পাঁচ বছরেও বাসযোগ্য হয়নি নিউইয়র্কের বহু 'স্যান্ডি' আক্রান্তের বসত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছর আগে হারিকেন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা টম ডয়লি
পাঁচ বছর আগে হারিকেন স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা টম ডয়লি

আমেরিকার টেক্সাসে আঘাত হানা ঝড় হারভে নিয়ে এখনো চলছে ব্যাপক আলোচনা। চলছে উদ্ধারকাজ ও জরুরি ত্রাণ তৎপরতা। এখনো সম্পন্ন হয়নি পুরো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। এসব কাজ সম্পন্ন হলে হিউস্টনের ক্ষতিগ্রস্ত নাগরিকেরা আবার ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা। কিন্তু এ প্রত্যাশা ঠিক কতটা করা যায়। নিউইয়র্ক ডেইলির প্রতিবেদন বলছে, পাঁচ বছর আগে নিউইয়র্কে আঘাত হানা ভয়াবহ ঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া অনেকেই এখনো প্রতিশ্রুত সহায়তা পাননি। এখনো হাজারের বেশি নিউইয়র্কবাসী রয়েছেন, যাঁদের বাড়ি মেরামত বা পুনর্নির্মাণের কাজ চলছে পাঁচ বছর ধরে। অথচ শেষই হচ্ছে না।
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের অধিবাসী টম ডয়লি। পাঁচ বছর আগে স্যান্ডির আঘাতে তাঁর ছোট্ট দোতলা বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তৎপরতার পর প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সে মেরামত শেষ হয়নি। এখনো তিনি তাঁর অস্থায়ী নিবাসেই রয়েছেন। গত ৩১ আগস্ট তিনি এসেছিলেন নিজের বাড়িটি দেখতে। নিজের বাড়ির সামনে ‘নির্মাণাধীন’ লেখা সতর্ক বার্তাটি পড়ে বরাবরের মতোই এদিনও তিনি হতাশ হন। তিনি ওই পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন? এটা একটা কৌতুক ছাড়া আর কিছুই না। আমরা বাসা ছাড়ার পর এখানে কোনো নির্মাণকাজই চলেনি। এটা ভীষণ হতাশাজনক।’
টম বলেন, ‘স্যান্ডি আমাদের সবকিছু শেষ করে দিয়েছিল। আমাদের সব জমানো টাকা আর ঋণ দিয়ে নির্মিত বাড়িটি মাত্র এক দিনে শেষ করে দিয়েছে। আমাদের ফ্ল্যাড ইনস্যুরেন্স করা ছিল। সেখান থেকে ৩৪ হাজার ডলার পাই। কিন্তু এ অর্থ বাড়িটি মেরামতের জন্য যথেষ্ট ছিল না। তারপরও আমরা আমাদের সাধ্যমতো করে, সাময়িকভাবে বাড়িতে ফিরে এসেছিলাম। পরে সরকারের বিল্ট ইট ব্যাক প্রকল্পের জন্য মনোনীত হলে, নিজেকে আমি ভাগ্যবান মনে করতে লাগলাম। ভাবলাম, এবার আমাদের বাড়িটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না।’

ক্ষতিগ্রস্ত এমন অনেক বাড়ি এখনো মেরামত হয়নি
ক্ষতিগ্রস্ত এমন অনেক বাড়ি এখনো মেরামত হয়নি

