পাউডার ভরা খাম পেয়ে খালি করা হলো হিলারির প্রচারণা অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার কার্যালয়ে সাদা পাউডারজাতীয় পদার্থ ভরা একটি সন্দেহজনক খাম পাওয়ার জের ধরে নিউইয়র্কে তাঁর প্রচারণাবিষয়ক সদর দপ্তর কিছু সময়ের জন্য খালি করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পুলিশ বলেছে, প্রাথমিক পরীক্ষায় ওই সাদা পাউডার কোনো ক্ষতিকর বস্তু নয় বলে প্রমাণ পাওয়া গেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেন, শুক্রবার রাতে হিলারির ম্যানহাটনের একটি নির্বাচনী প্রচারণা কার্যালয়ের দুজন প্রশিক্ষণার্থী কর্মী প্রথম খামটি পান। সেটি তাঁদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা সেটি ব্রুকলিনে অবস্থিত হিলারির নির্বাচনী প্রচারণার সদর দপ্তরে নিয়ে যান। এ ঘটনায় ভবনটির ১২তলা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়।
হিলারির প্রচার শিবিরের মুখপাত্র গ্লেন কাপলিন এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় পুলিশ বিভাগ ওই সাদা পাউডার নিয়ে পরীক্ষা করে প্রাথমিকভাবে সেটি ক্ষতিকর কিছু নয় বলে জানিয়েছে। তবে আরও পরীক্ষা করে তারা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে তিনি জানান।
কাপলিন বলেন, কার্যালয়ে আবার আগের মতো কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে।