পাঁচটি বড় তেল কোম্পানির বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। একই সঙ্গে অবসরোত্তর ভাতার তহবিল থেকে এই খাতে করা বিনিয়োগ থেকে ৫ বিলিয়ন ডলার সরিয়ে নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। ১০ জানুয়ারি নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই ঘোষণা দেন বিল ডি ব্লাজিও। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া প্রাকৃতিক দুর্যোগ এবং এ থেকে হওয়া ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতেই এই মামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ১০ জানুয়ারি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একই সঙ্গে তেল কোম্পানিগুলোয় নগর কর্তৃপক্ষের অবসরোত্তর ভাতা তহবিল থেকে বিনিয়োগকৃত ৫ বিলিয়ন ডলার প্রত্যাহারের ঘোষণাও দেন।
সংবাদ সম্মেলনে বিল ডি ব্লাজিও জানান, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। এতে একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। ২০১২ সালে নিউইয়র্ক নগর এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় স্যান্ডির মুখোমুখি হয়েছিল। সেই ক্ষতি এখনো পুষিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যে গত বছর বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে গিয়েছে পুরো দেশ। নিউইয়র্কও এর নেতিবাচক প্রভাবের বাইরে নয়।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় স্যান্ডির আগে নিউইয়র্ক নগরবাসীদের কারও মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয় থাকলেও থাকতে পারে। কিন্তু এই প্রলয়ংকরী ঝড়ের পর এ নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়। পুরো বিশ্ব এখন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি। আর এই পরিস্থিতিতে নগর কর্তৃপক্ষ আর এমন কিছুর সঙ্গে যুক্ত থাকবে না, যা আমাদের নিজের মানুষদেরই হুমকির মুখে ফেলে। এ বিষয়ে কিছু একটা করার এখনই সময়। আমরা সেই সব কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছি, যারা এ থেকে ভীষণভাবে লাভবান হচ্ছে।’