অফিস কর্তৃপক্ষ একজন নারী, বাচ্চা অভিযোজনের কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিলেন, তাঁর ইনস্যুরেন্স আছে ২৫০ ডলারের। সব ভ্যাকসিন দেওয়া আছে, তবে পরবর্তী ভ্যাকসিন দেওয়ার তারিখ ৫ আগস্ট। খাবার দিতে হবে তিন বেলা। কী পরিমাণ দিতে হবে, তা দেওয়া আছে। দুধ দেওয়া যাবে না। শীতাতপ নিয়ন্ত্রিত রুম হলে ভালো। কারণ গরম থেকে অসুখ-বিসুখ হতে পারে। এ রকম অসংখ্য নিয়ম। সব কথা বলার পর জিজ্ঞেস করলেন, ‘আপনার কি আর কিছু প্রশ্ন আছে?’ অভিযোজনকারী, ‘না, তবে বললেন যে সে পটি ট্রেইনড! কখন তাকে পটি দেব? কীভাবে বুঝব যে সে পটি করবে? এমন বোকার মতো প্রশ্নে ভদ্রমহিলা হেসে বললেন, ‘তার যখন ইচ্ছা করবে, শুধু পটিটা তার রুমে রেখে দেবেন। ‘ওহ আচ্ছা।’ সই করার আগে বললেন, ওর জন্ম নাম ইয়ামা, চাইলে পরিবর্তন করতে পারেন, সে নামে নিবন্ধন হবে।
এই বাচ্চা কিন্তু সেই বাচ্চা নয়, যা ভাবছেন! এই বাচ্চা এক বিড়াল ছানা। উন্নত বিশ্বে পোষা প্রাণী বিড়াল, কুকুর যারা বিশেষ কিছু। সেটা সবাই কম-বেশি জানেন এবং আমিও জানতাম। বিগত বছরে খুব কাছে থেকে দেখেছি, কত ভালোবাসার ধন এরা! কিন্তু সেই দেখাই যে দেখা নয়, তা জানলাম মাত্র এই দুদিন আগে। একটা পোষা প্রাণীকে যে কী রকম যত্নআত্তি করতে হয়? এটার জীবনবোধ সম্পর্কে আপনি কী মনোভাব পোষণ করেন? একটা প্রাণীর জীবন কতটুকু মূল্যবান এবং কী পরিমাণ স্নেহপ্রবণ হতে হবে? এ সবকিছু যেন আমার কাছে এক বিস্ময়। মাঝে মাঝে ধাক্কা লাগে এই ভেবে যে, জীবনে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। অনেক কিছু শিখছি এবং হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু শিখব। শিক্ষণের এই রাস্তাটা তৈরি করে দিয়েছে আমার মেয়ে। জীবনে বড় ধরনের অদ্ভুত অভিজ্ঞতা হলো। মেয়েটা ততক্ষণ অনলাইন ঘেঁটে একটা নাম বের করে ফেলেছে, তার নাম ওরিও। আট সংখ্যার একটা চিপ নম্বর দেওয়া হলো, অনেকটা সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো। এত এত নিয়মনীতি পড়ে তো আক্কেল গুড়ুম। সব কাগজপত্রসহ বেশ ভারী একটা ফাইল। ওরা ওরিওর গলায় একটা বেল্ট পরিয়ে দিলেন সেই চিপ নম্বরসহ, যাতে কখনো হারিয়ে গেলে সেই চিপ নম্বর থেকে সহজে তার মালিক, ঠিকানা সব পাওয়া যায়।
নিউইয়র্কের ম্যানহাটনে দ্বিতীয় অ্যাভিনিউয়ে রয়েছে পোষা প্রাণী অভিযোজন কেন্দ্রটি। প্রতিষ্ঠানটির ইংরেজি সংক্ষেপ নাম ASPCA, যার পুরো অর্থ দ্য আমেরিকার সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেল্স (The American Society for the Prevention of Cruelty to Animals)। প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জন্য আমেরিকান সোসাইটি (এএসপিসিএ) প্রাণী উদ্ধার, গ্রহণ ও কল্যাণের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা পালন করছে। অফিসটি বড় একটা ভবনের চার তলা পর্যন্ত বিস্তৃত। অসংখ্য কর্মী রয়েছেন যাদের একটা বড় অংশ স্বেচ্ছায় পোষা প্রাণীর জন্য কাজ করেন। শুধু পোষা প্রাণীর প্রতি ভালোবাসা মমত্ববোধ থেকে এসব স্বেচ্ছাসেবকেরা সেবা দিয়ে থাকেন। সামান্য পশুর প্রতি তাদের প্রেম মানুষকে মুগ্ধ করতে বাধ্য। সারা দিনই লোক সমাগম হচ্ছে। কেউ আসেন শুধু তথ্য সংগ্রহের জন্য, কেউ আসেন প্রাণী অভিযোজন বা অ্যাডাপ্টেশনের জন্য। সুজানা নামে চীনের এক ভদ্রমহিলার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তিনিও এসেছেন সঙ্গে থাকা সপ্তম শ্রেণির মেয়ের আবদার পূরণ করতে। স্কুল বন্ধ, তাই বাচ্চাগুলো বেশ নিঃসঙ্গ এটা বুঝি সেটা ঘোচানোর এক অনুষঙ্গ। আরও অনেক ছেলে বা মেয়ে সঙ্গে নিয়ে এসেছেন।