শুরু থেকেই এ প্রকল্পের কার্যক্রম অত্যন্ত ধীরগতির ছিল। এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে। শেষে গত বছর এ প্রকল্পের বাস্তবায়নকাজে গতি আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে অনেককেই নিজের ঘরবাড়ি ছেড়ে, ভাড়া বাসায় গিয়ে উঠতে হয়। টম ডয়লি ও তাঁর পরিবারকেও গত বছরের ১৫ আগস্ট নিজের বাসা ছেড়ে ভাড়া বাসায় উঠতে হয়। আর সে সময় থেকে এখন পর্যন্ত বাড়িটির সামনে ‘নির্মাণাধীন’ সাইনবোর্ডটিই ঝুলে আছে।
টম ডয়লি বলেন, ‘অন্য অনেকের মতোই প্রথমে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়েছে। কিন্তু এখন একে নিদারুণ এক তামাশা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমরা কাজ শুরুর সময়ই বাড়ির চাবি তাদের দিয়ে দিয়েছি। আমাদের বলা হয়েছে, কাজ শেষের আগে এখানে না আসতে। আর সত্যি কথা হচ্ছে, বাড়িটি এখন যে অবস্থায় আছে, তাতে আমার দেখা ছাড়া আর কিছুই করার নেই। কারণ এ অবস্থায় প্রকল্পটি থেকে নিজের নাম প্রত্যাহার করে বাড়িটি নিজের মতো করে নির্মাণের মতো আর্থিক সক্ষমতা আমার নেই। শহর কর্তৃপক্ষের সহায়তায় আমি কৃতজ্ঞ। কিন্তু যে বিলম্ব হচ্ছে, তার মূল্য অনেক। আমরা কোনো প্রাসাদ চাই না। আমরা শুধু ঘরে ফিরতে চাই।’
এ কথা শুধু টম ডয়লির নয়। এমন হাজারো নিউইয়র্কবাসী রয়েছেন, যাঁরা স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০১২ সালের ২৯ অক্টোবর স্যান্ডি আঘাত হানে নিউইয়র্কে। এ ঝড়ের প্রভাবে শহরটির লাখ খানেক অধিবাসী গৃহহীন হয়ে পড়ে। এসব নিউইয়র্কবাসীর সহায়তার জন্য ২০১৩ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্য অফিস অব স্টর্ম রিকভারি নামের একটি বিভাগ খোলে। আর শহর কর্তৃপক্ষ ‘বিল্ড ইট ব্যাক’ নামের একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে, যার আওতায় ক্ষতিগ্রস্ত এসব ব্যক্তির ঘরবাড়ি মেরামত করে দেওয়ার কথা। কিন্তু সমন্বয়হীনতার কারণে এ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগছে, যার মূল্য দিতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
বিল্ড ইট ব্যাক প্রকল্প ঘোষণার এক মাসের মধ্যেই এ সহায়তা পেতে প্রায় ২০ হাজার পরিবার আবেদন করে। এর মধ্য থেকে বাছাইকৃত ৮ হাজার ৩১৩টি পরিবারকে মনোনীত করা হয়।
প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন পর্যন্ত ৯৭ শতাংশ পরিবার হয় আর্থিক সহায়তা পেয়েছে, নয়তো তাদের বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৬৬ জন বাড়ির মালিক তাঁদের বাড়ি পুনর্নির্মাণের আবেদন করেন। এর মধ্যে ৪ হাজার ৫৬টি বাড়ি হয় শহর কর্তৃপক্ষ অথবা অন্য কোনো চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মাণ করে দেওয়া হয়েছে।
যদিও আক্রান্ত ব্যক্তিদের বরাতে এর বিপরীত চিত্রটিই উঠে এসেছে বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি। সংবাদমাধ্যমটি জানায়, আক্রান্ত অনেক পরিবার নিজেদের অবহেলিত বলে মনে করছে। যারা শহর কর্তৃপক্ষের সহায়তার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে, তারা পুরো প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ভীষণভাবে আশাহত। আর এর চেয়েও বেশিসংখ্যক রয়েছে, যারা নিজেদের বঞ্চিত বলে মনে করছে। কারণ শহর বা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এমনকি তাদের সহায়তার যোগ্যও মনে করেনি।
সাম্প্রতিক হারভের খবর বহু নিউইয়র্কবাসীর মনেই স্যান্ডির স্মৃতি ফিরিয়ে এনেছে। তাঁরা টেক্সাসের অধিবাসীদের এ দুর্যোগকালে পাশে আছেন বলে জানান। একই সঙ্গে তাঁরা টেক্সাসবাসীকে কিছু পরামর্শও দিয়েছেন। তাঁদের মতে, হারভে আক্রান্তদের উচিত তাঁদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গৃহস্থালিসহ প্রয়োজনীয় সবকিছুর যত বেশি সম্ভব ছবি তুলে রাখা। কারণ এসব তথ্য উপাত্তের ভিত্তিতেই পরবর্তী সময়ে সরকারি সহায়তার যোগ্যতা নিরূপণ করা হবে। তাই এখন থেকেই সচেতন হতে হবে। সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র, রসিদ সংরক্ষণের পরামর্শও তাঁরা দিয়েছেন।