পাতালরেলে যেভাবে হেনস্তা মুসলিম দম্পতি
নিউইয়র্কের পাতালরেলে চলন্ত ট্রেনে এক মুসলিম দম্পতিকে লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়েছেন লাতিন বংশোদ্ভূত এক তরুণী।
ওই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে গত সপ্তাহে ছড়িয়ে পড়ে। মুসলিম দম্পতিকে রক্ষা করায় ওই তরুণী ব্যাপকভাবে প্রশংসিত হন। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিডিওটিতে দেখা গেছে, ট্রেনে মধ্যবয়সী এক নারী এক মুসলিম দম্পতিকে প্রশ্ন করছেন ‘তোমরা এখানে কেন? তোমরা যদি আমাদের সঙ্গেই না থাকো তবে এ দেশে কেন?’ এ সময় অন্য যাত্রীরা ঘটনাটি দেখছিল।
মুসলিম দম্পতিকে আক্রমণ করার সময় মধ্যবয়সী ওই নারীকে উদ্দেশ করে আরেক নারীকে বলতে শোনা গেল, ‘থামুন’। এ সময় মধ্যবয়সী ওই নারীর ক্ষোভ গিয়ে পড়ল ওই যাত্রীর ওপর। তিনি ওই যাত্রীর মুখের কাছে আঙুল তুলে বলেন, ‘না, আপনি বুঝতে পারছেন না। এমনকি আপনিও এখানকার নন।’ তখন ওই যাত্রী বলেন, ‘আমি এই আমেরিকাতে জন্মেছি।’
একপর্যায়ে এই বাগ্বিতণ্ডায় লাতিন বংশোদ্ভূত এক তরুণী হস্তক্ষেপ করেন। তিনি মধ্যবয়সী নারীকে প্রশ্ন করেন তাঁর নাগরিকত্ব কী এবং তিনি কোথা থেকে এসেছেন। ওই নারী বলেন, তিনি পুয়ের্তো রিকো থেকে এসেছেন। এ সময় ওই লাতিন তরুণী বলেন, তিনি চীনের নাগরিক এবং পেরু থেকে এসেছেন। ওই তরুণী মধ্যবয়সী নারী দম্পতির প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন।
এই বাগ্বিতণ্ডার একপর্যায়ে মধ্যবয়সী ওই নারী তরুণীকে তাঁর নিজের কাজ করতে বলেন। তখন ওই তরুণী বলেন, ‘আমি আপনাকে চুপ থাকতে বলছি না। আমি আপনাকে বলেছি, দয়া করে ওই ওই নারীর প্রতি সম্মান দেখান। স্প্যানিশ, ইংলিশ, ফরাসি...আপনি আমাকে যে ভাষাতেই কথা বলতে বলুন না কেন, আমি আপনাকে বলতে চাই, আপনি এখানকার বা পুয়ের্তো রিকো বা যেখান থেকেই আসুন না কেন, আমি এখানে জন্মেছি, আপনি ওই নারীর সঙ্গে যেভাবে আচরণ করছেন, তা আমি পছন্দ করছি না।’