পাকিস্তানের বিরুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদের শেষভাগে এসে ভারত-পাকিস্তান ইস্যুতে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো নাটকীয়তা আসছে? সাম্প্রতিক সময়ের অবস্থা পর্যবেক্ষণে এ ধারণা হচ্ছে যে ভারতের প্রতি বৈরীভাবাপন্ন অবস্থা এখন আর নেই ওয়াশিংটনের।
গত সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ও ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে কূটনৈতিক ভাষায় মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরা,ষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে অঙ্গীকারবদ্ধ। সেখানে জাতিসংঘ কর্তৃক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পাকিস্তানের সমালোচনা করা হয়। তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে গুরুত্ব দেয়।
পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণের দিকে মার্কিন কর্তৃপক্ষ যাবে বলে মনে হয় না।
গত আট বছরে ওবামা প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন করেছে। এটা কেবল নরেন্দ্র মোদির সঙ্গে ওবামার সম্পর্ক নয়। প্রথম প্রেসিডেনশিয়াল ডিনার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানেই দিয়েছিলেন ওবামা। এই সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দ্রুত মজবুত হয়েছে।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানে গিয়ে ভারতীয় সেনাদের আক্রমণের পর ভারত যুক্তরাষ্ট্র থেকে যে বার্তা পাচ্ছে, তা সত্ত্বেও মনে রাখতে হবে মার্কিন প্রশাসন এ বিষয়ে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করবে। ওয়াশিংটন যতই সমালোচনা করুক, একটা পর্যায় তারা অতিক্রম করবে না।
মার্কিন কংগ্রেসে ভারতের জন্য বিচ্ছিন্ন পর্যায়ে সমর্থন রয়েছে। সম্প্রতি পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণার কথাও হয়েছে সেখানে। তবে ভারত যদি মনে করে মার্কিন প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে তা একটু বেশি আশা করা হয়ে যাবে। বরং এই অবস্থায় ভারতের উচিত হবে কূটনৈতিক সুবিধা আদায় করা, যা বর্তমানে ভারতের অনুকূলে রয়েছে।