পাঠ্য পুস্তকে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় আয়োজক ও অতিথিরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৪ অক্টোবর ভার্চুয়াল সভা হয়েছে। সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাঠ ও আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে সব স্তরের পাঠ্য পুস্তকে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্তির দাবি জানান।

পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে পাঠ ও আলোচনা সভায় নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টা, বোস্টন, ক্যালিফোর্নিয়া ও আলাবামা থেকে নেতৃবৃন্দ অংশ নেন। তাঁরা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের বিভিন্ন অংশ তুলে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে আলোকপাত করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে বঙ্গবন্ধুর ছাত্র জীবন, শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসা, প্রথম জেল খাটা, ১৯৪৮ সালে পাকিস্তান সংবিধান সভায় রাষ্ট্র ভাষা উর্দু করার প্রস্তাবকে প্রত্যাখ্যান ও তার প্রতিবাদ করা, যুক্তফ্রন্ট নির্বাচনে দলের স্বার্থে মন্ত্রিত্ব গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করাসহ বইয়ের বিভিন্ন অংশ পাঠ করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পাঠ করলেই আমরা বুঝতে পারি, জনগণের নেতা হওয়ার যে গুণাবলি দরকার, সেই গুণাবলি বঙ্গবন্ধুর ছাত্রজীবন থেকেই ছিল। ছাত্রজীবন থেকে তিনি অসাম্প্রদায়িক ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করতেন, মানুষের অধিকার নিয়ে চিন্তা করতেন। ছোটবেলা থেকে নিজ বাড়িতেই আনন্দবাজার, বসুমতী, আজাদ, মাসিক মোহাম্মদী ও সওগাত পত্রিকা পড়ে নিজেকে সমৃদ্ধ করতেন।

বক্তারা বলেন, রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু একজন ভালো লেখকও ছিলেন। অসমাপ্ত আত্মজীবনী বইটি তার প্রমাণ। তাঁর স্মৃতিশক্তি কত প্রখর ছিল, তারও একটি ধারণা পাওয়া যায়। দেশের সব শিক্ষামাধ্যম ও সব শ্রেণির পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর জীবন কাহিনি অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে প্রস্তাব করেন বক্তারা।

সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন অধ্যাপক আহমেদ হাসান, যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ, আটলান্টা শাখার আরেফিন চৌধুরী। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোরশেদ আলম, এম এ সালাম ও হাকিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, লেখক ড. আশরাফ আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, ড. দেলোয়ার হোসেন, আটলান্টা শাকা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রুমি কবির ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভূঁইয়া, বোস্টন শাখার আহ্বায়ক সফেদা বসু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী সমাপনী বক্তৃতা ও সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।