পাঁচ দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে কিউবার পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ পাঁচ দশক পর আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছে সমাজতান্ত্রিক দেশ কিউবার পণ্য। কিউবার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, মার্কিন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চারকোল বিক্রির ব্যাপারে তাদের চুক্তি হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার গত বছরের ঐতিহাসিক কিউবা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার এই শীতল সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করে। দুই দেশের মধ্যে দীর্ঘ পাঁচ দশক পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।

কিউবার রাষ্ট্রীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান কিউবাএক্সপোর্টের পরিচালক ইসাবেল ও-রেইলি জানিয়েছেন, এই চুক্তি অনুযায়ী তাঁরা মার্কিন কোম্পানিটির কাছে ৪০ টন চারকোল বিক্রি করবেন, যার মূল্য ১৭ হাজার মার্কিন ডলার। ১৮ জানুয়ারি প্রথম দফার সরবরাহ সম্পন্ন হবে।

ফিদেল কাস্ত্রো বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে মার্কিন-সমর্থিত স্বৈরশাসক ফুলগেনসিও বাতিস্তার পতন ঘটিয়ে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন। এর প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে যুক্তরাষ্ট্র।