে আমাদের সিনিয়র হলেও মাথায় সুন্দর ক্যাপ পরলে রূপু ভাইর চেয়েও তরুণ দেখায়। সে কারণেই শহীদ ভাই মাথা কখনো উন্মুক্ত করেন না। শহীদ ভাই জানালেন, মন্দের ভালো আছেন। পরিবারের সবাইকে নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন। স্বাধীনতার মাস নিয়ে কিছু লেখার চেষ্টা করছেন। এখানে বলে নেওয়া যাক, নিউইয়র্কে এখন দুটি ছাড়া বাকি সব বাংলা পত্রিকার ছাপা সংখ্যা আপাতত বন্ধ রয়েছে। বললে, ‘সবকিছুর মধ্যেও কিছু লেখাটাকে দায়িত্ব মনে করি। প্রথম আলো পরিবারকে দারুণভাবে মিস করছি। একাকিত্বের সমাপ্তি কবে হবে, আমরা কেউ বলতে পারছি না।’
প্রথিতযশা সাংবাদিক, কলামিস্ট মনিজা রহমান। মনিজা আপুর কাছে জানতে চাইলাম, ‘কী করছেন এই সময়ে?’ বললেন, ‘সাংবাদিক স্বামী মনির হায়দার এবং দুই ছেলে মনন হায়দার ও সৃজন হায়দারকে নিয়ে অ্যাস্টোরিয়ায় নিজের বাড়িতে গৃহবন্দী আছি আজ প্রায় দশদিন।’ তিনি অ্যাস্টোরিয়াতে একটি প্রি-স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কাজ করেন। বললেন, ‘১৩ মার্চ পর্যন্ত নিয়মিত স্কুলে গেছি, ছেলেরাও তাদের স্কুলে গেছে। নিউইয়র্ক সিটির সব স্কুল বন্ধ করার পর ১৪ মার্চ থেকে বাসায় আছি। জরুরি কাজ না থাকলে বাইরে যাচ্ছি না। জরুরি কাজ বলতে একদিন ব্রুকলিনে দু ছেলের স্কুলে গিয়েছিলাম। বড় ছেলের স্কুল থেকে ল্যাপটপ দিয়েছে। ছোট ছেলের স্কুল থেকে হোমওয়ার্কের শিট দিয়েছে।’
এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন মনিজা রহমান। আরও জানালেন, ‘২৩ মার্চ সোমবার বাসা থেকে স্কুলের কাজ করতে হবে। বড় ছেলেকেও অনলাইনে স্কুলের ক্লাস করতে হবে। তবে সবচেয়ে বড় সমস্যা, আমার ছোট ছেলে সৃজনকে নিয়ে। সে দশ বছর বয়সী স্পেশাল নিডস শিশু। করোনাভাইরাস সম্পর্কে তার কোনো ধারণা নেই। ওদের মতো শিশুর সারা বছর স্কুল খোলা থাকে। এখন করোনাভাইরাসের কারণে যে শুধু ওর স্কুল বন্ধ তা নয়, ওর হোম অ্যাটেন্ডডেন্ট আসাও বন্ধ। বাইরে যেতে না পারায় সৃজন খুব বিরক্ত করে। বারবার জুতা পরে বোঝাতে চায় যে, সে বাইরে যেতে চায়। গত দশ দিনের মধ্যে দুবার তাপমাত্রা ভালো দেখে ওকে নিয়ে বের হয়েছিলাম। ফাঁকা রাস্তায় ঘুরে বেড়িয়েছি। এখন এই ধরনের শিশুকে সারাক্ষণ ঘরে বন্দী করে রাখাটাই হয়ে গেছে মা হিসেবে আমার বড় চ্যালেঞ্জ।’
মনিজা রহমান বলেন, ‘করোনাবিষয়ক সব ধরনের লেখা নিয়মিত পড়ছি। আসলে এই কয়েক দিনে মনে হয় জাগরণের প্রতিটি মুহূর্তে এই শব্দটি ভুলতে পারিনি। সব সময় লেবু দিয়ে ফুটানো গরম পানি খাচ্ছি। শাকসবজির স্যুপ খাচ্ছি। ছেলেদেরও খাওয়াচ্ছি। নিয়মিত নামাজ পড়ছি। মাঝে তিন দিন রোজাও রেখেছিলাম। জানি না কবে এই অবস্থার অবসান হবে। সঙ্গে প্রচুর মুভি দেখছি নেটফ্লিক্সে, ইউটিউবে, কেবল টিভিতে এবং কখনো মুভি থিয়েটারে। নিজেকে কোনো সায়েন্স ফিকশন মুভির চরিত্র মনে হচ্ছে। লকডাউনের মধ্যে বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল, কোনো মৃত্যুপুরীতে বাস করছি।’
