পাকিস্তানে আর্থিক সহায়তা কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আর্থিক সহায়তা কাটছাঁট করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ওয়াশিংটন সফরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি জানানো আমন্ত্রণও স্থগিত রাখছে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে গতকাল শুক্রবার রাতে প্রকাশিত খবরে দাবি করা হয়, পাকিস্তান সন্ত্রাসবাদ ব্যবহারের প্রচ্ছন্ন নীতি বাদ না দিলে তাকে দেওয়া মার্কিন সহায়তা আগামীতে কাটছাঁট করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন থেকে ইসলামাবাদকে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রকাশিত খবরে দাবি করা হয়, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়াবিষয়ক জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠ পরিচালক পিটার ল্যাভয় বলেছেন, আগামী অক্টোবরে নওয়াজ শরিফের ওয়াশিংটন সফরের ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
পত্রিকাটির খবর অনুযায়ী, ওবামা প্রশাসন ইসলামাবাদকে জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানকে দেওয়া সহায়তা ‘কোয়ালিশন সাপোর্ট ফান্ড’ (সিএসএফ) সচল করতে কংগ্রেসের কাছে দেশটির সন্ত্রাস দমন অভিযানের কার্যকারিতার স্বীকৃতি দেওয়া হবে না। এরপরই নওয়াজের ওয়াশিংটন সফর পুনর্বিবেচনার বা অন্তত স্থগিতের এই ঘোষণা এল।