পাঠকের ভালোবাসা আমাদের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালের ২৬ মার্চ নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণ
২০১৭ সালের ২৬ মার্চ নিউইয়র্কে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণ

দুই বছর আগে উত্তর আমেরিকায় প্রথম আলোর যাত্রা শুরু হয়। জমজমাট সব আয়োজন ছিল। আমরা জানান দিয়েই শুরু করেছিলাম। প্রথম আলো নিয়ে আমাদের বেশি কিছু বলতে হয়নি নতুন করে। বাংলাদেশের মানুষ আজ যে বিশ্বময় ছড়িয়ে আছেন, তাদের কাছে প্রথম আলো কেবলমাত্র একটি পত্রিকা নয়। দেশের প্রতি ভালোবাসা থেকেই নিছক সংবাদপত্রের চেয়েও বেশি করে প্রথম আলোকে তারা মূল্যায়ন করে থাকেন। ভালোবাসেন। সমালোচনাও করেন। 

প্রথম আলোর একজন কর্মী হিসেবে উত্তর আমেরিকা সংস্করণের দায়িত্ব নেওয়ার সময় এ সব বুকের মধ্যে ছিল বলেই নানা ভয় কাজ করছিল। আমাদের অঙ্গীকার ছিল, দেশের বাইরে একটি মান সম্মত পত্রিকা উপস্থাপন করা। লক্ষ্য ছিল প্রবাসে বাংলা সংবাদমাধ্যমের যে একটি ভিত্তি দাঁড়িয়েছে, তাঁকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া।
দুই বছরে না পারার কথাটা শুরুতেই বলে নেওয়া যাক। প্রতিশ্রুতি অনুযায়ী নিউইয়র্ক এবং আশপাশের কয়েকটি শহরে ছাড়া আমেরিকার অন্যান্য প্রবাসীবহুল এলাকায় পত্রিকা পৌঁছাতে পারিনি। আমেরিকা জুড়ে প্রবাসীদের যে অগ্রযাত্রা, সাফল্য তা নিয়ে সংবাদ পরিবেশনে আন্তরিক ছিলাম। বুঝতে পেরেছি, এ ক্ষেত্রে আমাদের আরও করণীয় আছে। আমাদের ব্যবসায়ী, পেশাজীবী এবং এখানে জন্ম বা বড় হওয়া প্রজন্মের আমেরিকার জীবনধারায় দাপুটে অগ্রযাত্রা ঘটছে। দিনদিন উজ্জ্বলতর হচ্ছে তাদের পদভার। বিষয়টি আমরা এখনো সেভাবে সবার কাছে ছড়িয়ে দিতে পারিনি।
এখানে সাধ আর সাধ্যের টানাপড়েন যেমন আছে, তেমনি আছে বেশ কিছু বাস্তব সীমাবদ্ধতা। এসব সত্ত্বেও আমরা অভাবিত ভালোবাসা পেয়েছি। শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখানকার পাঠক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক অগ্রসর লোকজন। আমরা প্রথম আলো উত্তর আমেরিকায় কমিউনিটির নিত্যদিনের অনুষ্ঠানমালা, নানা উৎসব আয়োজন ছাড়া সব কনটেন্ট দেওয়ার চেষ্টা করি। আমরা মূলধারার সমাজ, সংস্কৃতির খবরকে প্রাধান্য দিচ্ছি। প্রাধান্য দিচ্ছি আমাদের নিজেদের জনসমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সামনে নিয়ে আসাকে। আমাদের পথ চলায় এর মধ্যে গড়ে উঠেছেন একঝাঁক লেখক, সংবাদকর্মী এই দূর প্রবাসে। যারা অনেকেই কেবল ভালোবাসার কারণে, সংবাদ আর মননশীলতার প্রতি নিজের দায়বদ্ধতার কারণে সময় দেন। হাজির থাকেন পাঠকদের কাছে প্রতি সপ্তাহে। আমেরিকার ছুটে চলা জীবনে দেশ, নিজেদের জনসমাজ, সাহিত্য, সংস্কৃতির প্রতি কতটা ভালোবাসা থাকলে এসব লোকজন এমন করতে পারেন, তা দেখে বিস্মিত হই। আমরা অনুপ্রাণিত হই। আমাদের দায় বেড়ে যায়। তাই নানা সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতি শুক্রবারে হাজির হয়ে আমরা আপ্লুত হই।
বেশ কিছু মসজিদে আমাদের পত্রিকা জুম্মার নামাজের আগেই দেওয়া হয়। নামাজ শেষেই আমাদের কাছে কল আসতে থাকে ‘পত্রিকা পাওয়া যাচ্ছে না’। আমাদের পত্রিকায় যারা লেখেন, তাঁরা অভিযোগ করেন নিজের লেখাটি দেখার জন্য শুক্রবারে বিকেলে পত্রিকা খুঁজে পাচ্ছেন না। আমরা আমাদের সীমাবদ্ধতার কথা জানাই। পত্রিকা বিনা মূল্যে দিতে হয়। নিউইয়র্কে পত্রিকা বিতরণ নিয়েও নানা প্রতিকূলতা আছে। অনেক ক্ষেত্রে পত্রিকা সড়ক পথে, ফুটপাতে রোদ বৃষ্টিতে পড়ে থাকে। অসহায় আমরা শুনে, দেখে আহত হই।
কোনো এক সন্ধ্যায় ষাটোর্ধ্ব এক প্রবাসী নারী এসে অফিসের দরজায় টোকা দেন। জানান, চলতি সংখ্যা পত্রিকা সংগ্রহে ব্যর্থ হয়ে অফিস পর্যন্ত ছুটে এসেছেন। জানান, এই প্রবাসে প্রতি সপ্তাহে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের জন্য অপেক্ষা করেন। প্রতিটি লেখা যত্ন করে পড়েন। ভিন রাজ্যে বসবাস করা এক দৃষ্টিহীন প্রবাসী যখন জানান, প্রতি সপ্তাহে পত্রিকাটি সংগ্রহ করেন এবং স্ত্রী তাকে পাঠ করে শোনান। এসব দেখে, শুনে আমাদের আপ্লুত হই। বুঝি আমাদের দায় কত, সিক্ত হই পাঠকের ভালোবাসায়।
প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ হাতে নিয়ে অনেকেই বলেন, প্রবাসে দেশের অহংকার হিসেবে দেখেন তারা। আমরা আমাদের সমস্ত প্রয়াস দিয়ে এ অহংকার লালন করতে চাই । চাই সব ভুল ভ্রান্তি এড়িয়ে পরিচ্ছন্ন এক মননশীল পত্রিকা পাঠকের হাতে তুলে দিতে। আমরা আমাদের এ অঙ্গীকার পালন করে যাব।
আমাদের সঙ্গে যারা ছিলেন শুরুর দিন থেকে, আজও যারা সঙ্গে আছেন নানাভাবে, তাঁদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা আর শুভেচ্ছা প্রথম আলোর যাত্রাপথের দুই বছর পূর্তির শুভলগ্নে।

ইব্রাহীম চৌধুরী: আবাসিক সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকা