পাউডার ব্যবহারে ক্যানসার, কোম্পানিকে জরিমানা
২২ নারীকে ৪৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে (জেঅ্যান্ডজে) নির্দেশ দিয়েছেন আদালত। কোম্পানিটির তৈরি বেবি ট্যালকম পাউডার ব্যবহার করার কারণে তাঁরা ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন—এমন দাবির পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মিজৌরি আদালতের জুরিবোর্ড প্রাথমিকভাবে ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়া নির্দেশ দেন। পরে শাস্তিমূলক জরিমানা হিসেবে ৪১০ কোটি ডলার যোগ করা হয়।
জেঅ্যান্ডজে বলছে, আদালতের রায়ে তারা গভীরভাবে হতাশ। এ রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা।
ছয় সপ্তাহ ধরে চলা এই আইনি লড়াইয়ে অভিযোগকারী নারীরা জানান, কয়েক দশক ধরে জনসনের বেবি পাউডার এবং ট্যালকযুক্ত পণ্য ব্যবহার করে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাঁরা। নারীদের পক্ষের আইনজীবীরা জানান, ১৯৭০ সাল থেকেই কোম্পানিটি জানে তাদের পণ্যে অ্যাসবেটস ব্যবহার করা হয়। অ্যাসবেটসের কারণে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। কিন্তু পণ্যে ক্যানসারের ঝুঁকির সতর্কতা তারা সঠিকভাবে উল্লেখ করেনি।
এ অভিযোগ জোরালোভাবে নাকচ করে আসছে জেঅ্যান্ডজে। ফার্মাসিউটিক্যাল এই জায়ান্ট বলছে, বেশ কয়েকটি গবেষণায় তাদের ট্যালকম পাউডার নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এরপরও এই জরিমানা একেবারেই শোভন নয়।
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ওভাকাম বলছে, কয়েক বছর ধরে ট্যালকম পাউডার ব্যবহারে ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিভিন্ন গবেষণায় ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে ট্যালকম পাউডারের সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
জেঅ্যান্ডজের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জরিমানা। এর আগে ২০১৭ সালে একই অভিযোগে কোম্পানিটিকে ৪১ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন ক্যালিফোর্নিয়ার আদালত।