সাংবাদিক রহমান মাহবুবের দিন কাটছে পরিবার নিয়ে আর সংবাদ আপডেট নিয়ে। জানালেন, ‘আমার স্ত্রী ও ১৯ বছরের ছোট ছেলেকে নিয়ে বাসায়।’ বললেন, ‘আমরা তিনজনই বাসায় কোয়ারান্টিনে আছি।’ তাঁর বড় ছেলে নিউইয়র্ক নগরের জনস্বাস্থ্য বিভাগে কাজ করেন; থাকেন ব্রুকলিনে। বললেন, ‘আসা-যাওয়া বন্ধ করেছে তিন সপ্তাহ আগেই। নির্দেশ পালন করছে ছোট ছেলেটিও। সে বাসায় আমাদের যথাযথ কোয়ারান্টিনের সব রীতিনীতি পালন করা নিশ্চিত করে। বড় ছেলে আমাদের ঘরের ভেতরে লকডাউন থাকা, হাতে গ্লাভ্স ব্যবহার, আশপাশ সেনিটাইজড রাখা ইত্যাদির গুরুত্বের ওপর জোর দেয়। আমি বিশ্বাস করি আমরা সবাই, ভীত না হয়ে যত বেশি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলব, শারীরিকভাবে পৃথক ও সঠিকভাবে কোয়ারান্টাইন্ড থাকব, তত দ্রুত এ সংকটের সমাধান হবে। আবার আমরা হাসব, জ্যাকসন হাইটসের প্রথম আলো অফিসে আড্ডায় বসব। সবাই মিলে আবার গান গাইব।’
সানজিদা ঊর্মি প্রথম আলো উত্তর আমেরিকার সর্বকনিষ্ঠ। এক বছরের মেয়ে প্রথমা, বর ও শাশুড়ি নিয়ে থাকেন। জানালেন, ‘আপু কী বলব, আমার মনে হচ্ছে আমি থেমে গেছি। প্রতিদিন ছিল আমার একটা রুটিন। আর এখন শুধু অলস সময় আর মনের মধ্যে ভয় কাজ করছে। নিজেকে নিয়ে যত না বেশি খারাপ লাগছে, দেশের মা-বাবা আত্মীয়দের নিয়ে লাগছে আরও বেশি।’
রাজুব ভৌমিক একের ভেতরে অনেক। সাংবাদিক, গল্পকার, শিক্ষক ও ডাকসাইটে পুলিশ অফিসার। আমাদের তথা দেশের সুরক্ষার জন্য রাতদিন ঘরের বাইরে ডিউটি করে যাচ্ছেন। তাঁর কাছে জানতে চাইলাম, ‘কেমন যাচ্ছে সময়?’ বললেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগের চেয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি। আগের চেয়ে এখন ডিউটির সময় অনেক বেশি হয়ে গেছে। কোনো কোনো দিন ষোলো ঘণ্টা একটানা ডিউটি করতে হয়। আশা করছি খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক হবে।’
প্রিয়াংকা ভৌমিক ছোট দুই মেয়ে ও মাকে নিয়ে ঘরের ভেতরেই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ত স্বামী পুলিশ অফিসারকে নিয়ে সব সময় আতঙ্কে থাকেন। কারণ, লকডাউন হওয়ার পর তাঁর কাজ বেড়ে গেছে। মোহাম্মদ মনজুরুল হক জানান, ‘অঙ্গরাজ্যের নীতি অনুযায়ী পরিবারের সঙ্গে বাসায় অবস্থান করছি। সবার কথা মনে পড়ে। আগামী সংখ্যা কীভাবে প্রকাশিত হবে, সে পরিকল্পনা নিয়ে কাজ করছি।’ সবাইকে ভালো থাকার ও সাবধানে থাকার পরামর্শ দিলেন তিনি।
