পর্যটন মহাকাশযান আকাশে বিধ্বস্ত
একটি বেসরকারি পর্যটন মহাকাশযান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলক উড্ডয়নকালে ভার্জিন গ্যালাকটিকের স্পেসশিপটু নামক মহাকাশযানটি আকাশে বিধ্বস্ত হয়। পরে এর ধ্বংসাবশেষ মোহাবি মরুভূমিতে ছড়িয়ে পড়ে।
মহাকাশযানটিতে থাকা দুই বৈমানিকের একজন নিহত ও অপরজন গুরুতর আহত হন। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপি ও বিবিসির।
এই দুর্ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে মহাকাশ পর্যটন। এটি ছিল বিশ্বের প্রথম বেসরকারিভাবে মহাকাশ পর্যটনের উদ্যোগ। তবে এর উদ্যোক্তা ভার্জিনের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন দাবি করেছেন, দুর্ঘটনার কারণে মহাকাশ পর্যটনের অগ্রযাত্রা থমকে পড়বে না।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রসদ সরবরাহকারী অপর একটি মহাকাশযানসহ একটি রকেট উৎক্ষেপণের ছয় সেকেন্ড পরই বিস্ফোরিত হয়।
গ্যালাকটিক স্পেসশিপটুর দুর্ঘটনা স্যার রিচার্ড ব্র্যানসনের দীর্ঘদিনের লালিত মহাকাশ পর্যটনের স্বপ্নে বড় একটি আঘাত। তিনি গ্যালাকটিক স্পেসশিপটুতে ২০১৫ সালের মাঝামাঝি পরিবার নিয়ে ভ্রমণে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই ভ্রমণে তাঁর সঙ্গী হওয়ার কথা ছিল হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর।
ইতিমধ্যেই প্রায় ৫০০ মানুষ মহাকাশ পর্যটনে যাওয়ার টিকিট বুকিং দিয়েছেন। দুই হাজার ৫০০ ডলার মূল্যে মহাকাশ পর্যটনের টিকিকের বুকিং দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, অ্যাশটন কুচার ও ডেমি মুরের মতো তারকা থেকে শুরু করে অনেকেই।
মহাকাশ পর্যটনবিষয়ক বিশেষজ্ঞরা দাবি করেছেন, আপাতত আগামী বছর যে বেসরকারিভাবে মহাকাশ পর্যটন শুরু হচ্ছে না এটি অনেকটাই নিশ্চিত।
যেভাবে ঘটল দুর্ঘটনা: হোয়াইটনাইটটু নামক একটি বড় উড়োজাহাজ পর্যটন মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকের স্পেসশিপটুকে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বয়ে নিয়ে যায়। পরে মহাকাশযানটি উড়োজাহাজ থেকে আলাদা হয়ে উড়ে চলে। এভাবেই পর্যটন মহাকাশযানটির পরীক্ষা চলে। পরীক্ষামূলক মহাকাশযানটি দুজন বৈমানিকের পাশাপাশি ছয়জন যাত্রী বহন করতে পারে।
শুক্রবার সকাল নয়টা ২০ মিনিটে মোহাবি এয়ার অ্যান্ড স্পেস পোর্ট থেকে হোয়াইটনাইটটু উড়োজাহাজ পর্যটন মহাকাশযান স্পেসশিপটুকে নিয়ে উড্ডয়ন করে। ৪৫ হাজার ফুট (১৩ হাজার ৭০০ মিটার) ওপরে উঠে যায় হোয়াইটনাইটটু। উড্ডয়নের ৫০ মিনিট পর ১০টা ১০ মিনিটে ওই উচ্চতায় স্পেসশিপটু উড়োজাহাজ থেকে আলাদা হয়। এ পর্যন্ত সবই ঠিক ছিল। এর মাত্র দুই মিনিট পরই দেখা দেয় বিপত্তি।
মোহাবি এয়ার অ্যান্ড স্পেস পোর্ট প্রধান স্টুয়ার্ট উইট বলেন, উড়োজাহাজ থেকে স্পেসশিপটু আলাদা হওয়ার দু মিনিট পরই তাঁরা নিশ্চিত হন কিছু একটা গোলমাল হয়েছে।
স্পেসশিপটু থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর পরপরই একজন বৈমানিক বেরিয়ে আসেন। অপরজন বের হতে পারেননি। মহাকাশযানটি আকাশেই বিস্ফোরিত হয়। মোহাবি মরুভূমিতে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের উড়োজাহাজ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, মোহাবি মরুভূমির পর্যটন মহাকাশযানটির ধ্বংসাবশেষের কাছে তারা একটি দল পাঠিয়েছে।
ভার্জিন গ্যালকটিকের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, এটি ছিল পর্যটন মহাকাশযান স্পেসশিপটুর ৩৫তম পরীক্ষমূলক উড্ডয়ন। এই উড্ডয়নে নতুন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার মহাসড়ক পুলিশ (হাইওয়ে পেট্রল) একজন বৈমানিক নিহতের খবর নিশ্চিত করেছে। গুরুতর আহত অপর এক বৈমানিককে হাসপাতালে নেওয়া হয়েছে।