পাঠ্যসূচিতে প্রগতিশীল লেখকদের অন্তর্ভুক্তির দাবি

নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার এবং পাঠ্যসূচিতে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের লেখা বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ভাবধারার লেখা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র উদীচী।
২৬ জানুয়ারি বিকেল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সভা থেকে বক্তারা শরিয়ত বয়াতির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং পাঠ্যসূচিতে আবহমান কাল থেকে চলে আসা বিশ্ববরেণ্য প্রগতিশীল বাঙালি কবি-সাহিত্যিকদের লেখা অন্তর্ভুক্তির দাবি জানান।
সভার সূচনা করেন যুক্তরাষ্ট্র উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আজ স্বাধীনতাবিরোধী হেফাজতের সঙ্গে বন্ধুত্ব করে বাঙালি কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস করে চলেছে। মিথ্যা অজুহাতে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করেছে।
অন্য বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার হেফাজত ইসলামি জোটকে খুশি করতে পাঠ্যক্রমে সাম্প্রদায়িক ভাবধারার অনুপ্রবেশ ঘটিয়ে অমুসলিম লেখকদের কবিতাসহ বিভিন্ন লেখা বাদ দিয়েছে।
সভায় বক্তব্য রাখেন উদীচীর সহসভাপতি সুব্রত বিশ্বাস, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুত্তালিব বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, সাংবাদিক তোফাজ্জল লিটন ও শুক্লা চক্রবর্তী।