বাফেলো থেকে আমাদের ইয়াংস্টার আসিফ মোক্তাদির বলেন, ‘এমনিতেই শান্তশিষ্ট শহর বাফেলো। করোনাভাইরাসের ফলে যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে এখন। গত এক সপ্তাহ থেকে আমার পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে আছি। খাদ্যদ্রব্য, ওষুধপত্র সবকিছু আগেই মজুত করে রাখায় আমরা কেউই ঘর থেকে বের হচ্ছি না। ঘরে বন্দী থেকে বিরক্ত হলেও পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর সুযোগ হয়েছে। যেমন-মুভি দেখা, একসঙ্গে দুপুর ও রাতের খাবার খাওয়া ইত্যাদি, ব্যস্ততার জন্য যা আগে কখনো সম্ভব হতো না।’
শেলী জামান খান আমাদের উত্তর আমেরিকার প্রথম আলো পরিবারের একজন মমতাময়ী সদস্য। তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। জানালেন, তাঁর দুই সন্তান সুমিত ও অমিত, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বামী নুরুল আলম—সবাই সাবধানে আছেন। বললেন, ‘নিউইয়র্ক আমার হোমটাউন। স্বামী-সন্তান, মা, ভাই-বোনসহ বসবাস করি কুইন্সের জ্যাকসন হাইটসে। ২০২০ একুশে বইমেলায় যোগ দিতে জানুয়ারি মাসের বাংলাদেশে এসেছি। বইমেলা ছাড়াও তিন মাসের ট্রিপের উদ্দেশ্য ছিল বিবিধ। উঠেছি মিরপুরের পৈতৃক বাড়িতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ডিসেম্বর মাসেই চীনের উহানে ‘নভেল করোনাভাইরাসের’ সংক্রমণ নিশ্চিত করেছিলেন। এরপর জানুয়ারি গেল। ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলো। প্রবল উত্তেজনা নিয়ে, যানজট ঠেলে বইমেলায় যাতায়াত করি। প্রচণ্ড ধুলায় নাক-মুখ-গলা বন্ধ হয়ে কাশতে কাশতে বাড়ি ফিরি। উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর শুনে শঙ্কিত হই। সবাই ভাবল, চীনারা সাপ-ব্যাং, পোকামাকড়, হাবিজাবি যা পায় তাই খায় বলেই ওদের এমন হচ্ছে। যখন মহামারি আকারে করোনাভাইরাস ইতালিসহ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ল, বাঙালিরা বলতে শুরু করল, “ম্লেচ্ছদের ওপর আল্লাহর রহমত নাই। বাংলাদেশ পীরফকিরের দেশ। এ দেশে বালামুসিবত আসবে না।” মার্চ মাসে হঠাৎ করেই উল্টে পাল্টে গেল দৃশ্যপট। মহামারি আকারে আক্রান্ত হলো ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক। আমার পৃথিবী দুলে উঠল। এ দুটি স্টেটেই বাস করছে আমার দুই ছেলে। বড় ছেলে ক্যালিফোর্নিয়ায়, ছোটটা নিউইয়র্কে। ট্রাম্পের সময়োচিত পদক্ষেপের অভাবে করোনা ছড়িয়ে পড়ল সমগ্র আমেরিকায়। ছেলেরা আটলান্টিকের ওপারে, আমরা এপারে। প্রতিদিন ভিডিও কলে পরস্পরের খোঁজখবর নেই। প্রাণপণে চোখের পানি লুকিয়ে রাখি। নিরাপত্তা, সাবধানতার বিষয়ে আমরা পরস্পরকে বারবার উপদেশ দিই।’
