পাকিস্তানকে আশ্বস্ত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি

মার্কিন-ভারত পরমাণু চুক্তিতে অনেক বিষয়েই যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে পারবে। ওই চুক্তি নিয়ে পাকিস্তানের উদ্বেগের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। খবর ডনের।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি শনিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ধরনের চুক্তিতে অনেক ধরনের শর্তের বিষয় থাকে। অবশ্যই আমরা চুক্তির সময় অনেক নিয়ামক যুক্ত করে থাকি। এ বিষয়ে আর কিছু বলার নেই।’
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতা বিষয়ে একটি ‘যুগান্তকারী সমঝোতায়’ পৌঁছায়। এর ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতে পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লি সফরের সময় ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়।
পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে, এ চুক্তিটি এরই মধ্যে নাজুক আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতাকে আবারও সংকটে ফেলবে। পাকিস্তান এ চুক্তিকে ‘পরমাণু সরবরাহকারী গ্রুপের (এনএসজি) নীতিমালা থেকে একটি দেশের সুনির্দিষ্ট দায়মুক্তি’ বলে বর্ণনা করেছে। দেশটির মূল্যায়ন এ ধরনের চুক্তি এনএসজির নীতিমালাকে দুর্বল করবে।
বেশ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত এনএসজি পরমাণু উপাদান রপ্তানি ও পুনঃ হস্তান্তর নিয়ন্ত্রণ করার মাধ্যমে এর বিস্তার রোধ নিয়ে কাজ করে থাকে।
যুক্তরাষ্ট্র-ভারত চুক্তির ব্যাপারে সমালোচকেরা বলছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করেই কোনো দেশকে জ্বালানি এবং প্রযুক্তি দেওয়ার সুযোগ সৃষ্টি করার মাধ্যমে এ চুক্তি বিপজ্জনক নজির স্থাপন করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সমালোচনাকে নাকচ করে দিয়েছে। মুখপাত্র জেন সাকি বলেন, ‘এই চুক্তি হলো মার্কিন-ভারত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয়ে একটি বোঝাপড়া।’ পাকিস্তানের উদ্বেগের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে জেন সাকি বলেন, ‘আপনাদের কাছে প্রকাশ্যে বলার মতো আর বিস্তারিত কিছু আমার কাছে নেই।...যুক্তরাষ্ট্র উভয় দেশকেই নিশ্চয়তা দিয়েছে যে দুইয়ের সঙ্গেই এর দৃঢ় সম্পর্ক রয়েছে।’
জেন সাকি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন বেশ কিছু ইস্যুতে পাকিস্তানের সঙ্গে কাজ করছে, তেমনি বেশ কিছু ইস্যুতে ভারতের সঙ্গেও কাজ করছে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত কিছুদিন ধরেই কাজ করছিল এবং গত সপ্তাহে এটি চূড়ান্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে তার কৌশলগত সম্পর্কের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। দুই সপ্তাহ আগেই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে ওই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হলে সাকি বলেন, ‘আমরা বারবারই তাঁদের সংলাপে বসার জন্য উৎসাহিত করছি।’
এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর দেশের সরকারকে পরামর্শ দিয়েছেন ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অনুরূপ চুক্তি পাকিস্তানের সঙ্গেও করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাতে। গত শনিবার পাকিস্তান পিপলস পার্টির দক্ষিণ পাঞ্জাবের প্রতিনিধিদের এক সভায় ভাষণে তিনি পাকিস্তান সরকারের প্রতি এই আহ্বান জানান। আক্ষেপ করে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি লড়াই করছে। অথচ যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করল।