প্রথমেই অভ্যর্থনা ডেস্কে রাখা ল্যাপটপে নাম দিয়ে নিজের ইচ্ছাটা কী, তা পূরণ করতে হবে। বয়সের ওপর অভিযোজন ফি নির্ধারিত। যেমন একটা প্রাপ্ত বয়সের বড় বিড়ালের ফি ৭৫ ডলার। কিন্তু অল্প বয়সী বিড়ালছানা হলে দিতে হবে ১২৫ ডলার। এ জন্য কিছু জরিপের প্রশ্নের সম্মুখীন হতে হবে। জরিপের ওপর ভিত্তি করে দেওয়া হয় সবুজ, কমলা বা লাল রঙের মার্ক এবং ইন্টারভিউ নেওয়া হয়। কমলা হলেও আপনি অভিযোজনের যোগ্যতা রাখেন। তারপর নিয়ে যাওয়া হয় বিড়ালের রুমে। যেমন বিড়াল ছানা যদি কারও পছন্দ হয়, তাকে নিয়ে সে কক্ষে ঢোকা হয় এবং প্রতিটা বিড়াল হাত দিয়ে ধরার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। অতি যত্ন সহকারে নবজাতকের মতো পরম মমতায় কোলে তুলে নিতে হবে। আঁচড় দেওয়ার মতো হলেও মমতা দিয়ে শান্ত গলায় বোঝাতে হবে। সব বিড়ালের নাম দেওয়া আছে, তবে ছানাদের নাম পরিবর্তন করা যায়। পছন্দ হয়ে যাওয়ার পর বিড়াল গ্রহণের কাজ শুরু হয়। দীর্ঘক্ষণ লাইনে বসে থাকার পর এক সময় হয়তো এ ডাক আসে। আমাকে এজন্য প্রায় এক ঘণ্টা বসে থাকতে হয়েছিল। ফি চুকিয়ে দেওয়ার সময় বলা হয়, আপনি যদি বিড়ালের জন্য কিছু কিনতে চান কিনতে পারেন। একান্ত প্রয়োজনীয় জিনিস পটি কেনা হলো ২২ ডলার দিয়ে। তার কালার পছন্দ করে নিতে পারেন। পটি দেওয়া হলো প্রায় ১২”-১৫” দৈর্ঘ্যের এবং ৮” প্রস্তরের বক্স। সঙ্গে বড় এক প্যাকেট ফেলাপাইন। একটা স্ক্র্যাচার প্যাড কেনা হলো, যাতে সে তার ইচ্ছে মতো আঁচড়াআঁচড়ি করতে পারে। খেলনাও আছে তবে কেনা হয়নি। খাবারে একটা শুকনা বস্তুর প্যাকেট আর কয়েকটা বিড়াল ছানার উপযুক্ত বিশেষ রকমের স্যালমন মাছের ভেজা খাবারের কৌটা দেওয়া হলো।
সব নিয়ে বাসায় আসা হলে, মেয়ে লিটার বক্স মানে পটিটা ফিট করতে বসল। প্রথমে পলিথিন বিছাল তারপর প্যাকেট খুলে কাঁকড়ের মতো জিনিসগুলো। জিজ্ঞেস করলাম এগুলো কেন? বলল, ‘it’s because they can hide their stuffs after done’। সঙ্গে একটা মিনি বেলচা। তাদের নির্দেশ মোতাবেক তরল পরিষ্কারক দিয়ে ঘরের মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিলাম। সব রেডি করে তাকে তাদের দেওয়া খাঁচা থেকে বের করা হলো। আদর দিয়ে ধরলেও ওরিওর দুচোখে ভয়! নিরীহভাব আরও করুণ হয়ে ফুটে উঠল এবং সুযোগ পেতেই গিয়ে খাটের নিচে ঢুকল।
ভেতরে-ভেতরে সবকিছু দেখে, জেনে এক বিশাল আশ্চর্যবোধক চিহ্ন জমা হয়ে আছে। শুধু ভাবি, সামান্য মূল্যহীন পশুর এত মূল্য ! এত যত্ন! তার অর্ধেকও যদি আমাদের মানব সন্তানেরা পেত! কাগজপত্র লেখা আছে, সরাসরি কেনার চেয়ে কেন অভিযোজন ভালো? সেটা পড়লাম, কারণ অসুখ-বিসুখ থাকতে পারে এবং উপযুক্ত প্রশিক্ষণের অভাবে আচরণগত সমস্যা থাকতে পারে। হারিয়ে গেলে নিউইয়র্ক পুলিশ বিভাগে জানাতে হবে। কেউ যদি পশুর প্রতি বিরোধ ভাব পোষণ করে, তবে যেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রাণীর প্রতি বিদ্বেষ বা যত্রতত্র ফেলে দেওয়া নিউইয়র্কের আইন অনুযায়ী ফেলনি (Felony ) যা গুরুপাপ। অথচ আমরা কত সহজে মানব সন্তানই ফেলে দিই। এদের আইনি হোক আর মানুষের আচরণগত ব্যবহার, সবকিছুই মুগ্ধ করে। মানবতা যে বড় ধর্ম, এটা প্রতি পদে বুঝিয়ে দেয় এরা।