রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁকে সমর্থন না করার বিষয়ে নিজ দলের নেতা পল রায়ানের সিদ্ধান্ত তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। বুধবার এক নির্বাচনী জনসভায় তিনি রায়ানকে ‘এক শয়তানি চক্রান্তের অংশ’ হিসেবে বর্ণনা করে বলেন, নভেম্বরের নির্বাচনে তাঁর সমর্থনের কোনো প্রয়োজন তিনি দেখেন না।
ট্রাম্প অভিযোগ করেন, দ্বিতীয় বিতর্কে তাঁর চমৎকার ফলাফলের পর স্পিকার রায়ানের উচিত ছিল তাঁকে অভিনন্দন জানানো। কিন্তু তা করেননি, কারণ তিনি আসলে এক শয়তানি চক্রান্তের অংশ। ট্রাম্প ইঙ্গিত করেন, তিনি চান না রায়ান পরবর্তী কংগ্রেসে স্পিকার হোন।
গত শুক্রবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্যের ভিডিও প্রকাশিত হওয়ার পর নিজ দলের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ধস নেমেছে। রিপাবলিকান দলের ভেতরে প্রায় দেড় শ নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধি কঠোর ভাষায় ট্রাম্পের ওই বক্তব্যের নিন্দা করেছেন। তাঁদের অন্যতম দলের নেতা স্পিকার পল রায়ান। তিনি ট্রাম্পের পক্ষ সমর্থন করে কোনো প্রচারণায় অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে ‘ব্ল্যাংক চেক’ দেওয়া ঠেকাতে রায়ান কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগের কথা বলেছেন।
ট্রাম্প ও রায়ানের এই প্রকাশ্য দ্বন্দ্ব রিপাবলিকান দলকে এক অভাবিত গৃহবিবাদে ফেলে দিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞ এই বিষয়ে একমত যে, দলের শীর্ষ নেতাদের সমর্থন ও সাংগঠনিক সহায়তা ছাড়া ট্রাম্পের পক্ষে জেতা অসম্ভব। মাঠপর্যায়ে তাঁর কোনো সাংগঠনিক প্রস্তুতি নেই। অন্যদিকে ট্রাম্পের প্রতি বিরোধিতার মনোভাবের কারণে তাঁর একনিষ্ঠ সমর্থকেরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের পক্ষে ভোট না-ও দিতে পারে। এর ফলে যে উদ্বেগ থেকে রায়ান ট্রাম্পের ছায়া এড়াতে চাইছেন, সেই অপচ্ছায়াই দলের ওপর ভর করতে পারে। এই ভয় এড়াতে পুনর্নির্বাচনে ‘বিপদে আছেন’ এমন রিপাবলিকানরা ফের ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থনের কথা ঘোষণা করেছেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন তুলে নিতে দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে আয়োজিত সমাবেশে রিপাবলিকান নেতাদের উদ্দেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের কেবল নিন্দা জানানোর কোনো মানে নেই, যেখানে এখনো হোয়াইট হাউসে ট্রাম্পকে বসাতে সমর্থন দেওয়া হচ্ছে।
ওবামা প্রশ্ন করেন, কীভাবে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতারা এখনো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন। রিপাবলিকান নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ কী বলছে, তা তো আপনারা শুনছেনই। জনগণ বলছে, ট্রাম্পকে তারা অনুমোদন করেনি। আপনাদের সঙ্গে এ ব্যাপারে তারা একমত নয়। এরপরও তাঁকে সমর্থন দেওয়া হচ্ছে। এর কোনো মানে হয় না।’