পানি সরবরাহব্যবস্থা পর্যালোচনায় আরও সময় চায় নিউইয়র্ক সিটি
ক্যাটস্কিল পার্বত্যাঞ্চলে নিউইয়র্ক সিটির জলাধারের (রিজার্ভার) বিষয়ে পাঁচ বছর পরপর পর্যালোচনা প্রতিবেদন দেওয়ার কথা শহর কর্তৃপক্ষের। এ হিসাবে আগামী ৫ সেপ্টেম্বর এই প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু এ সময় বাড়াতে চাইছে নিউইয়র্ক সিটি। শহর কর্তৃপক্ষের এই দাবির প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন রিভারকিপার। নিউইয়র্ক সিটির বাসিন্দাদের প্রতিও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিভারকিপারের আইনজীবী মাইকেল ডুলং নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘শহর কর্তৃপক্ষ নিয়মিত বিরতির এই পর্যবেক্ষণ এড়াতে চাইছে। তাদের আবেদন গৃহীত হলে পাঁচ বছরের বদলে ১০ বছর পরপর পানি সরবরাহব্যবস্থা ও জলাধার পর্যবেক্ষণ করা হবে, যা নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলবে।’
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ক্যাটস্কিল জলাধার থেকে আসা পানিকে বিশুদ্ধ বলে দাবি করে। এই পানি পরিশোধনের প্রয়োজন নেই বলে তারা দাবি করে আসছে। এই পরিপ্রেক্ষিতে পরিশোধন ছাড়াই ক্যাটস্কিল থেকে পানি সরবরাহের অনুমতি দেয় স্বাস্থ্য বিভাগ। তবে একই সঙ্গে নিয়মিত বিরতিতে পুরো সরবরাহব্যবস্থা পর্যালোচনার বাধ্যবাধকতা আরোপ করা হয়। কিন্তু শহর কর্তৃপক্ষ সম্প্রতি এই পর্যালোচনার সময়সীমা বাড়ানোর আবেদন করেছে।
মূলত পরিশোধনাগার স্থাপনে অবকাঠামো ব্যয় এড়াতেই শহর কর্তৃপক্ষ এমন অবস্থান নিয়েছে। এক হিসাবে দেখা গেছে, ক্যাটস্কিল জলাধার থেকে আসা পানি পরিশোধনের জন্য অবকাঠামো নির্মাণে এককালীন ১২ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। আর পরিশোধনাগারটি পরিচালনে বার্ষিক ব্যয় হবে ৩৫০ মিলিয়ন ডলার।
মাইকেল ডুলং বলেন, ‘১৯৯৭ সালে পরিশোধন ছাড়াই পানি সরবরাহের সাময়িক অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। কিন্তু তা ছিল পাঁচ বছরের জন্য। পরে এই অনুমোদনের মেয়াদ বাড়িয়ে করা হয় ১০ বছর। তবে সঙ্গে পাঁচ বছর অন্তর পুরো ব্যবস্থা পর্যালোচনার বাধ্যবাধকতা আরোপ করা হয়।’
মাইকেল ডুলং বলেন, ‘পাঁচ বছর পর পর্যালোচনায় বেশ কিছু বিষয় উঠে আসে, যার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। এটা স্বীকৃত যে পাঁচ বছর অন্তর এমন অনেক ক্ষেত্রই রয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় যার পরিবর্তন, সংস্কার ও হালনাগাদ করা জরুরি হয়ে পড়ে। ফলে এই অনুমোদনের বিপরীতে যেকোনো অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় সম্মত হওয়া শহর কর্তৃপক্ষের বিচক্ষণতারই পরিচায়ক।’
স্বাস্থ্য বিভাগের অনুমোদনের সাপেক্ষে পরিশোধন ছাড়াই পানি সরবরাহের অনুমতি পেলেও এ বিষয়ে তদারকির দায়িত্ব পরিবেশ সুরক্ষা বিভাগের। এ বিষয়ে মাইকেল ডুলং বলেন, ‘নিউইয়র্ক সিটির পরিবেশ সুরক্ষা বিভাগ অনুমোদন দিলেই শুধু পানি সরবরাহব্যবস্থা পর্যালোচনার সময়সীমা বাড়াতে পারে। কারণ, এই পুরো সরবরাহব্যবস্থার বিষয়টি তাদের অধীন।’
