যুক্তরাষ্ট্র বলেছে, বেসামরিক কাজের পরমাণু প্রযুক্তি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সংগঠন নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি)-এর সদস্য পদের জন্য পাকিস্তানের আবেদন সম্পর্কে তারা ওয়াকিবহাল আছে। সদস্যদেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়টি বিবেচনা করা হবে।
গত সপ্তাহে ভিয়েনায় এনএসজির দপ্তরে আনুষ্ঠানিকভাবে সদস্য পদের জন্য আবেদন করেছে পাকিস্তান।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার গত শুক্রবার বলেন, ‘পাকিস্তান তাদের আগ্রহের বিষয়টি প্রকাশ করেছে। যেকোনো দেশই সদস্য পদের জন্য আবেদন করতে পারে। আমরা ঐকমত্যের ভিত্তিতে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত দেব।’
১৯৭৪ সালে ভারতের পরমাণু পরীক্ষার পর পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে ৪৮ সদস্যের সংগঠন এনএসজি গঠন করা হয়।
ভারতের পরমাণু পরীক্ষার পরিপ্রেক্ষিতে এনএসজি গঠন করা হলেও এখন ভারতই সংগঠনটির সদস্য পদের জন্য আবেদন করেছে। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় সংগঠনটির সম্মেলনে ভারতকে সদস্য করা হবে কি না, তা নিয়ে আলোচনা হওয়ার কথা। যুক্তরাষ্ট্র ভারতকে সদস্য পদ দেওয়ার পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে, সদস্য পদ পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, তা ভারতের আছে।
মার্ক টোনার বলেন, ‘এটি কোনো অস্ত্র প্রতিযোগিতার বিষয় নয়। এটি বেসামরিক শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিষয়। সেখানে ভারতের অংশগ্রহণে বাধা নেই।’
তবে চীন এর বিরোধিতা করে বলেছে, সদস্য পদ পেতে হলে আগে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) শীর্ষক পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করতে হয়। ভারত তা না করায় তাকে এই সদস্য পদ দেওয়া ঠিক হবে না।
এখন পাকিস্তানও এনএসজির সদস্য পদ চাইছে। দেশটির দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র চীন মনে করে, ভারতকে সদস্য পদ দেওয়া হলে পাকিস্তানকেও দেওয়া উচিত।
এড মারকি নামের একজন প্রভাবশালী মার্কিন সিনেটর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে এনএসজির অন্তর্ভুক্ত করা হলে পাকিস্তান তার অস্ত্র কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা করবে। তাতে করে ভারতও আরও সক্রিয় হবে। ফলে দক্ষিণ এশিয়া এক ‘নিরন্তর’ পরমাণু অস্ত্র প্রতিযোগিতার চক্রের মধ্যে পড়ে যাবে।