
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্যের সনদ দেওয়ার জন্য তাঁর ব্যক্তিগত চিকিৎসক মাত্র পাঁচ মিনিট সময় নিয়েছিলেন। চিকিৎসক নিজে এ কথা স্বীকার করে বলেছেন, ওই সময় ট্রাম্পের গাড়ি বাইরে অপেক্ষা করছিল। তাই তিনি তাড়াহুড়ো করে সনদ লেখেন।
ট্রাম্পের চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন বলেছেন, তিনি তাড়াহুড়ার মধ্যে কিছু কথা লিখেছেন। আসলে যা বোঝাতে চেয়েছেন তা বলতে পারেননি।
উল্লেখ্য, বর্নস্টেইন ট্রাম্পের স্বাস্থ্য সনদে লিখেছেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি।’
চিকিৎসকের কাছে থেকে দুই সপ্তাহ আগে এই সনদ পেয়ে ট্রাম্প তা টুইটারে জানিয়ে দেন। পুরো চিকিৎসা প্রতিবেদন দ্রুত দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. বর্নস্টাইন নিউইয়র্কের লেনক্স হিল হাসপাতালের চিকিৎসক। তিনি স্বীকার করেছেন, স্বাস্থ্য সনদে তিনি হয়তো একটু বেশি বেশি লিখে ফেলেছিলেন। যাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দল খুশি হয়।
নির্বাচিত হলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হবেন। এখন তাঁর বয়স ৭০। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বয়স ৬৮ বছর।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর স্বাস্থ্যের বিষয়টি বেশ আলোচনায় এসেছে। তা এসেছে অবশ্য ট্রাম্পের কারণেই। কেননা তিনি বেশ কয়েকবার বলেছেন, হিলারি স্বাস্থ্যগত দিক দিয়ে পুরোপুরি সক্ষম নন।
হিলারি ক্লিনটন গত বছর তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিসা বারডাকার এক বিবৃতি তুলে ধরেছেন। সেখানে ডা. বারডাকা বলেন, ‘হিলারির শারীরিক অবস্থা চমৎকার।’