পাবলিক চার্জ নাগরিকত্ব পেতে বাধা নয়

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। আমেরিকায় অবস্থানরত বাংলাভাষাভাষী প্রত্যেকে ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে কোনো না কোনো ঝামেলায় পড়ে থাকেন। অনেকে সঠিকভাবে অনেক কিছু জানতে পারেন না বলে নানা অসুবিধায় পড়েন এমনকি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তও হন। তাই ঘরে বসে সরাসরি প্রচারিত ‘ল অ্যান্ড ইমিগ্রেশন’ অনুষ্ঠানটি দেখে কিংবা অনুষ্ঠানটি নিয়ে আমাদের এই আয়োজনের মাধ্যমে পাঠকেরা ইমিগ্রেশন বিষয়ক অনেক অজানা বিষয় জানাতে পারবেন। আধা ঘণ্টার সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোন ও ফেসবুক পেজে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন আমেরিকায় বসবাসরত অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোনো আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়।
সর্বশেষ অনুষ্ঠানের প্রধান আলোচনা ছিল করোনাভাইরাসে আমেরিকায় ইমিগ্রেশন বা অভিবাসনের কাজ মন্থর হওয়ার বিষয়টি। এর ওপর কিছু আলোচনা করেন অনুষ্ঠানের নিয়মিত অতিথি অ্যাটর্নি নাজমুল আলম, সঙ্গে ছিলেন চিকিৎসক বর্ণালী হাসান। ইমিগ্রেশনের ব্যাপারে নাজমুল আলম, ইমিগ্রেশনের ওপর করোনার যে প্রভাব পড়েছে, তার একটি উদাহরণ হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু দেশ যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের লোকের এ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ। অবশ্য করোনাভাইরাসের বিষয়টি নিয়ে কিছুটা অতিরঞ্জিত কথা হচ্ছে।
করোনাভাইরাস কীভাবে ছড়ায়, এর লক্ষণ ও এ থেকে বাঁচার উপায় নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন ডা. বর্ণালী হাসান। ইমিগ্রেশনের মূলপর্বে অনুষ্ঠানের শুরুতে টেলিফোনে একজন শ্রোতা প্রশ্ন করেন, তিনি ইউএস সিটিজেন, তাঁর স্ত্রীর আই থার্টি পেন্ডিং অবস্থায় আছে। তিনি কি তাঁর স্ত্রীর জন্য টুরিস্ট ভিসার অ্যাপ্লাই করতে পারবেন?
জবাবে নাজমুল বলেন, করতে পারবেন। তবে তিনি যেহেতু ইউএস সিটিজেন সেহেতু তিনি একটু অপেক্ষা করলে তার স্ত্রীর ভিসা ছয়-সাত মাসের মধ্যে হয়ে যাবে। যদি করোনা ভাইরাসের জন্য আটকা না পড়ে। কিন্তু এ অবস্থায় টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে হয়তো তার ভিসা বাতিল করে দিতে পারে।
মোহাম্মদ জানতে চান, তিনি ইউএস সিটিজেন, তাঁর মায়ের জন্য সাত মাস হয়েছে অ্যাপ্লাই করেছেন, আর কত দিন লাগবে আপ্রুভ হতে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, আরও দুই মাস লাগবে, যদি করোনার জন্য দেরি না হয়। মোট সময় লাগে নয় মাস। তাই সাত মাস হলে আর দুই মাস লাগবে।
টেলিফোনে আরেকজন দর্শক জানতে চান, তিনি অ্যাসাইলাম ক্যাটাগরিতে পরিবারসহ আছেন, তার মা ভিজিট ভিসায় এখানে এসেছিলেন, এখন তিনি বাংলাদেশে ফিরে গেছেন। এখন কি তিনি আবার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন?
