পশু আশ্রয়কেন্দ্রের আধুনিকায়নে ৫ মিলিয়ন ডলারের তহবিল
নিউইয়র্কের পশু আশ্রয়কেন্দ্রগুলোর আধুনিকায়নে ৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে। বিভিন্ন পশু আশ্রয়কেন্দ্র তাদের সেবা আওতা বৃদ্ধি ও এর আধুনিকায়নের লক্ষ্যে এ তহবিল থেকে সহায়তা নিতে পারবে। ২১ অক্টোবর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
পশু আশ্রয়কেন্দ্রের আধুনিকায়নের উদ্দেশ্যে ‘কম্প্যানিয়ন অ্যানিমেল ক্যাপিটাল ফান্ড’ নামের এ তহবিল গঠন করা হয়েছে। আমেরিকায় এ ধরনের তহবিল এই প্রথম গঠন করা হয়েছে দাবি করে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, এর আগে অন্য কোনো অঙ্গরাজ্যের অর্থায়নে এ ধরনের তহবিল গঠিত হয়নি। পৌরসভার আওতাধীন বিভিন্ন অলাভজনক আশ্রয়কেন্দ্রকে এ তহবিল থেকে আর্থিক সহায়তা করা হবে।
নিউইয়র্ক স্ট্যাট অ্যানিমেল প্রোটেকশন ফেডারেশনের তথ্যমতে, প্রতি বছর নিউইয়র্কের আশ্রয়কেন্দ্রগুলোয় দেড় লাখেরও বেশি পশুকে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে একটি বড় অংশেরই দায়িত্ব বিভিন্ন পরিবার গ্রহণ করে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এ তহবিল থেকে আর্থিক সহায়তা পেতে আশ্রয়কেন্দ্রগুলোকে আগামী ১০ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। মূলত পশু আশ্রয়কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা বৃদ্ধির বাবদ এ অর্থ সাহায্য দেওয়া হবে। এ ছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলোকে যুগোপযোগী করে তুলতেও এ তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা যাবে।