এইচ বি রিতা প্রথম আলো উত্তর আমেরিকার পুরোনো সাংবাদিক ও কলামিসট। গত এক বছর ধরে অসুস্থ। লিভার ট্রানসপলান্ট করে নতুন জীবন ফিরে পেয়েছেন। একদিনের জন্যও যার কলম থামেনি। ইমারজেন্সিতে থেকেও নিরলসভাবে লিখে গেছেন। প্রথম আলোর গ্রুপ চ্যাটে তাঁর ম্যাসেজ পেলে আমরা সবাই আনন্দিত হই। কোনো দিন কিছু না লিখলে মনে দুশ্চিন্তা ভর করে।
‘কেমন আছেন’ জানতে চাইলে এইচ বি রিতা বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার বর্তমানে আমাদের হৃদ্‌স্পন্দনকে সীমিত করে দিয়েছে। আমাদের ইমানকে দুর্বল করে রেখেছে। সারাক্ষণ আমরা বেঁচে থাকার উপকরণ খুঁজছি; কখনো সেনিটাইজারে, কখনো জায়নামাজে। লিভার ট্র্যান্সপ্লেন্টের কারণে যেহেতু আমি ইমিউনোসাপ্রেশনে আছি, তাই আমাকে নিয়ে আমার মা, স্বামী ও সন্তানদের আতঙ্কের শেষ নেই। সবাই আমাকে আলাদা ছোট কামরায় রেখেছে। কেউ কাছে আসে না, যদি আমি ইনফেকটেড হই। ছেলে দুটোও মায়ের জন্য বড় বেশি চিন্তিত। দেশের আত্মীয়স্বজনদের কথা ভেবে বুক কেঁপে ওঠে। তাদের কী হবে? পুরো পৃথিবী আজ ভয়ানক পরিস্থিতিতে। কী করুন অমানবিক নির্মম পৃথিবী দেখছি রোজ। তাই ভয়ে আতঙ্কে, আবার সবার ভালোবাসাতে ভালোই আছি বলতে হবে।’
কথা বলেছি সিনিয়র কলামিস্ট সেলিনা আক্তারের সঙ্গে। জানালেন, ‘যারা ঘরে প্রিয়জনের মধ্যেই কোয়ারেন্টিন বা আইসোলেশনে আছেন, তাদের জন্য ভালো পরামর্শ পাঠান। যে একা আছে, কষ্টে আছে, তাকে আপনার পাঠানো ভালো চিন্তা সহায়তা করবে। আমরা যখনই বলব যে, সে ভালো আছে, তখন তার খারাপ থাকাতেও এটি একটি শুশ্রূষা দেবে। আমাদের প্রয়োজন এখন সবাইকে সাহস দেওয়া। এরই মধ্যে কয়েকটি ভিডিও বার্তায় মানুষকে পজিটিভ চিন্তা করার পরামর্শ দিয়েছি। আমি ভালো আছি। কারণ, আমার মনকে আমি সব সময় নিয়ন্ত্রণ করি। লেখালেখি করছি। মেয়েকে কাছে পাচ্ছি। এটা অনেক বড় পাওয়া।’
এবার নিজের কথা বলি। প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে কাজ করছি বেশ কয়েক মাস হলো। এই সময়ে নিউইয়র্কের প্রায় সব পত্রিকা যখন বন্ধ, আমাদের প্রতিটি সাংবাদিক যে যার জায়গায় থেকে রিপোর্ট করে যাচ্ছেন। এটা আমার এক নতুন পরিবার। এই ভয়াবহ সময়ে পরিবারের প্রতিটি সদস্যকে মিস করছি অনেক। বিশেষ করে বৃহস্পতিবারের আড্ডা, যেখানে ইব্রাহীম চৌধুরী ভাই বলতেন, ‘এখানে আমরা আসব, কথা বলব।’ গত সপ্তাহে অফিসের খালি চেয়ারগুলোর ছবি দেখে এক অদ্ভুত কষ্ট হচ্ছিল মনের ভেতর। আশা করি এই বাজে সময় কেটে যাবে। আবারও সবাই হইচই করব; গল্প হবে নানা বিষয়ে।
