আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা
পলাতক ঘাতকদের বাংলাদেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা

যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত দোয়া, মিলাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। এতে ১৫ আগস্টের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেও দোয়া করা হয়। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীতও পরিবেশন করা হয়।
সাংসদ মো. আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বর্তমান সংসদ সজাগ আছে। সংবেদনশীল এ বিষয়টা আমরা দেখব। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করতে আগামী নির্বাচনের আগে দেশে আসুন, কাজ করুন, যাতে দল আবার ক্ষমতায় আসতে পারে।
অনুষ্ঠানে সাংসদ জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিদেশে পালিয়ে রয়েছে। এই পলাতক খুনিদের দেশে ফেরত পাঠাতে কাজ করার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতার হত্যাকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বিধাবিভক্তি ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা চলে গেলে দেশে আবার হাওয়া ভবন তৈরি হবে, দেশে ট্রাক ট্রাক অস্ত্র ঢুকবে।
সভাপতির ভাষণে শামসুদ্দিন আজাদ রাত নয়টা থেকে একটা পর্যন্ত জাতীয় শোক দিবসের দোয়া, মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে দলের কোনো কোনো নেতাকে জামায়াত-শিবিরের চর বলা হলে উত্তেজনা দেখা দেয়।
আলোচনাসভা শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস প্রথম আলোকে বলেন, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার জন্য আসছেন। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ কারণে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক সমাবেশ হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, মাহাবুবুর রহমান, সৈয়দ বসায়ত আলী ও লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভিন, উপদেষ্টা ড. প্রদীপরঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, নূরে আজম বাবু, আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, আবদুর রহিম বাদশা ও চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষাবিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, আইনবিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, আন্তর্জজাতিক-বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, মানবাধিকার-বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুব-বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, উপদপ্তর সম্পাদক আবদুল মালেক, জহিরুল ইসলাম, তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন, কার্যকরী সদস্য ডেনী চৌধুরী, আশরাফ মাসুক, মুজিবুল মাওলা, সামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, কামাল আহম্মেদ, খেরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, করিম চৌধুরী, শরীফ কামরুল আলম হীরা, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার দীবা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সম্পাদক ইমদাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, কফিল উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শেখ আতিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি শাহনাজ মমতাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফরিদা আরভী, যুবলীগ নেতা সেবুল মিয়া, হুমায়ন চৌধুরী, গণেশ কীর্তনীয়া, রাহিমুজ্জামান সুমন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহসভাপতি খান শওকত, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরজ্জামান সরদার, সহসভাপতি দরুদ মিয়া রনেল, কবির আলী, গোলাম কিবরীয়া প্রমুখ।