পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক গোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ উত্তীর্ণ পরীক্ষার মৌখিক পরীক্ষা বা উচ্চ শিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেকেই অনেকের পরীক্ষার ফলাফল বা সিজিপিএ জিজ্ঞেস করেন। আরেকজনকে এভাবে পরীক্ষার সিজিপিএ জিজ্ঞেস করাটা সাধারণত এশিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের অশোভন আচরণের মধ্যে পড়ে। এ জন্য ইউরোপ-আমেরিকার দেশগুলোতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় অনলাইনে নিজস্ব অ্যাকাউন্টে অথবা খামের মাধ্যমে যাতে একজন আরেকজনের ফলাফল দেখতে না পারে।
এসব দেশে আরেকটি বিশেষ ব্যাপার লক্ষণীয় যে শিক্ষক যখন ছাত্রদের পরীক্ষার খাতা দেন, খাতাটিকে এমনভাবে দেন যাতে একজনের গ্রেড আরেকজন না দেখে। একজন শিক্ষক যদি পাবলিকলি একজনের গ্রেড আরেকজনকে বলেন তাহলে ওই শিক্ষার্থী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন।
এখন প্রশ্ন হলো, কেন গ্রেড বা সিজিপিএ নিয়ে এত লুকোচুরি? আমাদের দেশের জন্য এটা অনেকটা হাস্যকর। কারণ প্রতি বছর দেশের যে কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল বা ইয়ার ফাইনালে ভাইভা কোর্স থাকে, সেখানে শিক্ষকেরা সবার আগে পূর্ববর্তী পরীক্ষার সিজিপিএ জিজ্ঞেস করেন। এ ক্ষেত্রে আপনার সিজিপিএ যদি খুব ভালো হয় বলতে তেমন কোনো অসুবিধা হয় না। উন্নত দেশগুলোতে শিক্ষক কখনো কোনো কারণে সিজিপিএ জিজ্ঞেস করেন না, কারণ এতে শিক্ষার্থীর পূর্ববর্তী ফলাফল বর্তমান মার্কিংয়ের ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলতে পারে।
আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্সের সব বর্ষের ফলাফল বিভাগের আর হলের নোটিশ বোর্ডে নাম, পজিশনসহ টানিয়ে দেওয়া হয়। জানি না কত বছর আগের নিয়ম এটি। ব্রিটিশরা নাকি এমন নিয়ম করেছিল। তবে ব্রিটিশরা তাদের নিয়ম পরিবর্তন করেছে, আমাদের আর পরিবর্তন করা হয়নি। বুয়েটসহ অন্য দু-একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এ নিয়মের ব্যতিক্রম।
একটা ক্লাসে অবশ্যই প্রথম থাকবে, শেষ থাকবে; ভালো সিজিপিএ, খারাপ সিজিপিএ পাওয়া শিক্ষার্থী থাকবে। খারাপ সিজিপিএ পাওয়া শিক্ষার্থী আছে বলেই তো ভালো সিজিপিএ পাওয়া শিক্ষার্থীর এত গৌরব। নইলে সবাই এক ক্যাটাগরির হয়ে যেত। ৪ থেকে শুরু করে ২.৬০ পাওয়া সব শিক্ষার্থীর সিজিপিএ যদি হলের নোটিশ বোর্ডে টানানো থাকে, সে ক্ষেত্রে খারাপ সিজিপিএ পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, হল, বন্ধুমহলে কতটা হীনমন্যতায় ভোগে? অথচ এটি একজনের ব্যক্তিগত তথ্য, যা গোপন থাকার কথা। এভাবে প্রকাশ্যে ফলাফল প্রকাশের কারণে ১৪ বছর পরও কারওর কারওর মনে থাকে অমুক তাঁর ক্লাসের একমাত্র থার্ড ক্লাসধারী!
প্রকাশ্যে নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ একজন শিক্ষার্থীকে সামাজিকভাবে যেমন হেয় প্রতিপন্ন করে, তেমনি তাঁর হতাশা বাড়িয়ে দেয় এবং বন্ধুমহলেও গ্রহণযোগ্যতা নানাভাবে কমিয়ে দেয়। এতে করে পরবর্তী কর্মজীবনে নিজের ওপর আস্থাও অনেক কমে যায়।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবশ্যই ছাত্রজীবনে ভালো সিজিপিএ-এর অধিকারী থাকেন, তাই তিনি ক্লাসের শেষ ছেলেটির এই হতাশা বুঝবেন কি না সেটা চিন্তার বিষয়। আমাদের দেশের ইউরোপ-আমেরিকা ফেরত শ্রদ্ধেয় শিক্ষকেরা সবাই বিদেশের এই সুন্দর নিয়মের সঙ্গে পরিচিত। তাঁদের সদিচ্ছায় নিয়মটির পরিবর্তন হতে পারে। আর তা না হলে বছর বছর প্রত্যেক ব্যাচে নীরবে নিভৃতে হতাশা গ্রস্তের সংখ্যা বাড়বে।
লেখক পিএইচডি স্টুডেন্ট, পার্ডু বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট লাফায়াতে, যুক্তরাষ্ট্র