ট্রাম্প প্রশাসনকে মার্কিন বিশেষজ্ঞদের সুপারিশ
পাকিস্তানকে চাপ দিয়ে সহযোগিতায় বাধ্য করা যেতে পারে
যুক্তরাষ্ট্রের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনকে দেওয়া প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে চাপ দিয়ে সহযোগিতায় বাধ্য করা যেতে পারে। তবে ট্রাম্পের ক্ষমতার প্রথম বছরেই পাকিস্তানকে সন্ত্রাসের রাষ্ট্রীয় মদদদাতা বিবেচনা করাটা অপরিণামদর্শী হবে। তা ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে।
ট্রাম্প প্রশাসনের জন্য ওই প্রতিবেদনে পরামর্শ, সন্ত্রাসের মদদ দেওয়ার ব্যাপারে পাকিস্তানের জড়িত থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যগুলো আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে হবে। দেশটির ওপর আরও বেশি চাপ প্রয়োগের মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্রকে সহযোগিতায় বাধ্য করা যেতে পারে।
এশিয়ান স্টাডিজ সেন্টার, দ্য হেরিটেজ ফাউন্ডেশন, জর্জটাউন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, হাডসন ইনস্টিটিউট, ব্রুকিংস ইনস্টিটিউশন, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষকেরা ওই প্রতিবেদন তৈরি করেছেন। এতে ট্রাম্প প্রশাসনের জন্য বেশ কিছু সুপারিশ রয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন সরকার গত ২০ জানুয়ারি দায়িত্ব নিলেও পুরোনো মিত্র এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের সহযোগী পাকিস্তানের ব্যাপারে তাদের নীতি কী হবে, এখন পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি। গবেষণা প্রতিবেদনের রচয়িতারা বলেছেন, পাকিস্তানের নীতিমালা, প্রত্যাশা এবং বিশ্বদৃষ্টি ইত্যাদির বাস্তবসম্মত বিচার-বিশ্লেষণ করার ভিত্তিতে ট্রাম্প প্রশাসনকে দেশটির সঙ্গে সম্পর্ক গড়তে হবে। আরও আর্থিক সহায়তা বা সামরিক সরঞ্জাম দিয়ে দেশটিকে কৌশলগত পরিবর্তনের পথে হাঁটানোর মতো মরীচিকার পেছনে ছোটার নীতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই বাদ দিতে হবে। বুঝতে হবে, কেবল প্রণোদনা দিয়ে পাকিস্তানকে বদলানোর সম্ভাবনা নেই। গবেষকেরা আরও বলেছেন, পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের এত দিনের প্রচেষ্টায় পাকিস্তানি সেনাবাহিনী কেবল এই উৎসাহই পেয়েছে যে তারা একদিন হয়তো শক্তিপ্রয়োগ করে কাশ্মীরকে ভারতের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে।
ওই বিশেষজ্ঞদের পরামর্শ, পাকিস্তানকে মিত্র হিসেবে বিবেচনা করা থেকে ট্রাম্প প্রশাসনকে বিরত থাকতে হবে। কারণ, পাকিস্তান আফগান তালেবানের সহায়তায় জড়িত। দেশটি কখনো কখনো যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে সহায়তা করতে আগ্রহী। তাই পাকিস্তানকে দক্ষিণ কোরিয়ার মতো করে মূল্যায়ন করা যাবে না।