রয়েছে অন্য সংকটও। ২০১০-১১ ও ২০১১-১২ সালের অক্টোবর থেকে ফেব্রুয়ারি সময়ে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ মোট ৬০০ মিলিয়ন গ্যালন পানি সরবরাহ করে, যার মধ্যে ছিল ভারী অপদ্রব্য। মূলত আশোকান রিজার্ভারের সঙ্গে একটি সংযোগ স্থাপনের মাধ্যমে রিজার্ভারের পানি থেকে অপদ্রব্য অপসারণ করে তা লোয়ার ইসোপাস ক্রিকে ফেলা হয়। ব্যয় সংকোচনের অংশ হিসেবে অনুসৃত এই পদ্ধতিতে পানীয় জলের মানোন্নয়ন হলেও এতে লোয়ার ইসোপাস ক্রিকের পরিবেশ দূষিত হয়। এ জন্য ২০১২ সালের অক্টোবরে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষকে ২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার জরিমানাও করে পরিবেশ বিভাগ। পরিবেশ বিভাগের আওতায় লোয়ার ইসোপাসের পরিবেশ নিয়ে একটি গবেষণায় ব্যয়ের উদ্দেশ্যে এই জরিমানা করা হয়। প্রকল্পিত গবেষণায় আশোকান রিজার্ভার থেকে কর্দমাক্ত পানি লোয়ার ইসোপাসে অবমুক্ত করার ফলে সেখানকার পরিবেশদূষণের মাত্রা নির্ণয়ের বিষয়টিকে মূল বিষয়বস্তু করা হয়। এ অবস্থায় পাঁচ বছর অন্তর নির্ধারিত পর্যালোচনা না করলে এই গবেষণা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পাশাপাশি কিছুদিন আগেই নিউইয়র্ক সিটিতে সরবরাহ করা পানি পানে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। এই পরিপ্রেক্ষিতে নিয়মিত পর্যালোচনা এড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে কখনোই পানি লোয়ার ইসোপাসের পরিবেশে পরিশোধন কার্যক্রমের প্রভাবের সমীক্ষা করা হয়নি। ফলে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই কার্যক্রম পিছিয়ে দেওয়া হলে পুরো বিষয়টি অন্ধকারেই থেকে যাবে।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পায়নি নিউইয়র্ক টাইমস। অন্যদিকে শহর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা নাম প্রকাশ করা যাবে না—এমন শর্তে কথা বলতে সম্মত হন।
এ বিষয়ে ২৫ আগস্ট নিউইয়র্ক সিটির পরিবেশ সুরক্ষা বিভাগের মুখপাত্র অ্যাডাম বশ বলেন, ‘লোয়ার ইসোপাস ক্রিকের সঙ্গে পরিশোধনহীন পানি সরবরাহের বিষয়টি প্রযোজ্য নয়। আর ক্যাটস্কিল নিয়ে রিভাকিপারের বক্তব্যের বিষয়ে আমি কিছু বলতে চাই না। ভূপৃষ্ঠের পানি সরবরাহের ক্ষেত্রে এটি একটি ফেডারেল নীতি। পরিশোধন ছাড়া পানি সরবরাহের বিষয়টি এর সঙ্গে যুক্ত।’
কিন্তু এ বিষয়ে মাইকেল ডুলং নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘কোনো আইন লঙ্ঘন করতে পারে—এমন কোনো কিছুকে অনুমোদন দেওয়ার এখতিয়ার এমনকি কোনো ফেডারেল সংস্থারও নেই। একটি শহরকে ধ্বংস করে দিতে পারে—এমন কিছুকে অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই স্বাস্থ্য বিভাগের।’
এ বিষয়ে ইপিএ ও অঙ্গরাজ্যের নীতিপ্রণেতারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি পর্যালোচনা করে এ ক্ষেত্রে করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে তারা।