উত্তরে নাজমুল বলেন, যেহেতু তিনি চলে গেছেন, তাই তিনি অবশ্যই আবার অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখন করোনাভাইরাসের জন্য একটু অপেক্ষা করে কিছুদিন পর অ্যাপ্লাই করার পরামর্শ দেন তিনি।
ফেসবুকে মহন ধর নামে একজন জানতে চান, এফ-২ ক্যাটাগরিতে মেইন অ্যাপ্লিক্যান্টের ছেলেমেয়েরা সরকারি চাকরি করলে কি ভিসা পেতে কোন অসুবিধা হবে?
জবাবে অ্যাটর্নি জানান, ভিসা পেতে কোন অসুবিধা হবে না, তবে ওরা ক্লিয়ারেন্স চাইতে পারে। যেহেতু বাংলাদেশ সরকারের চাকরি করেন, যা তাদের বেলায় ফরেন ট্রাভেলে কিছু বিধিনিষেধ থাকে, সেজন্য তারা এই ক্লিয়ারেন্স চাইতে পারে। তাই ঠিকমতো সব এভিডেন্স জমা দিতে পারলে ভিসা পেতে কোনো অসুবিধা হবে না।

টেলিফোনে একজন দর্শক প্রশ্ন করেন, তিনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন জানুয়ারিতে। প্রায় দুই মাস হয়েছে এখনো কোন অ্যাকসেপটেন্স লেটার বা রিজেক্ট লেটার পাননি। আর কত দিন অপেক্ষা করতে হবে বা এ ব্যাপারে তিনি কি করতে পারেন?
জবাবে নাজমুল আলম বলেন, তিনি আরও কয়েকদিন অপেক্ষা করে যদি কোন লেটার না আসে, তাহলে কোন অ্যাটর্নির পরামর্শ নিয়ে এপ্রিল মাসে যেন সরাসরি যোগাযোগ করেন। তবে সব ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করার এবং সঙ্গে রাখারও পরামর্শ দেন তিনি।
টেলিফোনে ব্রুকলিন থেকে রুহি জানতে চান, তিনি তার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সব কাগজপত্র অ্যাকসেপটেন্স দেখিয়ে এক সপ্তাহ আগে ইমেইল পাঠিয়েছে, এখন তার করণীয় কি?
জবাবে নাজমুল আলম জানান, এখন শুধু অপেক্ষা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তারা কি করছে? সবকিছু ঠিক আছে বলেও তিনি জানান।
টেলিফোনে একজন দর্শক জানতে চান, তার গ্রিনকার্ড হোল্ডার বোন তার স্বামীর জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপ্রুভ হয়েছে, এখন তার সাপোর্টও জমা দিয়েছেন।
জবাবে নাজমুল বলেন, সাপোর্টটি যদি ২৪ ফেব্রুয়ারির আগে দিয়ে থাকেন, তাহলে এটি কোন পাবলিক চার্জের মধ্যে পড়বে না। তাই তাদের কোন চিন্তার কারণ নেই।
টেলিফোনে জুনেদ জ্যামাইকা থেকে জানতে চান, তিনি তাঁর ভাইয়ের জন্য ২০১৩ সালে অ্যাপ্লাই করেছেন। তার মা ২০১৬ এখানে এসেছেন, তিনি গ্রিনকার্ডধারী। এখন কি তার মাকে দিয়ে তার ভাইয়ের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবেন?
জবাবে নাজমুল আলম বলেন, করতে পারবেন। কারণ ভাই–বোনের অ্যাপ্লিকেশনে অনেক সময় লাগবে। কিন্তু মা অ্যাপ্লাই করলে তার ভাই একটু আগে আসতে পারবে। শুধু তাকে অবিবাহিত থাকতে হবে। তবে দুটিই একসঙ্গে রাখলে ভালো, যেটার জন্য আগে ডাকবে সেটাতে সে আসতে পারবে। ভাইয়ের অ্যাপ্লিকেশনে ভাইবোন বিবাহিত হলে তারা তাদের স্ত্রী-স্বামী ও বাচ্চাদের নিয়ে আসতে পারবেন।
টেলিফোনে পেনসিলভানিয়া থেকে একজন দর্শক জানতে চান, তাঁর বাবা এখানকার সিটিজেন। তার বাবা তাঁর ভাইয়ের অ্যাপ্লাই করেছেন ২০০৮ সালের আগস্টে। এখন প্রক্রিয়ায় আর কত দিন লাগবে?