রওশন হক জানালেন, ‘দীপা যে যেখানে আছ, নিরাপদে থেকে যার যার এলাকার খবর লেখো। মানুষকে যথাসময়ে সঠিক সংবাদ জানাতে হবে।’ ল্যাবে কাজ করার কারণে জরুরি অবস্থায়ও তাঁকে অফিস করতে হচ্ছে। এরই মধ্যে তিনি দু হাতে নয়, চার হাতে লিখে যাচ্ছেন বলে জানালেন। তাঁর বড় মেয়ে থাকেন নিউজার্সিতে। তাঁকে নিউইয়র্কে আসতে বারণ করেছেন। বড় মেয়ে বাসা থেকেই কাজ করলেও অজানা আশঙ্কায় দিন পার করছেন। তিনি আরও বলেন, তাঁর বর হোম কোয়ারেন্টিনে থেকে নিত্যনতুন রান্না শিখছেন। কয়েক মাসের জন্য যেসব সদাই কিনেছিলেন গত এক সপ্তাহে তা অর্ধেকে নেমে এসেছে। বরের অনুরোধে তাঁকে এসব খেতেও হচ্ছে। এ নিয়ে বেচারিকে বেশ চিন্তিত মনে হলো।
জাহিদা আলম জানালেন, সংবাদে চোখ রাখছেন। পাশাপাশি সংবাদ লেখায়, সচিত্র সংবাদ প্রচারে মাঠে আছেন। নিজে নিরাপদ থাকার চেষ্টা করছেন। অন্যদেরও নানাভাবে সাহায্য করছেন। করোনাভাইরাসে কাছের বন্ধু হারানোর শোকের কথাও জানালেন।
প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের তরুণ সদস্য শাহ আহমদ। মধ্যরাতে বেরিয়ে পড়ছেন নগরীর সংবাদ সংগ্রহে। সদা সক্রিয় রিপোর্টার শাহ আহমেদকে বলা হয়েছে, সামনে যেহেতু তাঁর বিয়ের কথা চলছে, তাই কোনো ঝুঁকি নেওয়া যাবে না। শাহ মুখে মাস্ক আর হাতে গ্লাভস লাগিয়ে ঠিকই মাঠে আছেন প্রতিদিন। ভোজন রসিক তফাজ্জল লিটন অবরোধের সময় নতুন কোন কোন পদের খাবার খাচ্ছেন, তা জানাচ্ছেন সবাইকে।
দেশে গিয়ে আটকা পড়েছেন আমাদের অগ্রজ সাংবাদিক মাহবুবুর রহমান। সেখান থেকেই খোঁজ নিচ্ছেন, আমরা এখানে কে কেমন আছি। ছেলে ও মেয়েকে রেখে মাহবুবুর রহমান দম্পতি কবে দেশ থেকে ফিরবেন, বলতে পারছেন না।
মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস জানালেন, অ্যাস্টোরিয়ার বাসায় আটকা পড়েছেন। রাজনীতি করতে গিয়ে হুলিয়া মাথায় নিয়ে বছরের পর বছর পালিয়ে বেড়িয়েছেন। জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। এবারের যুদ্ধে শত্রু জানা নেই। সবার খোঁজ নিচ্ছেন দফায় দফায়।
ইব্রাহীম চৌধুরী আমাদের সবার ‘ভাইজান’। প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন। এদিকে আমরা কে কেমন আছি, কী করছি, সাবধানে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সুযোগ হলেই লেখার তাগাদা দিচ্ছেন। ভিন্ন ধাঁচের এক সংগঠক ইব্রাহীম চৌধুরী। তাঁর পক্ষে যেন সবই সম্ভব। বিষণ্ন মনে জানালেন, ‘পত্রিকা বের করতেই হবে। মানুষ ফোন করে পেপার বের করার অনুরোধ করেছে।’ আরও বললেন, ‘ভালো নেই নিউইয়র্কের লোকজন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে নগরের লোক পুষ্পের হাসি হেসেছে, তাদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশার বাণী এখন উপহাস হতে পারে। নিউইয়র্ক নগরের মানুষের মনের আকুতি প্রকাশ পাচ্ছে মেয়র বিল ডি ব্লাজিওর কথায়। স্পন্দনহীন নগরের বিমর্ষ মেয়রের আকুতি, ‘প্রতিটি দিন এখন গণনার, কথা নয়, কাজের সময় এখন।