পাখি প্রেমিক দ্য রেপ্টর ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের ধাক্কায় আহত ঈগল পাইপার
ট্রেনের ধাক্কায় আহত ঈগল পাইপার

১৮ এপ্রিল শনিবার, ২০২০। ঝোড়ো অপরাহ্ণে নিউইয়র্কের শহরতলি গ্রিন পয়েন্টে লং আইল্যান্ড রেল লাইনে চলাচলকারী একটি ট্রেনের আঘাতে গুরুতর আহত হয় ধূসর ও সাদা রঙের এক ঈগল, যার নাম পরে দেওয়া হয় পাইপার।
লং আইল্যান্ড রেলের ইঞ্জিনিয়ার রায়ান ডুয়ানস্কির মতে, এই রেলপথের রনকনকমা স্টেশন এবং গ্রিন পয়েন্টের মাঝামাঝি ঘন সবুজ বনে কয়েক জাতের ইগলের বাস, যাদের একটি হলো এই আহত পাইপার ঈগল। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঈগল আহত হওয়ার খবরটি। ঘটনা শোনা মাত্র রায়ান যোগাযোগ করলেন হাম্পটন বে এলাকার ইভলিন আলেক্সান্ডার পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে।
তাৎক্ষণিক ছুটে আসা পাখি বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষায় জানা গেল,পাইপারের ( ঈগল) আঘাত তেমন গুরুতর নয়। তবে তার ডান দিকের ডানার ১০টি পালক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক ভাবে। আঘাতের কারণে ইগলটি ভীষণ ভয় পেয়েছে।
ইভলিন আলেক্সান্ডার পশু উদ্ধার কেন্দ্রের পরিচালক জিম ম্যাক ডুয়াগেইল, যিনি ইগলটিকে প্রাথমিক শুশ্রূষা করেন, তিনি জানালেন, বছরে আনুমানিক ৪ হাজার পশু উদ্ধারে তাঁদের কেন্দ্রের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। ইগলটি সুস্থ হওয়ার পর তার পুনর্বাসনের জন্য যোগাযোগ করা হয় নিউ জার্সির ঈগল আশ্রম বলে খ্যাত দ্য রেপ্টর ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে।
প্রায় তিন দশক আগে এ অঞ্চলের পাহাড় ও বনাঞ্চলে স্বাধীনভাবে বিচরণ করা ঈগল, চিল ও প্যাঁচার জন্য একটি অভয়ারণ্যের অভাব অনুভব করেন লিওনার্ড জে সচি (জুনিয়র) নামের এক পাখি-প্রেমিক। তাঁর একক উদ্যোগ ও শত শত স্বেচ্ছাসেবকের আন্তরিকতায় ও পাখি প্রেমের নিদর্শন হিসেবে ১৪ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় দ্য রেপ্টর ট্রাস্ট। ইগলটি স্থানান্তর করা হলো কথিত সেই অভয়ারণ্য কর্তৃপক্ষের হেফাজতে। এখানে আসার পরই ইগলটির নাম রাখা হলো ‘পাইপার’। পশু চিকিৎসকেরা পাইপারের নানা পরীক্ষা করলেন। আঘাতপ্রাপ্ত স্থানে হওয়া ক্ষত সারাতে চিকিৎসা দেওয়া হলো। একই সঙ্গে ডানার ক্ষতিগ্রস্ত দশটি পালককে আধুনিক পালক পুনঃস্থাপন প্রক্রিয়ার মাধ্যমে পুনঃস্থাপন করা হবে। পাইপার বর্তমানে দ্য রেপ্টর ট্রাস্টের তত্ত্বাবধানেই রয়েছে।