জবাবে নাজমুল আলম বলেন, ২০০৭ সালের কাজ এখন চলছে, তাই আর এক বছরের মতো লাগবে। তাই সব প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করে রাখতে বলেন।
ফেসবুকে রোখসানা আক্তার জানতে চান, তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন। তিনি মেডিকেইড পাচ্ছেন, এটা কি নাগরিকত্ব পেতে অসুবিধা হবে? যদি তিনি ইন্টারভিউয়ে ফেল করেন, তাহলে কি তিনি গ্রিনকার্ড নবায়ন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন?
জবাবে নাজমুল জানান, অবশ্যই পারবেন। ইমার্জেন্সি মেডিকেইড পাবলিক চার্জে পড়ে না। এ ছাড়া তাঁকে একজন অ্যাটর্নির মাধ্যমে কাজ করার পরামর্শ দেন নাজমুল।
নিউজার্সির প্যাটারসন থেকে টেলিফোনে জানতে চান, তার গ্রিনকার্ডধারী বড় ভাই তার স্ত্রীর জন্য অ্যাপ্লাই করেছেন। প্রায়োরিটি তারিখ হচ্ছে ২০১৭ সালের সেপ্টেম্বর এবং তিনি সব ডকুমেন্ট সাবমিট করেছেন। অ্যাম্বাসি থেকে গত ১ নভেম্বর জানিয়েছে কেসটির প্রসেসিং শেষের দিকে, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে। কিন্তু চার মাস হয়ে গেল এখনো কোন কল করেনি। এখন কি করতে হবে?
জবাবে নাজমুল বলেন, ইমিগ্রেশন সিস্টেম আপডেট ও করোনার প্রাদুর্ভাবের কারণে এখন ইমিগ্রেশনের সব ধরনের কাজ একটু ধীর গতিতে চলছে। তাই ওরা যদি রিজেক্ট করেছে বলে কোন চিঠি না দিয়ে থাকে, তাহলে একটু দেরি হলেও কাজ হবে। আরও দুই মাস পরে যদি কোন রেসপন্স না পান, তাহলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
নিউইয়র্কের জ্যামাইকা থেকে সাবিনা আক্তার জানতে চান, তাঁর ভাই আরেক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল ২০১৫ সালে। ওই ভাই তার একটা মেয়ে নিয়ে চলে আসছে। কিন্তু তাঁর ভাবি ও একটা বাচ্চা আসেনি। ২০১৮ সালে আবার তার ভাবিকে ইন্টারভিউয়ের জন্য কল করে এবং ইন্টারভিউ নিয়ে তার পাসপোর্ট নিয়ে রেখেছে, এখনো কিছু জানায়নি। এখন কি করতে হবে?
জবাবে নাজমুল বলেন, অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করতে বলেন। গত টার্মের এক বছর পরে ভিসার ডেট এক্সপায়ার হয়ে যায়। তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
>ভিসা সম্পর্কিত বার্তা
পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল তারিখ সমূহের কাজ চলছে?
মাস : মার্চ ২০২০
F1 : ০৮ অক্টোবর ২০১৩: (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : চলতি: [এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য (দেশভিত্তিক কোটা সাপেক্ষে)]
FX : ০১ ফেব্রুয়ারি ২০২০: (F2A কেইসেস যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ১৫ সেপ্টেম্বর ২০১৪: [এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য (২১ বছর বা উপরে)]
F3 : ২২ ডিসেম্বর ২০০৭: (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ০১ জুলাই ২০০৬: (প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য) এমপ্লয়মেন্ট ভিসা
E3 : ০১ জানুয়ারি ২০১৭: (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
EW : ০১ জানুয়ারি ২০১৭: (অদক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)