পাকিস্তানকে 'বৈরী রাষ্ট্র' ঘোষণা করবে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দহরম-মহরম নতুন নয়। দক্ষিণ এশিয়ায় কর্তৃত্বের ডানা ছড়াতে, নজরদারি বাড়াতে পাকিস্তানকে অনেক দিন ধরেই ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে যে গভীর লেনদেন রয়েছে, তা সবারই জানা। যুক্তরাষ্ট্র অর্থ দেয়, পাকিস্তান তার কথামতো চলে। বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের সাহায্য-সহযোগিতার তল পর্যন্ত খেয়ে থাকে পাকিস্তান। কিন্তু স্বার্থে আঘাত লাগলে আর বন্ধুত্ব কিসের?
সন্ত্রাসবিরোধী অভিযানের পুরোভাগে থেকে যুক্তরাষ্ট্র যতই বলছে—জঙ্গি হটাও, পাকিস্তান সে কথা কানেই তুলছে না। বরং সীমান্তবর্তী এলাকায় গোপনে জঙ্গি তৎপরতায় পাকিস্তান মদদ দিচ্ছে বলে জোরালো অভিযোগ রয়েছে। এর জের ধরে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দোস্তি এখন টান টান উত্তেজনার মধ্যে।
যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদ দমন করতে না পারলে আর্থিক সহায়তা মিলবে না। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিও এর ওপর নির্ভর করছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার নীতি থেকে সরে না এলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কাটছাঁট করা হবে। ওবামা প্রশাসন বেশ ভালোভাবে এই বার্তা ইসলামাবাদের কাছে পৌঁছে দিয়েছে। এ ছাড়া নওয়াজ শরিফের যুক্তরাষ্ট্র সফর হবে কি না, পুরো বিষয়টিও এই শর্তের ওপরই নির্ভর করছে।
নওয়াজ শরিফ আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম বেশ ফলাও করে খবর প্রচার করছে। তবে বাস্তবতা যে ভিন্ন, এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়। নওয়াজের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক পিটার লাভয় বলেন, ‘এটা আমার কাছে নতুন খবর। আমরা এই সফরের ব্যাপারে এখনো কোনো বিবৃতি দিইনি।’
প্রতিবেদনে দাবি করা হয়, এই বক্তব্যের মধ্য দিয়ে পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্র তাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে পাকিস্তান মার্কিন বরাদ্দটা পেত কোয়ালিশন সাপোর্ট ফান্ডের (সিএসএফ) মাধ্যমে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এখন এই বার্তা দিতে যাচ্ছে, কংগ্রেসের শুনানিতে ওবামা সরকার পাকিস্তানের পক্ষে শক্ত অবস্থান নেবে না। শুনানিতে বলবে না যে সিএসএফের মাধ্যমে সন্ত্রাস নির্মূলে পাকিস্তান কার্যকর সব পদক্ষেপ নিয়েছে। তবে এই তহবিলের মাধ্যমে পাওয়া সামরিক সহায়তা পাকিস্তানকে এ ক্ষেত্রে বেশ সক্ষম রাখে।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর উপস্থিতিকালে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল। এর বিনিময়ে পাকিস্তানের আয় হয় এক হাজার ৩০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর কার্যত ‘কৌশলগত কারণে সুবিধা ভোগের’ অবস্থান হারায় পাকিস্তান। যুক্তরাষ্ট্র অবশ্য আফগানিস্তানে প্রশিক্ষণ দেওয়াসহ সীমিত কিছু কাজে মার্কিন সেনা মোতায়েন রেখেছে। কিন্তু এ কাজের জন্য পাকিস্তানের সহায়তা এখন আর সে অর্থে তাদের প্রয়োজনও নেই।
এর সঙ্গে যোগ হয়েছে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের আন্তরিকতার ঘাটতি। এত জায়গায় খোঁজাখুঁজির পর যখন পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের সন্ধান মিলল, তখনই এই দুই দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। পাকিস্তানকে আর আস্থায় নিতে পারেনি যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ২০০৮ সালে মুম্বাইয়ে হামলা চালালে অনেকে নিহত হন। এর মধ্যে ছয় মার্কিন নাগরিকও আছেন। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানকে বারবার তাগাদা দিলেও তা কানে তোলেনি দেশটি।
যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের এই টানাপোড়েনের বিষয়টি প্রথম নজরে আনে পাকিস্তানের ডন পত্রিকা। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সরে যাওয়ায় পাকিস্তান আর্থিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হবে, এর চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিকভাবে। তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও একেবারে ফেলনা নয়। দেশে আসা বিপুল পরিমাণ অর্থের একটি উৎস বন্ধ হয়ে গেলে তার নেতিবাচক প্রভাব তো দেশের অর্থনীতিতে তো খানিকটা পড়বেই। আবার আফগান সরকারও পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। কাবুলের দাবি, ইসলামাবাদের মদদে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান হামলা চালায়।
এ পরিস্থিতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদের পথ থেকে সরাতে কঠোর অবস্থানে যাওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর হবে কি না, এটিও পুরোপুরি নির্ভর করছে বিষয়টির ওপর। পাকিস্তানকে সন্ত্রাসবাদ থেকে সরাতে শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। হয়তো বিষয়টি নিয়ে পাকিস্তানের ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার মানসিকতা বা ঘোষণা দুই দেশের এই টানাপোড়েনের সমাপ্তি ঘটাতে পারে।