পাকিস্তানবিরোধী আবেদনে ব্যাপক সমর্থন
পাকিস্তানকে সন্ত্রাসে মদদদাতা দেশ হিসেবে ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের উদ্দেশে করা একটি অনলাইন আবেদন ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে ওই আবেদনে পাঁচ লাখের বেশি স্বাক্ষর পড়েছে।
নিয়ম অনুযায়ী কোনো আবেদনে এক লাখ স্বাক্ষর পড়লে বারাক ওবামা সরকার সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যার পাঁচগুণ স্বাক্ষর পড়েছে।
আরজি নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি গত ২১ সেপ্টেম্বর ওই অনলাইন আবেদনটি খুলেছেন। বিষয়টি প্রেসিডেন্ট ওবামার নজরে আনার জন্য এক মাসের মধ্যে এক লাখ স্বাক্ষর প্রয়োজন ছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যেই নির্ধারিত পরিমাণ স্বাক্ষর পড়ে। ১০ দিনের মধ্যেই তা পাঁচ লাখে ওঠে। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ওবামা প্রশাসনের এই বিষয়ে প্রতিক্রিয়া ও পদক্ষেপ জানানোর কথা।
যুক্তরাষ্ট্রের জোটান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অঞ্জু প্রীত বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আবেদনে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা।’
পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা হিসেবে আখ্যায়িত করার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপনের উদ্যোগের কয়েক দিনের মাথায় হোয়াইট হাউসের উদ্দেশে এই আবেদন করা হলো।